শ্রদ্ধেয় রাজনীতিবিদগণ,
আমি একজন জেএসসি পরীক্ষার্থী। পরশুদিন আমার জীবনের একটি বড় অধ্যায়--জেএসসি পরীক্ষা-- শুরু হবে, অথবা শুরু হওয়ার কথা। আমার এসময়ে পাঠ্যপুস্তকের পেছনে সময় ব্যয় করার কথা, মন দিয়ে পড়াশোনা করার কথা যাতে আমি পরীক্ষায় ভাল ফল করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম পর্যায়ে পার হতে পারি। কিন্তু আপনাদের দয়ায় তা সম্ভব হচ্ছে না। কেননা আপনারা নিজের ক্ষমতা রক্ষার যুদ্ধে এত ব্যস্ত যে আমার মত লক্ষ লক্ষ ছেলেমেয়ের দিকে তাকানোর সময় আপনাদের নেই। বিরোধীদল হরতাল দিচ্ছে, সরকার আমাদের কথা বলে তা প্রত্যাহার করতে বলছে। বিরোধীদল ক্ষমতায় আসলে যে ঠিক এর বিপরীত দৃশ্য চোখে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
আসলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কোনও মাথা ব্যথাই নেই। আপনাদের ছেলেমেয়েরা তো আর দেশে পিএসসি, জেএসসি, এইচএসসি বা এসএসসি পরীক্ষা দেয় না। এ বছর এইচএসসি পরীক্ষার ফল নিয়ে কারও কোনও মাথা ব্যথা ছিল না। ফল প্রকাশ হওয়া মাত্রই সরকার বিরোধীদলকে দুষতে শুরু করে। অথচ কত শিক্ষার্থী খারাপ ফলাফলের জন্য পছন্দের প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার সুযোগটাও পেল না, তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি।
জেএসসি-এর ফল নিয়েও তা-ই হবে। ভবিষ্যতে চাকরির ইন্টারভিউ-এ বা ভর্তিপরীক্ষায় কেউ জিজ্ঞেস করবে না যে ফলাফল খারাপ কেন হয়েছে। আপনাদের রাজনৈতিক যুদ্ধের বলি হব আমরা। কিন্তু তাতে কি যায় আসে, আমরা তো ভবিষ্যতে ক্ষমতায় যাব না, যাবে আপনাদের সন্তানরা, যারা এই মুহূর্তে দেশের বাইরে উন্নত শিক্ষায় শিক্ষিত হচ্ছে।
আজ এটুকুই। আপনাদেরও সামনে এক বিশাল পরিক্ষা--নির্বাচন। আশা করি সবাই তাদের প্রত্যাশিত ফল পাবেন। শুভেচ্ছা রইল।
আপনাদের একান্ত অনানুগত,
জনৈক জেএসসি পরীক্ষার্থী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


