
''চেতনার রঙে আমি রাঙাবো আমায়,
পৌরুষের প্রেম দিয়ে সাজাবো তোমায় ।
বারোটা মাসের প্রতিটা ক্ষণ বাসব ভাল,
হৃদয়ের নিংড়ানো নির্যাসে জ্বালব আলো ।
বিশ্বাসে বলে যাব ওগো তুমি যে আমার,
নিঃশ্বাসে ভরে নেব সুবাস তোমার ।।
এমনও ভালবাসার অতি সোজা ব্যাকরণ,
বুকে যদি বাজে কভু অকসাৎ অকারণ ।
বুঝে নিও বাসি ভাল তারও চেয়ে বেশি,
ছুড়ে ফেলে মন থেকে বেদনার বাঁশি ।
রয় যদি বিশ্বাস আর প্রেম পাশাপাশি
দ্বিধা দ্বন্দ্ব ভুলে এসো থাকি কাছাকাছি ।।
এমন অংক যদি মনে হয় কঠিন সরল,
তবে ঢেলে দিও বিষাদের তরল গরল !
মেনে নিও পারি নাই তোমাকে বোঝাতে
বুঝি নাই কিভাবে হয় জীবন সাজাতে !
জানি মনে ভাবছ, 'কেন কথা এমনতর' ?
'আমি তো বাসি ভাল আরও বেশি আরও' !!
তাহলে তো মাখামাখি দুজনার বেশ
ফুরাবেনা ভালবাসা বিশ্বাসের লেশ ।
অকারণ ব্যাকরণ আর কঠিন সরল
যেমনই হোক প্রেমে নেইতো গরল !
তবে আর দ্বিধা কেন মিছে কাঁদাকাটি
এসো নব প্রত্যয়ে আজ একসাথে বাঁচি ।।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ১৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





