দেহের অন্তর্গত যে রক্ত প্রবাহ আমাকে নিরন্তর বাঁচিয়ে রাখে,
তাকে ছুঁতে পাইনা, অথচ তার খেলা উপভোগ করতে হয়;
আমার সেই অসভ্য রক্তবীজ, অশ্লীল আদিমতা
নিউরনে বার্তা পাঠায় প্রতিনিয়ত, দেয় ডাকঃ
‘‘হে ম্লেচ্ছ, হে অন্ত্যজ
পান করো মদিরা আকন্ঠ, কর কোলাহল।
হে নিষাদ, হে কিরাত
ছুঁড়ো তীর, কর শরাহত।
হে মনসা, হে মাতঙ্গি
গাও ধ্বংসের গান, নাচ প্রলয় নৃত্য।
হে অষ্ট্রিক, হে অনার্য
জ্বাল বণ্হি, ধ্বংস হোক আর্যাবর্ত।
হে শুদ্র, হে অসুর
বাজাও বীণ, ভাঙ বাঁধ।
হে ম্লেচ্ছ, হে নিষাদ
হে অনার্য, হে শুদ্র
জাগো জাগো, তোল বল্লম, শোধো পূর্বপুরুষের রক্তঋণ
আর কত এই কীটের জীবন?’’
সাড়া এবার আমাকে দিতেই হবে,
পালাবার আর কোন পথ নেই।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



