অতঃপর, আমাকেও ফিরিয়ে আনা হলো
রঙিন কাগজের পথ অথবা রাক্ষুসে পাখি
এমন সম্ভাবনা থেকে মুক্তির জন্য তোমাদের কথাই ভেবেছি কেবল
আর যারা আমার পরেও ফিরেছিল?
আবারও নতুন সম্ভাবনার সামনে বসে থাকি
গ্লাস শূন্য হয়, আর মৃতদের কথায় হয়ে উঠি ক্লান্ত
হয়ত পুরোনো পরকালও ছিল
ছিল নতুন আগুন ও দীর্ঘ আলো
প্রখর গ্রীষ্মকাল বাস্তবিক আমাদের করে তোলে রূগ্ন
ফিরে আসার পর মানুষ হালকা হয়
কিংবা আমিষ ভোজনে হয়ে উঠে দারুণ মনোযোগি
অথচ, সমস্ত আবর্জনার দিকে এ কোন দৃষ্টি আমার হয়ে উঠে মূর্খ
তারপরও আমাকেও ফিরিয়ে আনা হলো, অন্ধ
এবং একটি জানালা চতুর্দিকে খুলে দিয়ে বলা হলো
এবার তুমি গল্পহীনতার জন্য চিরমুক্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




