অভিশাপ
-কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে !
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে !
স্বপন ভেঙ্গে নিশুত রাতে জাগবে হঠাত্ চমকে,
কাহার যেন চেনা-ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে,-
জাগবে হঠাত্ চমকে !
ভাববে বুঝি আমিই এসে
বসনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা ! মিথ্যা স্বপন !
বেদনাতে চোখ বুজবে-
বুঝবে সেদিন বুঝবে !
গাইতে বসে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না,
বলবে সবাই-“সেই যে পথিক, তার শেখানো গান না ?“
আসবে ভেঙ্গে কান্না !
পড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ !
পড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝবে সেদিন বুঝবে !
আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল গাঁথতে মালা কাপঁবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন !
শিউলি ঢাকা মোর সমাধি
পড়বে মনে উঠবে কাঁদি !
বুকের মালা করবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে !
আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি,
থাকবে সবাই- থাকবে না এই মরণ-পথের যাত্রি !
আসবে শিশির রাত্রি !
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে –
বিষিয়ে ও বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে !
আসবে আবার শীতের রাতি, আসবেনা‘ক আর সে-
তোমার সুখে পড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবেনাক‘ আর সে !
পড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় !
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হয়ে ফুটবে –
বুঝবে সেদিন বুঝবে !
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
পড়বে মনে সে কোন রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এসনি গাঙে ছিল জোয়ার,
নদীর দু‘ধার এমনি আঁধার,
তেমনি তরী ছুটবে –
বুঝবে সেদিন বুঝবে !
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ –
সখার কারা-বন্ধ !
বন্ধু তোমার হানবে হেলা,
ভাঙবে তোমার সুখের মেলা ;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান্ত এ ভার
মরণ-সনে যুঝবে –
বুঝবে সেদিন বুঝবে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


