
''আমায় তুমি ধরবে বল কেমন তব মতি,
আমায় কি যায় গো ধরা, আমি অনুভূতি !
সুখে আছি বিরহে আছি কোথায় আমি নেই
রকম আমার খুঁজতে গেলে হারিয়ে যাবে খেই ।
স্বল্প সুখে কেমন লাগে অল্প দুখে কেমন
যেমন লাগে তেমনি আমি, আমি যেমন তেমন ।
ভীষণ আনন্দে বোঝ আমায় চক্ষু করে বন্ধ
সেও বোঝে আমার রকম যেজন চোখে অন্ধ ।
কষ্টে যদি বুক ভাসে তবুও থাকি সঙ্গে
কষ্ট গুলো শিথিল করি আমার নানা রঙ্গে ।
ধনী লোকের অনুভূতি কেন অন্য রকম ভারী
লক্ষ রকম অনুভূতি যেন জাগাতে পারে নারী !
গরিব লোকের দুঃখ বেশি তাই অনুভূতি কম
এমন বোধের উপলব্ধি সে তো অনুভূতির রকম ।
পাগলেরও আছে অনুভূতি মিথ্যে সে তো নয়
পাগল বিনে কে পেরেছে করতে আমায় জয় ?
হেসে আমি শুধাই আবার কেমন তব মতি
আমায় নাহি যায় গো ধরা, আমি অনুভূতি !
ধনে আছি মানে আছি কিসে আমি নেই
আমার রকম বুঝতে গেলে আপনি হারাই খেই !
নীল আকাশে দুঃখ দ্যাখ কেউ বা খোঁজ সুখ
দুঃখ সুখ আসলে সে তো অনুভূতিরই অসুখ ।
কবির সকল অনুভূতি সে তো কবিতারই গুচ্ছ,
অনুভূতি আছে বলেই নাকি পাখি নাচায় পুচ্ছ !
সকল মনে সকল প্রাণে আছে আমার প্রকাশ
খুলির মাঝে মগজ যেথা সেথা আদি নিবাস ।
ঘুমিয়ে গেলে দেহ তোমার আমি জেগে থাকি
জেগে জেগে পাহারা দেই তোমার পরান পাখি ।
প্রেমে আমি কামে আমি থাকি রাগে অনুরাগে
নিঃশ্বাসে পাবে আমায় পাবে বিক্ষোভে বিপ্লবে
কাটা ঘায়ে নুনের ছিটায় আমায় খুঁজে পাবে
শীতের কাপড় গায়ে দিয়েও আমায় বোঝা যাবে ।
হাসছ কেন, শুধাই আবার কেমন তব মতি,
আমায় কি যাবে ছোঁয়া, আমি যে অনুভূতি !
সব চেতনে থাকি আমি আছি সজ্ঞানে অজ্ঞানে
প্রতি জনমে থাকব আমি থাকব সকল প্রাণে ।।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
১৫,১৬,১৭ ও ১৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




