আয় হায় !
কয়েকদিন ধরেই এই দুটি শব্দ সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন, জানি না। যাই দেখছি, বলছি, আয় হায় !
দিনকাল কেমন কাটছে? মনে হয় ভালোই। খাই দাই ঘুমাই। মজায়ই আছি। মনকে আচ্ছন্ন করার মত কোন চিন্তা নেই। কে জানে, আজকাল চারপাশে এত কিছু দেখছি যে আগে যেসব নিয়ে অনেক চিন্তা করতাম সেগুলো নিয়েও আজকাল আর চিন্তা করতে ইচ্ছা করে না। মনে হয়, এত চিন্তা করে আর কি হবে, যা হবার তা হবেই। মানুষ মরতে হলে মরবে, বাঁচতে হলে বাঁচবে। চিন্তায় বা কথা বলাতে কিই বা যায় আসে।
আচ্ছা ভালো কি? আর খারাপই বা কি? কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা বিচার করার উপায় কি? আমি আজকাল ঠিক পার্থক্য করতে পারছি না। এমন অনেক কাজ আছে যেগুলো এখন করতে একফোঁটাও বাধে না, অথচ আজ থেকে ২-৩ বছর আগে আমাকে মেরে ফেললেও আমি ওসব কাজ করতাম না। আমি কি খারাপ হয়ে যাচ্ছি নাকি আমার চিন্তার প্রসার ঘটছে? নাকি দুটো আসলে একই? বুঝতে পারছি না।
গোলমালে ব্যাপার। মাথার মধ্যে সবকিছু ভজঘট পাকিয়ে যাচ্ছে। মহা ভজঘট। কি করা যায়? কি করা উচিত? এইসব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। সবসময় এসব ক্ষেত্রে আমি চিন্তা করা বন্ধ করে দেই। যা হবার হোক। কিন্তু আজকাল কেন জানি সেটা পারছি না। ভয়ঙ্কর ব্যাপার।
আমার শান্তি চাই। মাথার মধ্যে এ কথাটা ঘুরপাক খাচ্ছে। এটা মনে হয় মানুষের ইতিহাসের সবচেয়ে সনাতন চিন্তা। সব মানুষ শান্তি চায়। শান্তির জন্যই পৃথিবী আজকের অবস্থায় এসেছে। এত অশান্তি। কথায় বলে, যা চাই তা ভুল করে চাই। আচ্ছা এটা কি শান্তির জন্যও প্রযোজ্য না? তারমানে কি সবাই মিলে অশান্তি কামনা করা উচিত? তাহলে কি পৃথিবী শান্তিময় হয়ে উঠবে?
ছোটবেলায় অঙ্ক করার সময় একটা কথা পড়েছিলাম। "কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে"। এটা কখনও প্রয়োগ করে দেখিনি। এটাতেও কাজ হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


