পরীক্ষার রুটিন না দেখে পরীক্ষা দেয়ার মতই মেধাবী ছাত্র আমি আর তাই আমিও আজ বাংলা পরীক্ষার দিন ইংরেজি পরীক্ষা দিতে এসেছি। আমাকে ক্ষমা করবেন আমি সুশীল নামক মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সমাজের কীট হতে পারিনি। আমি যেখানে আমার এই লেখাটা প্রকাশ করছি সেটার নাম আমাদের সকলের খুব আদর করে ডাকা সামু ব্লগ। কিন্তু আজ এসেছি এই আদরের সামু ব্লগের গুষ্টি উদ্ধার করতে। জানা আপু আমাকে ব্যান করে দিন আপনার দোহাই লাগে নতুবা কিছু সময়ের জন্য ক্ষমতা দিন যেন নিজেই নিজের নিকটি ব্যান করে দিতে পারি।
আমি খুব সাধারন একজন মানুষ সামু ব্লগের বাইরে আমাকে লোকজন তেমন কেউ চিনেনা আবার সামুতেও যে আমাকে সবাই চিনে তেমনও না। অতি ক্ষুদ্র এবং সাধারন মানের একজন ব্লগার আমি। তবে এই ব্লগার কথাটি বলতে আপাতত আমার আপত্তি আছে কারন একজন ব্লগার হতে হলে যে সমস্ত গুন থাকা দরকার তার কিছুই আমার ভেতর নাই। আর তার সবচেয়ে বড় প্রমান আমার এই পোষ্ট। হয়ত খুব গরম পরেছে তাই মাঠা পানের তৃষ্ণা লেগেছে আর যেহেতু গরীব পকেটে টাকা নেই তাই পোস্টের হিট বেঁচে যা উপার্জন হবে তাই দিয়ে মাঠা কিনে পান করব এছাড়া আমার আর কিইবা করার আছে।
সামুতে আমরা যারা ক্যাচাল করছি তাঁদের অবস্থা একটু ভেবে দেখা যাক। বিভিন্ন মতাদর্শের ব্লগার থাকবেন এটাই স্বাভাবিক। পোষ্ট রাজনৈতিক কিংবা ধর্মীয় হতে পারে। সেখানে তর্ক বিতর্ক হবে এটাও স্বাভাবিক। এমন পোষ্ট দেয়া কোন অপরাধ নয়। কিন্তু যখনই পরস্পরের প্রতি কাঁদা ছিটিয়ে আমরা একদম বিজ্ঞ গবেষকের মত স্ক্রিন শর্ট দিয়ে পোষ্ট দেই এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেই সেটা নিশ্চয় আর সুস্থ ব্লগিং হিসেবে গন্য হয়না কিংবা আমাদের কুরুচির বহিঃপ্রকাশ ঘটে বোলেই আমি মনে করি। আমাদের যাদের এমন অসুস্থ মানসিকতা রয়েছে তাঁদের বোধ করি আর নিজেদের ব্লগার হিসেবে পরিচয় দেবার কোন যোগ্যতা নেই আমরা ভাল কোন মনোরোগের ডাক্তার দেখাতে পারি।
আবার কতিপয় ব্লগার দেখলাম যাদের বয়স দুই থেকে চার বছর কিংবা একবছর এখনো হয়নি অনেকেই সামুর বদনাম গেয়ে পোষ্ট দিচ্ছেন আবার অনেকে সামুকে টাটা বাই বাই জানিয়ে পোষ্ট দিচ্ছেন । এর মধ্যে অনেকেই আবার ফিরেও আসছেন। তাঁদের বলতে খুব ইচ্ছা করে কেনরে ভাই সামুকি আপনাদের নিক সেফ করে ব্লগিং করতে দিয়ে খুব অপরাধ করে ফেলেছে। আপনি আমি গালাগালি করব সামুতে এসে ময়দান ছেড়ে নোংরা রাজনীতি করব কিন্তু দোষ দিয়ে দিব সামুর উপর এমন মানসিকতা আমরা কোথায় পেলাম। সামুযে সবাইকে ব্লগিং করার সুযোগ দিচ্ছে এটা সামুর উদারতা। আজকে যদি আপনার আমার ঘরে কেউ এসে নোংরামি করে তবে আমরা দেখবেন তাকে কি সুন্দর ঘর থেকে বের করে দেই ঘার ধাক্কা দিয়ে ঘরের পরিবেশ নষ্ট করে দেয়ার জন্য অথচ সামু সেখানে কতটা ধৈর্য নিয়ে আমাদের সহ্য করে যাচ্ছে দিনের পর দিন সেদিকে কারবা দৃষ্টি আছে। যারা চলে যাচ্ছেন কিংবা সামুকে কখনো দলীয় ট্যাগ দিয়ে বিদায় নিচ্ছেন তাঁদের বলি সামুতে ভাল কিছু করার জন্য কে কতটা অবদান রেখেছেন একটু পরিষ্কার করবেন।
আবার অনেক কেই দেখলাম সামুতে ব্লগিং করতে এসে একে অপরের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে পরছেন। আমি বলছিনা প্রেম করা খারাপ আপনি প্রেম করতেই পারেন কিন্তু সেটা ব্লগে তুলে এনে ব্লগের পরিবেশ নষ্ট করবেন আর বলবেন চলে গেলাম টাটা বাই বাই সামু খারাপ আবার অন্য ব্লগে যেয়ে সামুর বদনাম করবেন এই হীনমন্যতা নিয়ে কেন আমরা ব্লগে আসি। এর জন্য রয়েছে নিজের বাসা চলুন না সেখানে যেয়ে বাড়ির পরিবেশ নষ্ট করি।
