ঘরের টিনের চালে বৃষ্টিপতনের
শব্দের মতন প্রিয় যে আমার তুমি
আমার নৈঃশব্দ্যে বেজে ওঠা জগজিৎ
যমযম --- যখন আমাতে মরুভূমি ।
তুমি তো নতুন সফেদ পোষাক কোনো
চাষীর ঘামের স্বীকৃতি জৈষ্ঠ্যের গোলা
পুরাতন বইয়ের গন্ধের চে' প্রিয়
বহুদূর হেঁটে এসে ঠান্ডা কোকা-কোলা ।
তোমাকেই ভালোবাসা যায়, না ছুঁয়েও
ক্যানভাসে আঁকা যায় জলরঙহীন
তুমি তো লু-হাওয়ার মুখে জল-স্পর্শ
সে নদীপাড়---জলে যে হয়েছে বিলীন ।
শৈতী, তুমি ঠাকুরজীর ঘন-বরষা
সকল ভেঙে পড়ায় বিমূর্ত ভরসা । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



