
একটি ভ্রমর পাখনা মেলে নাম না জানা ফুলে,
মৌমাছি এক মধুর খোঁজে পথ হারাল ভুলে।
বাবুই পাখি তালের পাতায় বুনছে বাসা নিজে,
কচুরি ফুল চোখ জুড়াল বৃষ্টি স্নানে ভিজে,
মেঘেরা ওই দল বেঁধেছে যেন বনের হাতি,
ধানের ক্ষেতে বাউল বাতাস করছে মাতামাতি,
আবীর রাঙা দিগন্তে যেই মুখ লুকাল রবি,
ক্লান্ত দিবস শান্ত হল, ঠিক যেন এক ছবি।
এক ফালি চাঁদ মেঘের ফাঁকে রাত্রি জেগে রয়,
সন্ধ্যা তারা চুপিচুপি কোন সে কথা কয়?
বসুন্ধরার এই যে শোভা, এই যে আয়োজন,
নাইবা যদি দেখল দু’চোখ নাই জুড়াল মন,
এমন জীবন কেমন জীবন, চলছে স্রোতের টানে,
বৃথাই জীবন, এই জীবনের নেই তো কোন মানে।।
১০/০৪/২০১৫ খ্রিঃ
[ছবি কামাল উদ্দিন ফটোগ্রাফি]
**মূল পোস্ট এখানে**

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



