হে বঙ্গ মাঝি শোন ভাই আজি
মিনতি করি তোমায়,
বিজয় পানে চেয়ে দিন যায় বয়ে
তরী ছাড়ার এইতো সময়।
ঘাটে বাঁধা নাও ফের কোথা যাও?
গাঙে যে এল জোয়ার,
মজবুত করি হাল খানি ধরি
তরি তোমার ভাসাও এবার।
কত মাঝি এল না’য়ের দায় নিল
ডুবাল নাও মাঝ দরিয়ায়!
হে নবীন মাঝি জান রেখে বাজি
আনিতে কি পারিবে বিজয়?
উত্তাল তরঙ্গ, যাত্রা তব ভঙ্গ?
পদে পদে বাঁধা?
পেয়ো না’ক ভয় আসিবে বিজয়
ভুলে যাও শোক, কাঁদা।
তোমার বক্ষ করো হে শক্ত
মনে রাখ বল,
মাঝি মাল্লা সব করে উৎসব
ঐ দেখ পূর্ব গগন লাল!
যত বাঁধা আছে সব ফেলে পাছে
তরী তব পৌঁছিবে তীরে,
কাঁধে মিলিয়ে কাঁধ পুরিবে স্বপ্ন-সাধ
হারানো গৌরব পাবে ফিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






