
রক্তলাল থাক্ হৃদয়ের তাকে।
ওখানেই তো মন।
মস্তিষ্কের দরজা তোমার জন্য নয়।
হৃদয় দরজা হাট।
চুঁইয়ে নামা রোদ্দুরের মত
প্রতিনিয়ত তোমার অবাধ যাতায়াত।
মাথা শুধুই শরীরের অঙ্গ
অ্যাকাউন্টেন্সির জাবদা খাতা,
পরতে পরতে লাভ লোকসান,
হিসেবের গরমিলে মুখ গোমড়া।
বীজগণিত, পাটীগণিত অনেক কষেছি
তুমি তার সব শেষের সীমানা।
তোমার জন্যও আঁক কষি,
তবে তা স্বপ্নে,
লালখাতার আঁকিবুকি নয়,
মনের ক্যানভাসে তেলরঙে।
প্রতিটি অনুভব মনের মেমোরিতে
তুলে রাখি যত্নে।
যখন শূন্য হবে শরীর,
মনও আকাশ ছোঁবে,
সমুদ্রের ঢেউএর মত
আমিও আমাতে যাব মিশে,
তখনও তোমারই প্রগাঢ় উপস্থিতি
আমার আত্মায় রাতজাগে ঘুমহীন চোখে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



