যখন তোমায় দেখি
ষোড়শ বর্ষের কিশোর করে ভর আমার উপর
ঢোল কলমির ফুলের মত কম্পমান ঠোঁটের
প্রেমে পড়ে যাই।
সমুদ্রের উদ্দাম ঢেউয়ের মত কেশদাম
আছড়ে পড়ে তোমার মুখের উপর।
কী যে এক দৃষ্টি যেন গহীন অরণ্যের হাতছানী !
কিশোর চেতনা বেয়ে ঢুকে যায় মাথার ভেতর।
পামির মালভূমি অতিক্রম করে যেতে চায়
কিশোর বাসনারা আমার।
যখন তোমায় দেখি
আবার প্রেম করে ভর
হৃৎপিণ্ড ছোটে যেন লাগামহীন পাগলা ঘোড়া
কৈশোর উচ্ছ্বাসে।
যখন তোমায় দেখি
আবার প্রেম এসে পড়ে,
বরষার নতুন পানিতে যেন ডেকে ওঠে
ডোবার ব্যাঙেরা।
মাথার চুলগুলো মুছে নিতে চায়
ধুষরতা তার ব্যর্থ চেষ্টায়।
বয়সের কাটাতারের প্রাচীর হয়ে পার
ভেঙে দিতে চায় সব সামাজিক বিধি ও বিধান।
যখন তোমায় দেখি
অদৃশ্য হয়ে যায় তোমার চারিপাশের
দৃশ্যমান সব দৃশ্যপট।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




