কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে পুলিশে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
বিজিবি বাগভাণ্ডার বিওপি’র কোম্পানি অধিনায়ক মকবুল হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে দুপুরে তাদের দিনহাটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরা হলেন- ভোটহাট গ্রামের রুহুল আমিনের ছেলে বেলাল হোসেন (১৫) ও একই গ্রামের গ্যাদা মিয়ার ছেলে হাসেম আলী (১৩)।
বিজিবি অধিনায়ক জানান, বাগভাণ্ডার এলাকার সীমানা পিলার ৯৫৮-এর ১ (এস) এর পাশ দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দূর্গানগর ক্যাম্পের সদস্যরা দুই রাখালকে আটক করে।
সকালেই বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দূর্গানগর ক্যাম্পে চিঠি দিলেও বিএসএফের সাড়া মেলেনি। পরে দুপুর ১২টার দিকে বিএসএফ জানায় ওই দুই বাংলাদেশিকে দিনহাটা পুলিশের হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচ বাংলাদেশিকে আটকের পর মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করে বিএসএফ। একই দিন সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয় দুই জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫২১ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


