
তোমার ফেরা
রাতের শিশিরের উপরে যখন ভোরের রোদ খেলা করে,
চাঁদের আলোর সাথে যখন হিজল গাছের কচি পাতা ভাব জমায়,
মাঠভরা ফসলের ডগায় ঢেউ তুলে যখন পাগলা বাতাস ছুটে চলে,
অথবা মহুয়ার মাতাল গন্ধ গায়ে মেখে যখন কোন কিশোর রাখাল
তার বাঁশীতে বাজায় কোন পল্লীগানের মনকাড়া সুর,
আমি উদাস হই, আমি চেয়ে থাকি নিষ্পলক।
বৈশাখী ঝড় যখন উড়িয়ে নেয় কোন গ্রাম্য কাজল মেয়ের চুল,
হাঁসেরা খেলা করে বিলের জল আর শাপলার সাথে,
যখন আনমনা মাঝির গলায় উঠে আসে চেনা কোন ভাটিয়ালী সুর,
আধো আধো বোলে কোন উদাম শিশু মাকে বোঝায় তার মনের কথা,
আমি স্বপ্ন দেখি, আমি আপ্লুত হই।
উঠানে সদ্য ওঠা নতুন ফসলের ছড়াছড়ি দেখে যখন হাসে কৃষাণীর মুখ,
অথবা ঘামের বিনিময়ে পাওয়া শ্রমিকের তৃপ্তির হাসি,
ঐ মধ্যগগণে উড়ে চলা ঘুড়ির লাটাই হাতে ছুটে চলে কোন কিশোর বালক,
দীঘির পাড়ে পান খাওয়া ঠোঁটে ফোকলা দাঁতে গল্প শোনায় দাদিমা,
সবকিছুতেই আমি তোমাকে দেখি, সবকিছুতেই তুমি মিলেমিশে একাকার।
মনে হয়, এ মাটির প্রতিটি ধূলিকণায় তোমার বসবাস।
দিনের শেষে ক্লান্ত পথিক যখন ঘরে ফেরে মেঠো কোন পথ ধরে,
হাটের সদাই নিয়ে গল্পে মশগুল হয়ে যখন দ্রুত পায়ে ধেয়ে আসে হাটুরে,
গরুর পাল ধুলো উড়িয়ে বৌ লগনে ফিরে আসে চেনা পথ ধরে,
নিকোনো উঠোণে ঘোমটা দেয়া কোন নতুন বৌ করে রাতের রান্নার আয়োজন,
সারা আকাশ দাপাদাপি করে সন্ধ্যা হলেই পাখিরাও ঠিকই ঘরে ফেরে।
তুমি ফিরবে কবে? তোমাকে একপলক দেখার আশায় আর কত অপেক্ষা?
তুমি ছাড়া আজকাল আর কোন কিছু চোখে পড়েনা আমার।
এতে আমার কি দোষ বল? আমি যে তীর্থের কাক!
বলনা সত্যি করে, কবে ফিরবে তুমি?
ফিরবে তো?
তোমার ফেরার জন্য আমার অনন্তের অপেক্ষা।.....
ছবি: আমার মেয়ের আঁকা।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



