somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওসামা বিন লাদেন হত্যা অভিযানে অংশগ্রহণকারী মার্কিন নেভি সিলের সদস্য ম্যাট বিসোনেটের প্রত্যক্ষ বয়ান

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...অভিযান এখন দ্রুত এগিয়ে চলেছে। প্রায় পাঁচ মিনিট হলো আমরা [হেলিকপ্টার থেকে] মাটিতে নেমেছি, বাড়িটার চত্বরের ভেতরে আমরা এখন ২৪ জন। অন্তত দুটো বিস্ফোরণ ঘটানো হয়েছে [দেয়াল ভেঙে ভেতরে ঢোকার জন্য]। বিস্ফোরণ আর হেলিকপ্টারের শব্দে বাড়ির বাসিন্দারা নিশ্চয় টের পেয়ে গেছে, আমরা আসছি। কোনো সন্দেহ নেই, ওরা আত্মরক্ষার জন্য ইতিমধ্যে প্রস্তুত!’
ওসামা বিন লাদেন হত্যা অভিযানে অংশগ্রহণকারী মার্কিন নেভি সিলের সদস্য ম্যাট বিসোনেটের প্রত্যক্ষ বয়ান থেকে কিছু অংশ পাঠকদের সামনে তুলে ধরছি। মার্ক ওয়েন ছদ্মনামে তাঁর লেখা বই নো ইজি ডে ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে এবং বিক্রিতালিকায় শীর্ষে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বইটি প্রকাশের ব্যাপারে আপত্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল, তবে এখনো সে রকম কোনো পদক্ষেপ নেয়নি। নেভি সিলের কয়েকজন সাবেক ও বর্তমান সদস্য মার্ক ওয়েনকে (ম্যাট বিসোনেট) ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার গোপন নির্দেশে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) নেতৃত্বে ২০১১ সালের ১ মে দিবাগত রাতে পাকিস্তানের ইসলামাবাদের কাছাকাছি অ্যাবোটাবাদ শহরে লাদেনের গোপন আবাসস্থলে অভিযান চালানো হয়। আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে কয়েকটি সামরিক হেলিকপ্টারে করে মার্কিন বিশেষ বাহিনী হামলা চালায় পাকিস্তান সরকারের অজ্ঞাতসারে। অ্যাবোটাবাদের ওই বাড়িটিতে ছিলেন ৫৪ বছর বয়সী লাদেন, তাঁর দুই স্ত্রী, ২৩ বছর বয়সী ছেলে খালিদ, তাঁর স্ত্রী, আল-কায়েদা সদস্য ও লাদেনের বার্তাবাহক দুই ভাই আরশাদ খান (আবু আহমেদ আল-কুয়েতি) ও আবরার খান, তাঁদের স্ত্রী-সন্তানেরা। সাত হাজার মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে বসে অভিযানটি ভিডিওতে সরাসরি মনিটর করেন প্রেসিডেন্ট ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও মার্কিন জাতীয় নিরাপত্তা এজেন্সির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
ঘন আঁধারে ঢাকা ছিল সেই রাত। কিন্তু হত্যাকারী দলের হেলমেটগুলোর সঙ্গে লাগানো ছিল নাইট-ভিশন গগলস। তাঁরা সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। লাদেনের বাড়ির চত্বরে ঢোকার পাঁচ মিনিট পর বিসোনেট লিখছেন: ‘আমার টিমের তৃতীয় সদস্যটি ঢুকে পড়ল চত্বরের ভেতরে। হেলিকপ্টার থেকে যারা সবশেষে নেমেছে, ও তাদের একজন। ওর কাজ একটা সিঁড়ি পরিষ্কার করা। দরজা বরাবর শুরু হয়ে সিঁড়িটা গিয়ে ঠেকেছে বৈঠকখানার ছাদে। ও যখন সেদিকে এগিয়ে গেল, দরজাটির ওপরের কাচ ভেঙে ছুটে আসতে লাগল একে-৪৭ অটোমেটিক রাইফেলের গুলি, অল্পের জন্য রক্ষা পেল সে। আমি সাৎ করে সরে এলাম, মাথার কয়েক ইঞ্চি ওপরে আঘাত হানল বুলেটের ঝাঁক। বিচূর্ণ কাচের আঘাত টের পেলাম কাঁধে।’
