প্রত্যহ সুস্বাদু খাবার সমুখে
আমি নই ফিরে এসে ওপারের কাক
হয়ে উঠে সাহসী যোদ্ধার মতো
আমিষ-লোভী পশুদের ভীড়ে
কী যেন ভয় সন্ধ্যা আকাশে
প্রকাশিত ক্ষীণ পথের বিপরীতে
ক্রমশঃ তীক্ষ্ণ হয়ে উঠা কাকেদের রব
জাগাবে কি ভীত ইঁদুরের প্রাণ
খর্বাকৃতির মানুষ শরীরে
এ কোন সংসার অসীম গোলকে
এ কোন পাখি চারিদিকে দুঃস্বপ্নের মতো
নির্ভার উড়ে বেড়ায় বিধাতার আসনে
আরেকটু গাঢ় হলে রাতের আহার
কাকেরা জড়ো হয় নিরব বিবরে
লোম দিয়ে যায় না ঢাকা ত্বকের প্রকার
ডানা দিয়ে যায় না উড়া আঁধারের পথ
চারিদিকে নুয়ে আসা মাটির শরীরে
ধুকধুক পাখি এক অস্পষ্ট স্বরে
প্রশ্ন যেন এই আয়ুর সমীপে
‘মানুষ শোনে না কেন পাখিদের ডাক?’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




