আজ আবার শিশু হয়ে গেছি রে
মন আবার চায় আজ গাছের শাখায়
দড়ি বেঁধে হাওয়ায় হাওয়ায় দুলিতে
পান কৌড়ীর মত গভীর জলে ঝাঁপিয়ে পড়িতে।
দল বেঁধে সরকারের চর বিলে ডিঙ্গি নৌকায়
শুভ্র শাপলা তুলিতে।
আজ আবার শিশু হয়ে গেছি রে।
মন আবার চায় আজ গ্রীষ্মের দুপুরে
বাড়ীর পিছনে শান বাঁধানো পুকুরে
অবাধে সাঁতার কাটিতে
মায়ের চোখে ধুলো মেখে
কালবৌশাখীর উদ্দাম হাওয়ায়
দল বেঁধে আম কুড়াতে।
আজ আবার শিশু হয়ে গেছি রে।
আজ আবার চায় মন বাহিরে বরষণ,
শেয়ালের ছোটাছুটি কাননে পুষ্প লুটি
বাতায়ন ফাঁক দিয়ে দেখিতে---
খোলা মাঠে ভরা জল করে শুধু টলমল
দোলায়িত ধান ক্ষেতে সূক্ষ্ম চেলা পথে
ডিঙ্গি নৌকা বাহিতে।
আজ আবার শিশু হয়ে গেছি রে।
অতীত না মুছিতে পারি তাই তো দিতে হয় পাড়ি
ছোট শিশুর ভাঙ্গা বোল অভিমানে যত রোল
আশ্রয় মায়ের কোলেতে,
তাই মন চায় আজ ত্যাগিয়া সকল তাজ
ছোট সেই খোকা হয়ে অকারণ আবদার লয়ে
লুকাই মুখ মায়ের আঁচলে।
আজ আবার শিশু হয়ে গেছি রে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






