অর্ক, ছবিটা দ্যাখো, আমার ছবি এটি ।
বেশ অনেক আগের তোলা,
প্রথম দেখায় হয়ত মনে হবে
একটি লেপটানো পৃষ্ঠা, ঝাপসা দৃশ্য অথবা
ধূসর ছড়ে যাওয়া
কাগজে আঁকিবুকি যত ।
আরে বাবা, একটু খুঁটিয়ে দ্যাখো না!
ডানদিকের কোণায় গাছের ডালটা, কেমন
লালচে হয়ে আছে এখন, দেখেছ?
ঘনসবুজ ছিল কিন্তু, উঠতিবয়সি
কড়ই বা শিমুলগাছের
ডাল হয়ত;
আর বামদিকে, ছবির মাঝামাঝি থেকে উপরে দ্যাখো-
সেখানে মৃদু ঢাল ছিল,
তাতে ছোটমতন একটি ঘর ।
ছবির ঠিক মাঝখানে একটি নদী ছিল, বোঝা যায়?
পটভূমি হয়ে-
একটি নীল নদী ।
কড়ই অথবা শিমুল গাছটা ছিল সাবধানী
সারাক্ষণ কেমন নজরে রাখছিল আমায়!
পেছনে বহুদূরে, কিছু পাহাড়, কালচে পাউরুটির মত,
মেঘের মাখন গায়ে জড়িয়ে ।
(আমি যেদিন ডুবে গেলাম
ফটোগ্রাফটি তোলা হয় ঠিক তার পরদিন ।
আমি তখনও সেখানে-
ছবির মধ্যেই আছি-
নদীর মধ্যে-
অথৈ পানির নীচে ।
ঠিক কোথায় ডুবে আছি এটা অবশ্য বলা কঠিন ।
অবিকল আমি আছি নাকি বলা যেতে পারে
জলে প্রতিসরণের প্রভাবে
কতটুকু ঢাউস বড় হয়ে আছি নাকি নিতান্তই ছোট,
শেষ বিকেলের মৃদু আলোয় অস্পষ্ট লাইনটানা, অথবা
নদীর মতই নীল-
জানি না ।
অর্ক, আমাকে খুঁজে পেয়েছিল এক অস্থির কিশোর ছেলে ।
তার হাহাকার আর দুরন্ত লাফঝাঁপে নদীর মত আমিও বিরক্ত হচ্ছিলাম-
আরে বাপু, এখানেও কেন শান্তি দিচ্ছো না?
অনেক তো হলো!)
কি বললে? আমাকে খুঁজে পাচ্ছো না ছবিতে?
তোমার যথেষ্ট উৎসুক সন্ধানীচোখ আর ঋষিসুলভ ধৈর্য
নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো-
আমাকে তুমি দেখতে পাবে ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




