রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন শিলাইদহে প্রায় সময়ই অবস্থান করতেন। তাঁর অনেক বিখ্যাত রচনা এখান থেকে সৃষ্টি হয়েছে। আগের দিনে মানুষ পায়ে হেঁটে শিলাইদহ দেখতে যেত, তখন কবি ভবনে প্রবেশের জন্য কোনো টিকিট বা এত আনুষ্ঠানিকতা ছিল না। এখন দূর-দূরান্ত থেকে দেশ-বিদেশের অনেকেই রবীন্দ্র ভবনে স্মৃতি দর্শনে এসে থাকেন। বর্তমানে প্রবেশের জন্য নির্দিষ্ট ফি দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়। গাড়ি রাখার জন্য পার্কিং ফি দিতে হয়। কবি ভবনকে ঘিরে বিশাল এক বাণিজ্য গড়ে তোলা হয়েছে অথচ ন্যূনতম পর্যটকবান্ধব কোনো কিছু আমাদের চোখে পড়েনি। শৃঙ্খলা বা নিরাপত্তা বা পরিচিতির জন্য কোনো গাইড সেখানে নেই। মানুষ যেন একটা দোতলা বিল্ডিংয়ের কিছু ছবি, আসবাবপত্র আর দেওয়াল দেখার জন্য ১০ টাকা টিকিট করে (বিদেশিদের জন্য প্রবেশ ফি ৪০ টাকা) প্রবেশ করছেন।
ছোটবেলায় সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে পঁচিশে বৈশাখে যখন ওখানে যেতাম কত ভালো লাগতো। প্রকৃতির স্বাদ গ্রহণ করতাম। সত্যিকারের রবীন্দ্রনাথকে খুঁজে পেতাম। মেলা থেকে বাঁশি, মাটির ঘোড়া কিনে সাচ খাজা খেতে খেতে সন্ধ্যায় বাড়ি ফিরতাম। সে সময় প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে মনে হতো। দেশ-বিদেশ থেকে কবি ভক্তরা আসতেন। গান কবিতা সে এক অন্য রকমের অবস্থার সৃষ্টি হতো।
বাঙালি বাণিজ্যের বেলায় ষোলোআনা কিন্তু কাজের বেলায় লবডঙ্গা। যে রাস্তা দিয়ে পর্যটকরা শিলাইদহে প্রবেশ করে থাকেন মানে কুষ্টিয়া-কুমারখালীর প্রধান সড়ক থেকে শিলাইদহের দিকে যে রাস্তা রবীন্দ্র ভবনে এঁকেবেঁকে চলে গিয়েছে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রাইভেট গাড়ি নিয়ে যেতেই পিঠ-কোমর ব্যথা হয়ে যায়। এটা কোনো পর্যটন এলাকার রাস্তা হতে পারে না। কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে এসবের অবসান সম্ভব। ঠাকুর পরিবারের সম্পত্তি (ভারত-বাংলাদেশ) দেশ ও জাতির কল্যাণে দান করে দেয়া হয়েছে। সুতরাং দিলাইদহের কুঠিবাড়ি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

