আকাশটা যখন নীল থেকে ক্রমশ ধূসর-বিবর্ণ হয়ে কালো মেঘে আঁধার ঘনায় ,কেমন যেন করে ওঠে বুকের ভেতরে ,এমন গভীরতায়-যেখানে পৌঁছে না কোন রং এর হাতছানি ।
একটা সময় ছিল যখন আকাশের মন খারাপ দেখলে খুব খুউব আনন্দ হত । আকাশের কষ্ট যখন ফোঁটায় ফোঁটায় পড়ত ,দু হাত ভরে নিতাম । তখনো বুঝিনি সেই কষ্টটা কি রকম নীল ,কি ভয়াবহ রকমের শূন্যতায় ধূসর ।
বাড়ির পথে দুরুদুরু বুকে হেঁটে আসা ,তারপর মায়ের কোলে মুখ গুঁজে সেই পরিচিত ঘ্রাণ ছুঁয়ে দেখা ।। তখনো বুঝিনি ,সেই ঘ্রাণে কি প্রবল প্রাণের প্রাচুর্য ।।
আকাশের অশ্রুতে ভেজা মাটিতে ফুটবল খেলার নাম করে কাদা মাখামাখি বা গাছে ঢিল ছুঁড়তে গিয়ে হাত ফসকে যাওয়া -শৈশবের অনভ্যস্ততায় বিলীন স্মৃতি ।
এরপর এক বসন্তে ফাগুনের রং ছুঁয়ে গিয়েছিল আমারো মন । তখন বৃষ্টি মানেই ছিল কোন একজনকে খুব খুউউব মনে করা ।বারবার ,অণুক্ষণে অনুভবে শুধু সেই একজন ।
আমি কিন্তু তখনো বুঝিনি ,
সেই অচিন কষ্ট কি ,কোন কষ্টে আকাশ কাঁদে ।।
আজ আমি অশরীরী ,তাদের চোখে আকাশ কাঁদে । কাঁদে সেই গর্ভধারিণী ,অভিমানী বন্ধুটা ,সেই আকাঙ্ক্ষিত ভালবাসাময় তুমি ।
আজও আমি একলা পথে হেঁটে যাই ।নিজের নিঃশ্বাসের শব্দ শুনি না ,অসীম একাকীত্বটুকুই সঙ্গী আজ ।
আজ আমি বুঝি কোন কষ্টে আকাশ কাঁদে ।
সেই কষ্ট একাকীত্বের ,শূন্যতার ।
সেই কষ্ট সবাইকে আগলে রেখে নিজের নিঃসঙ্গতায় ডুবে থাকার ।
আজো আকাশ কাঁদে ,তার কষ্ট আজো ঝরে যায় । ছুয়ে দেখতে পারি না ।
আজ মন কেমন করা আকাশ ,নিজেতে হারানোর ডাক দেওয়া বাতাস ,আর খুব নিঃসঙ্গ একটা চাঁদের জ্যোত্স্নায় একলা প্রহর ।
আজ অশরীরীর বৃষ্টি যাপন ।
উত্সর্গঃ
সেই সব মানুষকে ,যাদের কাছে বৃষ্টি মানেই একাকীত্বের অনুভূতি । সেই অনুভবটুকু রক্তের বন্ধন
,হৃদয়ের বন্ধন বা শৈশবের বিলীন স্মৃতি যা ই হোক না কেন ।
অরিত্র অবনীল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