গুলির শব্দেই বিসোনেট টের পান, অস্ত্রটা একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল। অভিযানে অংশগ্রহণকারী মার্কিন সেনাদের এ অস্ত্র নেই। তা ছাড়া যে শব্দ হলো, তাতে বিসোনেট বুঝলেন, ওটাতে শব্দনিরোধক (সাপ্রেসর) লাগানো নেই। মার্কিন সেনাদের সবার অস্ত্রে শব্দনিরোধক লাগানো আছে। তার মানে ওই গুলি ছুটে আসছে শত্রুপক্ষের দিক থেকে। বিসোনেটের মনে হলো, ‘ভেতরে একজনের হাতে আছে অ্যাসল্ট রাইফেল। বুক বরাবর তাক করে সে ঝাঁকে ঝাঁকে গুলি ছুড়তে লেগেছে। উইল (বিসোনেটের সঙ্গী) দরজাটির বাঁ পাশ থেকে পাল্টা গুলি চালাতে শুরু করে দিল। আমিও পেছনে ঘুরে গুলি চালালাম।...আমাদের পাল্টা গুলির ঝাঁক ধাতব দরজাটি ভেদ করে ঢুকে গেল। দরজার কাছ থেকে ডিগবাজি দিয়ে সরে এসে আমি দাঁড়ালাম, তারপর এগিয়ে গেলাম একটা জানালার কাছে, সেটি দরজার দেয়ালটি থেকে কয়েক ফুট নিচে।
‘উইল চিৎকার করে ডাকল, “আল-কুয়েতি, বেরিয়ে এসো!”’
‘আমার অস্ত্রের নল দিয়ে জানালা ভেঙে আমি ভেতরে গুলি চালাতে লাগলাম। উইল চিৎকার করে চলল, কিন্তু কোনো সাড়া এল না। আমাদের সময় নষ্ট করার সুযোগ নেই; ফিরে গেলাম আবার সেই ধাতব দরজার কাছে।’
গোলাগুলি শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ম্যাট বিসোনেট ওই ধাতব দরজায় বিস্ফোরক লাগিয়েছিলেন। বিস্ফোরণ ঘটানো ছাড়া দরজাটি ভেঙে ভেতরে ঢোকার কোনো পথ তাঁদের ছিল না। কিন্তু সেটিতে ডেটোনেটর লাগানোর আগেই গোলাগুলি শুরু হলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়েছিল। একটু পরে আবার তিনি সেখানে ফিরে আসেন ডেটোনেটর লাগিয়ে দরজাটি উড়িয়ে দিতে। এর আগে বাড়িটির ভেতরে ঢুকতে তাঁরা দেয়ালগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে গর্ত সৃষ্টি করেছেন; তারপর এক ঘর থেকে আরেক ঘরে যেতেও একইভাবে বিস্ফোরণ ঘটিয়েছেন।
ম্যাটের সহযোদ্ধা আহমেদ আল-কুয়েতি নামে যাঁকে চিৎকার করে ডাকছেন, ঘর থেকে বেরিয়ে আসতে বলছেন, তিনি ওসামা বিন লাদেনের সবচেয়ে বিশ্বস্ত অনুচর ও বার্তাবাহক শেখ আবু আহমেদ আরশাদ খান, একজন পাকিস্তানি পাখতুন। তাঁর জন্ম কুয়েতে, সেখানেই লেখাপড়া করেছেন বলে তাঁকে আল-কুয়েতিও বলা হয়। তিনি উচ্চশিক্ষিত; বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলা চালানোর আগে হামলাকারীদের তিনি করাচিতে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছিলেন। ২০০১ সালের ডিসেম্বরে মার্কিন বাহিনী লাদেনকে ধরার জন্য আফগানিস্তানের তোরাবোরায় যখন হামলা চালিয়েছিল, আরশাদ খান তখন সেখানে লাদেনের সঙ্গে ছিলেন, লড়াই করেছিলেন এবং আহত হয়েছিলেন।
