শিল্পী-মুক্তিযোদ্ধা আজম খান মুখে অস্ত্রোপচার শেষে সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দেশে ফিরছেন।
তার পারিবারিক সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি বিমানে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে গত ২১ জুলাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আজম খানের বড় মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা থাই এয়ারওয়েজের একটি বিমানে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।"
ইমা বলেন, "বাবা এখন প্রায় সুস্থ। তিনি থেরাপি নিতে আগামী ১০ সেপ্টেম্বর আবার সিঙ্গাপুরে যাবেন।"
সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে তাকে থেরাপি দেওয়া শুরু হবে বলে জানান ইমা।
ইমা বলেন, "বাবার সঙ্গে ফোনে কয়েকবার কথা হয়েছে। তবে কথা এখনো স্পষ্ট নয়।"
চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যাওয়ার আগে গত ১৩ জুলাই বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে আজম খান জানান, পাঁচ-ছয় মাস আগে হঠাৎ খেয়াল করি জিহ্বার নিচে একটি মাংসপিণ্ড। প্রথমে বিষয়টি অত গুরুত্ব দেইনি। পরে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন মুখে ক্যান্সার হয়েছে।
কণ্ঠশিল্পী আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি রাজধানীর আজিমপুরে জন্মগ্রহণ করেন।
তার গানের ১৭টি একক অ্যালবাম বের হয়েছে। এ ছাড়া অনেক মিশ্র অ্যালবামও রয়েছে।
'পপ গুরু' হিসেবে পরিচিত জনপ্রিয় এ শিল্পীর আশির দশকে গাওয়া 'ওরে সালেকা, ওরে মালেকা...' দেশ মাতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


