যমুনা নিউজ : রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নেশার টাকা না দেয়ায় মধ্যযুগীয় কায়দায় জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূকে ব্লেড-চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়েছে তার পাষন্ড স্বামী ফুয়াদ জামান (৩৮)।
বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় পশ্চিম মেরুল বাড্ডার ৫৩/ম নম্বর ভবনের একটি ফ্লাটের দরজা ভেঙ্গে ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার জান্নাতুল ফেরদৌস যমুনা নিউজকে জানান, প্রায় এক বছর আগে ফুয়াদের সাথে বিয়ে হয়। বিয়ের পরই তিনি জানতে পারেন ফুয়াদ আগেও একাধিক বিয়ে করেছিলেন এবং সে মাদক ব্যবসায়ী।
বিয়ের মাস খানেক পর থেকেই ফুয়াদ যৌতুকের দাবীতে নির্যাতন চালাতো তার উপর। এমনকি বিভিন্ন সময়ে জান্নাতুলের কাছ থেকে সে ৩৭ লক্ষ টাকাও আদায় করে।
মঙ্গলবার বিকালে ফুয়াদ জান্নাতুলের কাছে দুই লাখ টাকা দাবী করে। জান্নাতুল সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ঘরের দরজা বন্ধ করে ফুয়াদ তার উপর চালায় অমানুষিক নির্যাতন। সন্ধ্যা থেকে বুধবার ভোর অবধি চলে বর্বরতা। স্পর্শকাতর স্থানসহ পুরো শরীর ক্ষত-বিক্ষত করে সে ব্লেড-চাকুর আঘাতে। সারা রাত না খেতে দিয়ে মাথা থেতলে দেয়া হয় দেয়ালে। নির্যাতনের একপর্যায়ে বুধবার ভোরে ফুয়াদ ঘরের দরজার বাহিরে দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে যায়।
জান্নাতুল ফেরদৌসের মা সালেহা বেগম যমুনা নিউজকে জানান, বুধবার সকাল ৯টার দিকে ওই বাড়ির দারোয়ান ফিরোজ তাকে মোবাইল ফোনে জানান, সারারাত জান্নাতুলের ঘরে তারা অস্বাভাবিক আওয়াজ পেয়েছেন। তিনি সালেহা বেগমকে তাড়াতাড়ি আসতে বলেন। এ খবর পেয়ে সকাল ১০ টার দিকে সালেহা বেগম দ্রুত আসেন এবং ঘরের দরজা ভেঙ্গে জান্নাতুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। এব্যাপারে মামলা করা হবে বলেও জানান সালেহা বেগম।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল যমুনা নিউজকে জানান, এ ধরণের কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