লাদেনের জীবনের শেষ মুহূর্তেও তিনি তাঁর পাশেই রয়েছেন। মার্কিন সেনারা তাঁকে আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন, কিন্তু তিনি তা করতে রাজি নন। সহযোদ্ধা উইলের ডাকে আল-কুয়েতির দিক থেকে কোনো সাড়া না পেয়ে ম্যাট বিসোনেটের মনে হচ্ছে, আল-কুয়েতি ভাঙবে, কিন্তু মচকাবে না, ‘বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না’। কিন্তু ম্যাট কোনো ঝুঁকি নিতে চান না, বিস্ফোরণ ঘটিয়ে দরজাটা উড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ছুড়ে দেবেন গ্রেনেড। তিনি লিখছেন, ‘আমি দরজায় সাঁটা বিস্ফোরকের সঙ্গে ডেটোনেটর যুক্ত করতে যাব, এমন সময় শুনতে পেলাম, ভেতরে কেউ দরজার হুড়কোটা খুলে ফেলে দিল। উইলও সেটা শুনল। সঙ্গে সঙ্গে আমরা দরজা থেকে সরে আসতে লাগলাম। ব্যাপারটা কী? কে বেরিয়ে আসছে? সে কি দরজাটা একটু ফাঁকা করে আমাদের দিকে গ্রেনেড ছুড়ে মারবে? নাকি একে-৪৭ থেকে আমাদের ওপর বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করবে?
‘আমি চটজলদি চারপাশটা চোখ বুলিয়ে নিলাম। না, কোনো আড়াল নেই, জায়গাটা গৃহস্থালি আবর্জনা আর বাগানে কাজ করার জিনিসপত্রে ভরা। আমাদের আত্মরক্ষার একমাত্র উপায় ক্রমাগত পেছনে সরে যাওয়া, ওই দরজা আর জানালা থেকে দূরে সরে যাওয়া।
‘শব্দ করে দরজাটি একটুখানি খুলে গেল। আমি এক মহিলার কণ্ঠ শুনতে পেলাম, তিনি আমাদের উদ্দেশে ডেকে উঠলেন। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের আর কোনো ঝুঁকি নেই, এখন আমরা নিরাপদ। যদি সে নিজের শরীরে বোমা বেঁধে বেরিয়ে এসে থাকে, তাহলে আমরা শেষ! এটা লাদেনের বাড়ি। আর এসব লোকজন তাঁর সহযোগী। এখানে গোলাগুলি যখন শুরু হয়ে গেছে, তখন এরা নিশ্চয়ই লাদেনকে রক্ষা করার জন্য নিজেদের জান দিতে প্রস্তুত।
‘আমার গাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে, চোখে লেগে আছে হেলিকপ্টারের পাখার বাতাসের তোড়ে ছুটে আসা ধুলোবালি; আমার নাইট-ভিশন গগলসের ভেতর দিয়ে সবুজ আলোয় দেখতে পেলাম, দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে এক নারীমূর্তি। দুই হাতে সে কিছু একটা ধরে আছে, আমার অস্ত্রের ট্রিগারে ধীরে ধীরে চেপে আসতে শুরু করল আমার আঙুল। আমি দেখছি, মহিলার মাথার চারপাশে চক্কর খেয়ে নাচছে আমাদের লেজারযন্ত্রের রশ্মিগুলো...।
‘দরজাটি আরও খানিকটা খুলে গেলে আমি দেখতে পেলাম, মহিলার কোলে কাপড়ে মোড়ানো একটি শিশু। আল-কুয়েতির স্ত্রী মরিয়ম বাচ্চাকে বুকের মধ্যে ধরে দরজা দিয়ে বের হয়ে এলেন। তাঁর পেছনে বেরিয়ে এল আরও তিনটি শিশু।
‘“এখানে এসো”—ওদের উদ্দেশে আরবিতে ডেকে উঠল উইল।
‘ওরা সামনের দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি ওদের দিকে অস্ত্র তাক করে রইলাম।
‘“সে মারা গেছে”, মরিয়ম আরবিতে বললেন উইলকে, “আপনারা তাকে গুলি করেছেন। সে মরে গেছে। আপনারা তাকে মেরে ফেলেছেন।”
‘উইল মহিলাকে থামিয়ে দিয়ে তার আরবি উক্তি আমাকে অনুবাদ করে বলল, “এই! মহিলা বলছে, লোকটা মারা গেছে!”
