প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্যায়ন খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
তিনি বলেছেন, “আমাদের নেত্রী (বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া) খরচ করেছেন ৮০ লাখ টাকা, আর শেখ হাসিনা খরচ করেছেন ৭ কোটি ৮০ লাখ টাকা।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সায়মা হোসেন ওয়াজেদের সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রীর আপ্যায়ন খাতে প্রতি বছর ২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ের তথ্য তুলে ধরে পাপিয়া বলেন, “এর আগের সরকারের সময়ে যা খরচ হয়েছে, এটা তার চেয়ে ১০ গুণ বেশি। অথচ খালেদা জিয়াকে ২০০৪-০৫ অর্থবছরে ৮৫ লাখ টাকা, সুখের খবর হলো ৫ লাখ উদ্বৃত্ত ছিলো।”
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ব্যয় নির্বাহ নিয়ে সরকারি দলের নেতাদের প্রশ্ন তোলার জবাবে তিনি বলেন, “আমি বলতে চাই, বিদেশে সজীব ওয়াজেদ জয় আর পুতুল থাকছে, তার বাড়ি ভাড়ার উৎস কী?
“২০০৬ সালে ভার্জিনিয়ার একটি শহরে ১০ লাখ ডলারে বাড়ি কিনেছেন জয়, ভার্জিনিয়ার আরেকটি শহর আলেকজান্দ্রিয়ায় ১০ লাখ ডলারে আরেকটি বাড়ি কিনেছেন সজীব ওয়াজেদ জয়। ১ নভেম্বর ২০০৭ সালে ফ্লোরিডায় ৫ লাখ ডলার খরচ করে বাড়ি কিনেছেন জয়।”
“১৬ অক্টোবর ২০০৪ সালে সাড়ে দশ লাখ ডলার খরচ করে ফ্লোরিডায় আরেকটি বাড়ি কিনেছেন জয়। এছাড়া একই অঙ্গরাজ্যে আরো তিনটি বাড়ি আছে তার। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত কী করেছেন, আর করেননি, সেটা পরবর্তীতে প্রকাশ করা হবে।”
বর্তমান সরকারের আমলে ব্যাংক খাতের কথা তুলে ধলে পাপিয়া বলেন, “৭২-৭৫ এর ব্যাংক ডাকাতের পাল্লায় পড়ে আজকের ব্যাংকগুলো জামানত শূন্য ব্যাংকে পরিণত হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ক্ষমতাসীন কর্তা-ব্যক্তির চাচা পরিচয় দিয়ে, সরকারি দলের এমপি নামমাত্র সম্পদ দেখিয়ে ন্যশনাল ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।”
“দুর্নীতির দরবেশ সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন জিএমজি এয়ারলাইন্স আর ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। আওয়ামী লীগের বর্তমান এমপি হামিদ রিয়েল এস্টেটের মালিকের কাছে ব্যাংকের পাওনা হয়েছে ১৭০ কোটি টাকা। আওয়ামী বাকশালীদের হরিলুটে ব্যাংকিং খাত আজ পথে বসেছে।”
“বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা দেখা গেছে প্রিমিয়াম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. ইকবাল সুন্দর করে তুলে নিয়েছেন। ১৬ হাজার কোটি টাকা ব্যাংকগুলো থেকে তুলে দেউলিয়া বানিয়েছে।”
টেলিকম খাতের আইজিব্লিইউ, আইসিএক্স, আইআইজি’র লাইসেন্স সরকারদলীয় এমপিরা নিজেদের নামে নিয়েছেন বলেও অভিযোগ করেন বিরোধী এই সংসদ সদস্য।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সরকারি দলের নেতাদের সমালোচনার জবাবে পাপিয়া বলেন, “জিয়াউর রহমান পশ্চিম আকাশের সূর্য, রাতের তারা। যারা তার সমালোচনা করেন তারা ঝিঁঝিঁ পোকা, কিম্ভুত কিমাকার অন্ধকারের প্যাঁচা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




