অনশনরত আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের তিন দফা দাবি মেনে নিয়ে তার জীবন রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
রফিক-উল হক বলেন, মাহমুদুর রহমান তার নিজের মুক্তি কিংবা তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাননি। তিনি তার মায়ের নামে করা মামলা প্রত্যাহার, ছাপাখানা থেকে গ্রেফতার করা ১৯ জন বাইন্ডারের মুক্তি ও আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়ার দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। তার এ তিনটি দাবিই যৌক্তিক। সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ তিনটি দাবি মেনে নিয়ে তার জীবন রক্ষা করুন। ব্যারিস্টার রফিক-উল হক গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ইমারজেন্সিতে চিকিত্সারত মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
রফিক-উল হক বলেন, আমি তাকে অনশন ভাঙার জন্য অনুরোধ জানালে তিনি (মাহমুদুর রহমান) বলেন, সরকার আমাকে গ্রেফতার করেছে। আইন ও বিচারে আমার যা হওয়ার তা-ই হবে। এ নিয়ে সরকারের কাছে আমার কোনো দাবি নেই। আমার বৃদ্ধ মায়ের নামে মিথ্যা মামলা দিয়ে কেন তাকে হয়রানি করা হবে। তা ছাড়া ছাপাখানার ১৯ জন বাইন্ডার অত্যন্ত দরিদ্র ও নিরীহ পরিবারের সদস্য। তাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। বেআইনিভাবে আমার দেশ-এর ছাপাখানায় তালা ঝুলিয়ে দিয়ে পত্রিকার চার শতাধিক সাংবাদিকের পারিবারিক জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে। তার এ তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান।
আপনি তাকে অনশন ভাঙতে অনুরোধ করেছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আপনারা তাকে চেনেন ও জানেন। আমি তাকে যতটুকু জানি, তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
মাহমুদুর রহমানের এ তিন দফা দাবির বিষয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সরকারের প্রতি অনুরোধ করছি, আপনারা আমার দেশ-এর প্রেস খুলে দিন। এ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সাংবাদিক-কর্মচারীদের জীবন-জীবিকায় হাত দেবেন না। তার মায়ের নামে করা মামলাটি প্রত্যাহার করে নিন। প্রেসের বাইন্ডারদের মুক্তি দিন। তিনি বলেন, আমি আশা করছি, সরকার যৌক্তিক এ দাবিগুলো মেনে নেবে।
রফিক-উল হক বলেন, আমি মাহমুদুর রহমানের চিকিত্সকের সঙ্গে কথা বলেছি। অবিলম্বে তাকে খাবার খাওয়াতে হবে। তা না হলে যেকোনো অঘটন ঘটতে পারে। এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ। দিন দিন তা আরও অবনতির দিকে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




