
আলোর চেয়ে অধিক বেগে চলতে পারে কোন ধন ?
মানিক রতন নয়কো সে, সে যে তোর পাগল মন ।
কেউ করে হৃদয় জ্ঞান, তারে কেউ বা করে আত্ম,
আত্মা থেকে আমির জনম, আমিই আমার আমিত্ব ।
অহংকার আর হিংসা ভরা সেই সে বিষবৃক্ষ !
লোভ আর আত্মপরতা আরও আছে ঔদ্ধত্য ।
জীবাত্মা, বিবেক আত্মা মানবাত্মায় বিরজমান,
মগজে না অন্তরে সেসব দিলেন অলখ নিরঞ্জন ।
তবু প্রভু প্রতিপক্ষ উদ্ধত সেই আমিত্বের,
বেদ বল, বাইবেল বল, এই শিক্ষা কোরানের ।
বড়াই করে বলি তবু আমিত্ব মোর অহংকার,
কেউ নেই না শপথ প্রেমের প্রকৃত পথ খুঁজিবার !
অহংকার সে দুর্বিনীত, দুর্দমনীয় ও ভ্রান্ত,
আত্মগৌরব সীমা বাড়াইতে, সে যে অবিশ্রান্ত
প্রবৃত্তি দ্বারা অধিকৃত জেনে নাও সে আমিত্ব
এই মায়াতে আচ্ছন্ন মানুষ, ইহাই মহা সত্য ।
রুদ্র কবি এসব কথা কয়না কভু অজ্ঞানে,
সজ্ঞানে দেখ এসব আছে ধর্ম কিবা বিজ্ঞানে ।
আমিই হলাম সবার সেরা আমিত্বেরই বিপদ,
চেতনা মনন মানবিক হলে দূর হবে সে আপদ ।
চেতনার নির্ঘণ্ট ঘাঁটলে পাবে আমিত্বেরই বোধ,
মরলে কভু গজায় না আর এমনি স্নায়ুর ক্রোধ !
করোটি তলে বসত তাহার অনুভূতিরই জনক,
কেউ বলে মগজ তারে কেউ করে জ্ঞান কনক ।
যাহার মাথা গোবর ভরা তারও থাকে আমিত্ব,
আমিত্ব যে সত্ত্বা সবার, সব মানুষেই ব্যাপ্ত।
আমিত্ব সদা প্রকাশ করে শুধুই আপন বড়ত্ব,
উদ্ধত আর অহংকারী ছাড় তব আমিত্ব ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



