একটি মুখ হন্য হয়ে খুঁজছি আমি বহুদিন ধরে ।।
টেরাসে আমার নির্বাক বিচরণে ফুঁয়ো বেড়ালটা
যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে গড়াগড়ি খায়,
তার ভারি আলস্যময় তাপপোহানো শরীর ছুঁয়ে
কফির কাপে সকালের প্রতিফলিত রোদ আর উষ্ণতা
আমার বর্তমান মেজাজ গুনে গুনে
একটি সুদৃশ্য মরীচিকা হিসেবে
সেই মুখটি আবার ফিরিয়ে নিয়ে আসে।
উজ্জ্বল চোখ আর অ্যাপ্রিকট-রাঙা ঠোঁটের
নিজস্ব তৈলচিত্রের প্রতিটি পরত
টেনে টেনে আমি সেই মুখ খুঁজি,
আকাশ আর অতলান্তের সীমা নির্ধারক
নীলচে-সবুজ জলের অধঃস্থল গভীরতায়
তার প্রতিবিম্ব খুঁজে চলি অবিরাম ।
আমি পথ ভুলে যাই প্রায়শঃ ।
নিঃসঙ্গ আত্মা এক পথনির্দেশক হিসেবে আমাকে হাত ধরে নিয়ে যায় অন্য কোথাও
আয়নার প্রদর্শিত ধূসরতা আর বিচ্যুত জানালার ওপাশে
অপর আলোয় উদ্ভাসিত সেই হাসিমুখ আমাকে ছায়াবীথির গল্প বলে যায় আজো,
স্বর্গ থেকে পারিজাত এনে দেয়া কোমল হাত সেই বাঁশিতে তার
দখিনের, আরও দখিনের সুর তোলে,
সুবিচল হৃদয়ে বিষয়সূচি পেশাদারীত্ব নিয়ে আমাকে কেবলি ভুল শেখায়!
আমি ক্রমশঃ হারিয়ে যাই ।
স্বাতী নক্ষত্র থেকে...
মহাশুন্যে...
ঘূর্ণমান...
আমি...
অন্তর্হিত...
হতে হতে...
সেই মুখ, সেই হাত...
হন্য হয়ে...
খুঁজে ফিরি...
বিন্দু হয়ে পরাবৃত্তে অবশেষে তাকে ছুঁয়ে যাই ।
আমি একা নই,
আপাত:দৃষ্টিতে যদিও একা আছি আমি,
আমি একাকী নই ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

