
"ইচ্ছে করে পাখনা মেলে দূর আকাশে উড়ি,
ইচ্ছে করে তোমায় বানাই রঙিন নেশার ঘুড়ি ।
ইচ্ছে আমার হাজার রকম লক্ষ রঙে রাঙা,
ইচ্ছে আমার সবার মনের মান অভিমান ভাঙা ।
ইচ্ছে করে সারাটা দিন কাব্য রচে যাই,
ইচ্ছে করে তোমায় নিয়ে দাদরা সুরে গাই ।
ইচ্ছে গুলো মনের মাঝে কেমন যেন করে,
ইচ্ছে গুলো থাকতে না চায় বদ্ধ মনের ঘরে ।
ইচ্ছে করে ভালবেসে দেই স্বপ্ন সাধের জান,
ইচ্ছে করে বিরহে রচি বেদনা বিধুর গান ।
ইচ্ছে আমার ঝিলের জলে ভাসা পদ্ম ফুল,
ইচ্ছে করে চাঁদটা বানাই প্রিয়ার কানের দুল ।
ইচ্ছে করে মায়ের কোলে মুখ গুজিয়ে শুই,
ইচ্ছে করে হাত বাড়িয়ে আকাশ খানা ছুঁই ।
ইচ্ছে গুলো দিন দুপুরে উথাল পাথাল করে
ইচ্ছে গুলো রাত্রি বেলা একলা কেঁদে মরে ।
ইচ্ছে করে ভেঙে দেই সব অত্যাচারীর হাত,
ইচ্ছে করে দূর করে দেই সবার কালো রাত ।
ইচ্ছে আমার দখল করার বিশ্ব জ্ঞান ভাণ্ডার,
ইচ্ছে আমার ইচ্ছে মতো গল্প কথা লেখার ।
ইচ্ছে করে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ি ফের,
ইচ্ছে করে যাই গান শুনিয়ে নিত্য আনন্দের ।
ইচ্ছে গুলো চায় যে পেতে ছোট্ট সুখের নীড়,
ইচ্ছে গুলো ইচ্ছে করে তুলতে নত শির ।
ইচ্ছে করে ফিরে পেতে ছোট্ট বেলার দিন
ইচ্ছে করে নিশীথ রাতে বাজাই বাঁশের বীণ ।
ইচ্ছে আমার হাজার তারায় বসত বাড়ি গড়ার,
ইচ্ছে আমার সকল কবির কাব্য গাঁথা পড়ার ।
ইচ্ছে করে ইচ্ছে ঘুড়ি মেলুক রঙিন পাখা,
ইচ্ছে করে ইচ্ছে মতো চলুক জীবন চাকা ।
ইচ্ছে গুলো বাঁধ না মানার করছে অঙ্গীকার,
ইচ্ছে আমার রুখতে পারে এমন সাধ্য কার !"
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
৮, ৯ ও ১০ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




