
আগাছা কিংবা পরগাছা
আমার অপরিহার্য নিঃস্বাসে বা ভুল বিশ্বাসে শুধু তোমারই বসবাস
মিথ্যে আশা কিংবা নিখাদ ভালবাসায়ও তুমি ছাড়া কিছু নেই।
তোমাকে পাবার অপার সুখ,
আর তোমাকে হারাবার সীমাহীন দুঃখের সমার্থক তুমি।
জীবন বিনাশী ভুল, ভোরের ভেজা চুল, সেখানেও তুমিই রাজা।
স্বপ্নের আবাসে আজও তোমারই একচ্ছত্র বিচরণ
অথচ তুমি-আমি কোথাও নেই।
রোজ সকাল, দুপুর কিংবা বিকেলরা থাকে মনমরা হয়ে
গোধূলির সিঁদুরের বং গায়ে মেখে আজও রোজ
পাখিরাও ঠিকই খুঁজে নেয় তার নিজস্ব আবাস
আমিই শুধু আজীবন নিজগৃহে পরবাসী।
ঠিক যেন তোমারি মত।
এতটা দিন গেল, সাদা চুলে বিকেলের রং পড়ল
অথচ আমরা আজো আর কারো হতে পারিনি।
যেমন ছিলাম তুমি বিনা একা, অসম্পূর্ণ,
আজো ঠিক তেমনি আছি।
তোমার অবিচ্ছেদ্য ও একমাত্র পরিপূরক হয়ে,
পুরোপুরি নির্ভরশীল শুধুই তোমাতে,
আগাছা কিংবা পরগাছা হয়ে,
অবিকল তোমারি মত।
আলপনা তালুকদার
৩১ মার্চ, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



