যদি আমাকে এনে দাও গাংচরের পদ্ম ,
তোমাকে আমি শোনাবো সেই গল্প।
যে গল্পের মাঝপথে তুমি চিৎকার করে বলবে,
বন্ধ কর তোমার বীভৎস নারকীয় বিজ্ঞাপন ।
যদি তুমি আমাকে এনে দাও শীতের সকালের শিশির বিন্দু ,
তোমাকে আমি শোনাবো রামভদ্রপুরের সেই অরুনা সেনের কথা
যে বর্বর নির্যাতনেও স্বীকার করেনি তার বিপ্লবী স্বামী ও ছেলের অবস্থান,
শুধু বলেছিল গুলি করে মেরে ফেলো, তবু বন্ধ কর নির্যাতন।
যদি তুমি আমাকে এনে দাও চার রাস্তার মোড়ে কুয়াশা ঢাকা সিগন্যাল বাতি,
আমি তোমাকে শোনাবো সবুজের উপর লাল এর বিদ্রোহ,
যে বিদ্রোহ ৪৭ থেকে আজও দানা বেঁধে বেঁধে উঠছে
তোমার ক্লান্ত ধূসর অবচেতন মনে ।
যদি তুমি আমাকে এনে দাও একটি দুর্ভাগা সিরিঞ্জ,
আমি তোমাকে শোনাবো সেই শিশুর আত্মকাহিনী,
যে এইডস এর বোঝা নিয়ে যাত্রা শুরু করে
আজও তাড়িয়ে বেড়ায় সভ্যতার নির্মমতাকে।
যদি তুমি আমাকে এনে দাও ওই সূর্যস্নাত শহীদ মিনার,
তোমাকে শোনাবো এক মেধাবী ছেলের রক্তে রঞ্জিত সাদা শার্ট এর গল্প,
তখন তুমিই আমার কথার মাঝে আবেগআপ্লুত হয়ে
তোমার কণ্ঠ দিয়ে সমস্বরে চেঁচিয়ে বলবে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।
তুমি যদি এনে দাও লাল রক্তের ফোঁটাই সমৃদ্ধ পতাকা,
কথা দিচ্ছি তোমাকে বলবো সেই সব শকুনের কথা,
কথা দিচ্ছি তোমাকে শোনাবো ৭৫,৮০ কিংবা ৯০ এর গল্প।
যদি তুমি আমাকে দাও ওই ছেঁড়া বিক্ষিপ্ত মানচিত্র,
বিশ্বাস করো সীমান্তে আর কোন ফেলানির জীবন নিতে দেবো না,
আর কোন মানুষ সেনাবাহিনীর ঘৃণ্য চক্রান্তে শহীদ হবে না,
আর কোন কাঁটাতার আমাকে আবদ্ধ করতে পারবে না ।
এ কি! তুমি চুপ হয়ে যাচ্ছ কেন?
শুনবে না আর সেই কৃষকের কথা,
শ্রমিক, মজুর, চাষা, জেলে, মাস্টার,
ছাত্র, চাকুরীজীবী কিংবা বেশ্যা বেহুলার কথা ।
তুমি তো এখন ইতিহাস,
কিসের তোমার লজ্জা, ভয়।
তোমার জন্যই তো ১০ মাস গর্ভে লালন করে
মা তার সন্তানকে তোমার সম্পর্কে জানতে শেখায়,
তোমার কারনেই তো বাবা মাসের বেতনের প্রথম টাকায়
ছেলের জন্য কিনে আনে বর্ণমালার লাল একটি বই,
তোমার জন্যই তো কিশোর ছেলের মনে
তার মধ্যবয়সী প্রেমিকার জন্য আকুল আবেদন,
শুধু তোমার জন্য বাবার পকেট মেরে ছেলেটা শাহবাগের মোড়ে
গোলাপ নিয়ে দাড়িয়ে থাকে প্রেমিকাকে দেবে বলে,
তোমার জন্য শান্ত মেয়েটা উপহার দেয়
উলের সোয়েটার তার ভবঘুরে প্রেমিককে,
তোমার জন্য উচ্চবিত্ত মানুষেরা
পাঁচতারা হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করে,
তোমার জন্য আমি শুধু লিখি আমার স্বপ্নকে পুঁজি করে,
আরেকটি গণজাগরণ, আরেকটি বিদ্রোহ
আরেকটি নিরপরাধ বাংলাদেশের মানচিত্র অংকনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