একটা ছোট গল্প বলি আমি তখন কলেজে পড়ি আমাদের কলেজের সামনে কয়েকটি টং দোকান ছিল সেখানে মুস্তফা মামার একটি দোকান ছিল বাকিতে আমরা কয়েকজন চা আর সিগারেট পান করতাম কিন্তু যখনই মামা পাওনা টাকা চেত মামাকে ঝারি দিতাম মিয়া তোমার মত ফালতু দোকানদার আর দেখিনাই। আমরা প্রতিদিন যা বিল করি তা আর কেউ তোমার দোকানে করে না। কাল থেকে অন্য দোকানে যেয়ে খাব তোমার দোকানে আর আসব না। তারপর শুরু করতাম অন্য দোকানে যেয়ে মুস্তফা মামার নামে বদনাম। আরে হালায় কি চা বানায় মুখে দেয়া যায় না, হালার ব্যাবহার খারাপ আরও কত কি। কিন্তু সেইসব দোকান থেকে যখন দুইদিনের বেশী বাকি খেতে পারতাম না চুপচাপ চলে আসতাম মুস্তফা মামার দোকানে আবার বাকি খেতে কিন্তু মুস্তফা মামা খুব রাগ করে কথা বললেও সুন্দর আবার বাকি দিত আর বলত মামা খান আপনারা বেকার মানুষ যখন একটা কিছু হতে পারবেন জীবনে শুধু এই অধমরে একটু মনে রাখলেই চলব। খুব অবাক হয়ে দেখতাম পাশে যারা মামার দোকানে টাকা দিয়ে কিনে খাচ্ছে অথবা মুস্তফা মামার লক্ষ্মী কাস্টমার তারা কেউ মামার পক্ষ নিয়ে কথা বলত না। নীরবে খেয়ে চলে যেত। মামা আমাদের হাতে চা আর সিগারেট ধরিয়ে দিয়ে বলত আরে মামা আপনাদের মাঝে মাঝে যদি একটু ঝারি না দেই তবে আরও অনেকে এসেই বাকিতে খেতে চাইবে। সত্যি মুস্তফা মামার কোন তুলনা হয়না।
আজ আমাদের সমাজ যেখানে আগে ব্লগার কি সেটাই জানত না সেখানে তারা আমাদের চিনছে হয় ব্লগার মানে আন্দোলন কারী অথবা নাস্তিক হিসেবে। বাহ চমৎকার কোথায় আমরা মানুষকে বোঝাব যে ব্লগার কি তা না করে দলীয় প্রেমে অন্ধ হয়ে নিজেদের যেন আরও বেশী করে ক্যাচালবাজ এবং নাস্তিক হিসেবে প্রমান করতে উঠে পরে লেগেছি একে অপরকে ট্যাগ দিয়ে আরে ভাই যারা একজন মুসলমান হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে অপর মুসলমান ভাইকে শুধু দলীয় স্বার্থে এভাবে ট্যাগ দিচ্ছি নানা রকম করে তখন সেটা সামগ্রিক ভাবে সকলের উপর এসেই বর্তায় কারন আপনি আমি সকলেই ব্লগিং করছি একটি প্লাটফর্মে। তাই আসুন নিজেদের স্বার্থেই সব দলীয় পরিচয় ভুলে আগে ব্লগার হিসেবে সকলেই এক হই । একতাবদ্ধ হওয়া এই মুহূর্তে খুব বেশী প্রয়োজন সকল দলীয় পরিচয়ের বাইরে। চলুন আমরা আমাদের মূল দাবিতে ফিরে যাই, আমরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। কোন নির্দিষ্ট দলের না, সকল দলের যারা চিহ্নিত যুদ্ধাপরাধী আছেন, তাদের সকলের বিচার চাই।
যে মায়ের গর্ভে আমাদের জন্ম সেই মা আমাদের ভুল হলে বকেন কিন্তু আদর করে আবার আঁচলের ছায়ায় আশ্রয় দেন কিন্তু তাই বোলে যদি মায়ের গাঁয়ে বদনাম দেই সেটা নিশ্চয় একজন কুলাঙ্গার সন্তানের পরিচয় প্রকাশ করে অথবা যেসব সন্তান নেশায় আসক্ত হয়ে মায়ের কাছে টাকা চেয়ে মায়ের গাঁয়ে হাত তোলে তারা নরকের কীট। তেমনি আমাদের যাদের ব্লগার হিসেবে পরিচয় হয় এই সামু ব্লগে জন্ম নিয়ে তাঁদের জন্য এই সামু ব্লগটি একজন মা।
মাঝে মাঝে অনেক পাকা রাধুনির হাতের রান্নাও নষ্ট হয় যদি সেটা ভেজাল ঘি অথবা তেল দিয়ে রান্না করা হয় সে ক্ষেত্রে রাধুনিকে দোষ দেয়া হীনমন্যতার পরিচয়।
যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




