
১.
: বাবা দেখ, আমার ঈদের জামা! কম্পিউটার মনিটরে মেসেঞ্জারের চ্যাট স্ক্রীনের দিকে তাকিয়ে ১০ বছরের লিজা।
: বাহ সুন্দর হয়েছে। কী রং - এর? (চ্যাট স্ক্রীন থেকে ভয়েস ম্যাসেজ)
: লাল রং বাবা
: তাই! আমি তো শুধু কালো রং দেখতে পাই...
: এটা মা কিনে দিয়েছে। আচ্ছা বাবা আমি যাই বন্ধুদের দেখাতে হবে।
: ঠিক আছে মা। ভালো থেকো...
২.
: আপনারা কী করবেন ব্রেইনটাকে?(লিজার মা মিসেস রায়হান, 'ব্রেইন এলাইভ' কোম্পানীর এম ডি কে)
: আমরা সাধারণত চুক্তি সমাপ্ত হলে গ্রাহকের কবরেই ওটাকে সমাহিত করে আসি।
: আসলে আমার চাকুরিটা চলে গিয়েছে। আমার পক্ষে আর চালিয়ে যাওয়া কষ্টকর।
: তাহলে কখন সার্ভিস বন্ধ করতে চান?
: এই মাসের ৩১ তারিখ
৩.
: দেখ মা, তুমি বড় হয়েছ (লিজাকে তার মা)।
তোমার বাবার মৃত্যুর পর আমাকে চাকুরি করে এই সংসার চালাতে হচ্ছে। প্রতি মাসের খরচ চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তার উপর যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় ওরা সার্ভিস চার্জ আগামী মাস থেকে ডাবল করে দিবে। আমার পক্ষে আর সম্ভব না। তুমি বুঝতে চেষ্টা কর। তোমার বাবার ব্রেইনকে চালু রাখার জন্য গত ৬ বছর তার রেখে যাওয়া সব টাকা খরচ হয়ে গিয়েছে। তুমি বড় হচ্ছো। সব বুঝতে শিখছো, তোমাকে মানতেই হবে।
(লিজা কান্না করছে)
৪.
ম্যাসেঞ্জার চালু করলো লিজা। ফ্রেন্ড লিস্ট-এ রায়হান শরীফের নামের উপর রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করলো। পপ আপ মেনু আসলো, রায়হান শরীফ কে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া হবে। তুমি কি নিশ্চিত? কাঁদতে কাঁদতে লিজা মাউস পয়েন্টারকে নিয়ে যায় confirm লেখা বাটনের দিকে...
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



