
মন বলেছে
মন বলেছে, আজ সে আবার খুকী হবে,
অবোধ শিশু হাসে যেমন প্রিয় কিছু পেলে।
তোমাকে দেখে বুকের মধ্যে যেমন হত ধুকপুকানি
সেই উনিশ বছর আগে, ঠিক তেমনি।
তুমি আসবে শুনেই তার পাগলামিটা বেড়েছে হাজার গুণ
খুব ভাল জানে, তুমি তার জন্য আসছোনা।
বৌ-ছেলে বগলদাবা, দীর্ঘ প্রবাসজীবনের ক্লান্তি কাটাতে ঘরে ফেরা
আত্মীয়, পরিজন, বন্ধু, সবার জন্য সময় বরাদ্দ, আছে উপহারও
তুমি এখন কোথাকার কোন পর, কবে কি ছিলে....
সেসবকে কি আর পাত্তা দিলে চলে?
এমনি ভাবনা নিয়েই গেলাম তোমায় দেখতে,
মনের জোড়াজুড়িতে বাধ্য হয়ে অনেক দ্বিধা বুকে নিয়ে ।
ও খোদা! তুমি তো তেমনি আছ, যেমন ছিলে, একেবারে আমারি মত!!
বুকের মধ্যে সেই একই রকম উষ্ণতা,
ঠোঁটের স্পর্শে একইরকম উন্মাদনা।
প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা ভাব ছিল বটে,
তারপর সমুদ্রে বান ডেকেছে
ভালবাসা উপচে গেছে একূল ওকূল।
কেউ জানেনি, জানবেওনা, ভালবাসা মরবেওনা
ভালবাসা হাওয়ার মত, কার সাধ্যি ঠেকায় তাকে?
নাহলে উনিশ বছর! কম তো নয়।
স্থান, কাল, পাত্রের খেঁতা পুড়ি!
পাপ করেছি? হবে হয়তো।
ভাল না বেসেও রোজ মিথ্যে ভালবাসার অভিনয় করে ঠকানো,
কিংবা যারা সেদিন বুকের খাঁচা থেকে
বের করে নিয়েছিল আমাদের হৃৎপিণ্ড, ভালবাসা
তার চেয়ে বেশী পাপ হয়েছে কি?
তোমরা যাই বল, মন বলেছে - ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
আলপনা তালুকদার
৮ই মে, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



