ছিন্ন একটি ফুল ছিলো আমার হাতে,
ক্ষত-বিক্ষত বোটা থেকে ফুলের রস পড়ছিলো গড়িয়ে,
তাতে শুধু সুগন্ধ আর সুগন্ধ।
কোন বাগানে তার জন্ম জানি না,
কোন নরকে তার ধ্বংস জানি না,
মহাকালের অগণিত ঘটনার মধ্যে সেই ফুলের রসে জর্জরিত
অার আঘাতে ক্ষত-বিক্ষত নিষ্ঠুর সুগন্ধই আমার স্মৃতি।
মৃত্যুর জন্যই জীবন,
ছোট্ট একটি জীবন,
তবুও এক জীবনে এতো মৃত্যু আর সইতে পারি না!
ফুলটির নাম জানি না,
কংক্রীটের যন্ত্রবাসী আমার তাতে কোনো লজ্জ্বা নেই।
কারণ, দুর্গন্ধে জন্মেছি বলে সুগন্ধি ফুলকে আমি এখনো ভালোবাসি,
ফুলের সুগন্ধে এখনো আমি আকুল হই।
কিন্তু কী দরকার ছিলো মৃত্যুকালের সুগন্ধ দিয়ে আমাকে মুগ্ধ করার?
কী দরকার ছিলো এক মূহুর্তের জন্য আমার তৃষিত মরুভূমিতে বৃষ্টির নির্যাস ঝড়াবার?
আমি তো শুষ্ক পৃথিবীকেই মেনে নিয়েছিলাম,
এখন সারা পৃথিবীর সব শুষ্কতা সাগরের নোনা জলে ডুবে মরছে দেখে আমি কী করে ফুলকে ভুলে থাকি!
ও ফুল যে অামার নোনা জলকে মিঠা করে দিতো!
ও ফুল যে আমার তৃষিত মরুভূমিতে বৃষ্টির নির্যাস ঝড়াতো!
ও ফুলের যে আজ মৃত্যু হয়েছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



