বিশ্বজিৎ,
বলোতো , তুমি এত বোকা কেন?
এমন করে কেউ কী মরতে যায়?
হাতে কোন প্লাকার্ড নেই,
বুকে 'গণতন্ত্র' লেখা কোন সাইনবোর্ড নেই !
ধর্ম পরিচয় দিয়েও প্রমান করতে পারলে না
তুমি রাজাকারের দোসর নও
৭১ এ হায়েনাদের হাত থেকে বাঁচতে
অনেকেই স্বেচ্ছায় বিবস্ত্র হয়ে তার শারিরীক প্রমান দেখাতো;
তুমি কী জীবন বাঁচাতে এতটুকু নির্লজ্জ হতে পারলে না?
নাকি নব প্রজন্মের হায়নার নির্লজ্জতার কাছে তুমি পরাভূত হয়ে গেলে?
তুমি নূরহোসেন বা মিলন হতে পারবে না
তোমার জুটবে না কোন খেতাব।
রাজনীতির ধার কাছে তুমি নেই
ছিলে দু বেলা খেটে খাওয়া এক নিঃশব্দ সৈনিক।
তোমার মতো সৈনিক
কারো কাজে আসে না।
বেওয়ারিশ হলে অবশ্য তোমাকে নিয়ে মিছিল করা যেতো
ও আমাদের কর্মী, একথা বলে আন্দোলনকে তাঁতানো যেতো।
তারপরও কেউ কেউ
তোমাকে নিয়ে গল্প বানানোর প্রচেষ্টায় রত!
হয়তো সে সব গল্প কেউ বিশ্বাস করবে, কেউবা করবে না।
তোমার ছায়া পড়বে না কারো হৃদয় পটে।
অবশ্য, তাতে তোমার কিছু যাবে আসবে না।
নিভৃত গ্রামের পাশ দিয়ে বয়ে চলা
আড়িয়াল হয়ে তুমি এতোক্ষনে নেমে গেছো মেঘনার বুকে;
জানি,
তোমার চিতাভস্ম একদিন নিরবে ছুঁয়ে যাবে বঙ্গোপসাগর।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




