[৮৪]
চার কুতুবে নামাজ পড় রে তুই
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
চার কুতুবে নামাজ পড় রে তুই
দীল হুজুরী আগে কর,
নূরের কেবলায় আহম্মদ নূরী
অযুদ পুরে তালাশ কর -।।
আলিফেতে খাড়া হওয়া
হে হরফে রুকু দেওয়া,
মিম হরফে সেজদায় যাওয়া
দালে এবার বৈঠক কর -।।
আলিফ নাহি শিক্ষা হোল
বে হরফ চোখেতে দিল,
তে হরফ তালুতে দিল
ছে হরফটি মুখে ধর –।।
জীমে জিহবা জিকির ধ্বনি
হের মধ্যে খের টুকরাখানি,
দালে দন্ত জে জবানি
আলা জহবা জালে ধর -।।
রে হরফে রগের টানা
বক্ষেতে ছিন আছে জানা,
সিনেতে হয় কান দুখানা
দমে দমে জিকির কর -।।
ছোয়াত দোয়াদ পেট পুরিল
তোয়ায় তিল দোয়ায় দীল,
আইন হরফে গুর্দা হল
গাইনে গর্দান পৃষ্ঠ ধর -।।
ফে হরফে ফেপসা ধরা
কাফেতে কলিজা পুরা,
বড় কাফ তোর নাভির গোড়া
লামেতে হয় বায়ু ভর -।।
মিমে মন্ড সৃষ্টি ধারা
নূ হরফে রক্ত ধারা,
ওয়াও হরফে সর্ব জোড়া
হে হরফে হস্ত তোর -।।
দুই পোতা হামজা বদ্ধি
আলিফ শহর তার গতি,
লাম আলিফে মহামতি
ইয়াতে হয় স্বনির্ভর -।।
হাতের পাঁচ গুপ্ত অতি
দশ হরফ সাধনের গতি,
সাধলে জ্বলবে জ্ঞানের বাতি
মুর্শিদের চরণে পড় -।।
ত্রিশ হরফে বাইশ নোক্তা
আট হরফে আদমপ পুক্তা,
চার হরফে ফকীর নক্তা
বেলায়েতে আছে খবর -।।
সকল হরফ পৃথক করা
লাম আলিফ কেন হোল জোড়া,
লামের নিচে আলিফ খাড়া
নুক্তার এবার খবর কর -।।
না হলে মন চিনা জানা
নামাজ রোজায় ফল পাবে না,
চক্ষু থুইয়ে ফরিদ কানা
নিল না আপন খবর -।।
তাং ০৭/১০/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