‘আমি উবু হয়ে ডান পাশ থেকে ঠেলে দরজাটা খুললাম।
‘শোবার ঘরের দরজার কাছে মেঝেতে দেখতে পেলাম এক জোড়া পা। বোঝার কোনো উপায় নেই বেঁচে আছে, না মারা গেছে। কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে চাই না। উইল আমার কাঁধে চাপ দিল। বুঝলাম সে প্রস্তুত। আমরা ভেতরে ঢুকে পড়লাম। আমি আমার রাইফেলটা কাঁধে তুলে নিলাম, আল-কুয়েতির মৃত্যু নিশ্চিত করতে কয়েকটি গুলি ছুড়লাম।
‘ঘরময় কেরোসিনের গন্ধ; আল-কুয়েতির লাশ ডিঙিয়ে আমি এগিয়ে গেলাম। শোবার ঘরের দরজার দেখতে পেলাম, মেঝেতে পড়ে আছে একটি পিস্তল আর একটি একে-৪৭ রাইফেল। লাথি মেরে সেগুলো সরিয়ে দিয়ে আমি ঘরটির চারপাশে তাকালাম: ঘরের মাঝখানে একটা খাট, তারপর দেয়ালের পাশে বাচ্চাদের কয়েকটি ছোট ছোট খাট। পুরো পরিবারটি মনে হয় এই ঘরেই ঘুমাত।...পানি আর আল-কুয়েতির রক্তে পিচ্ছিল হয়ে আছে মেঝে। রক্ত গড়িয়ে এসেছে অন্য ঘরটিতেও, আমাদের বুটের নিচে রক্ত।’




অ্যাবোটাবাদের যে বাড়িটিতে লাদেন থাকতেন, সেটির ছিল দুটি অংশ। একটি অতিথিশালা, সেটিতে থাকতেন লাদেনের সবচেয়ে বিশ্বস্ত অনুচর ও বার্তাবাহক আরশাদ খান ওরফে আল-কুয়েতি। এ লেখার গত পর্বে ম্যাট বিসোনেট ও তাঁর গ্রুপের সদস্য উইল ওই অতিথিশালায় আরশাদ খানকে গুলি করে হত্যা করেছেন। তারপর তাঁরা সেখান থেকে বেরিয়ে এসেছেন বাড়িটির মূল অংশে ঢোকার উদ্দেশ্যে। মূল অংশটি তিনতলা। মার্কিন কমান্ডোদের ইতিমধ্যে জানানো হয়েছে, ওই অংশের নিচতলায় সপরিবারে বাস করেন আরশাদ খানের ছোট ভাই, লাদেনের আরেক বার্তাবাহক আবরার খান। দোতলা ও তিনতলা মিলিয়ে বাস করেন লাদেন-পরিবারের সদস্যরা। লাদেন তাঁর পঞ্চম স্ত্রীর সঙ্গে থাকেন তিনতলায়। দোতলায় তাঁর এক ছেলে ও তাঁর পরিবার।
বাড়ির দুটি অংশের মাঝখানে একটি উঁচু দেয়াল। সেখানে একটি দরজায় বিস্ফোরণ ঘটিয়ে ভেতরের আঙিনায় ঢুকে পড়েন কমান্ডোরা। অভিযানের শুরুতে কমান্ডোরা দুটি ভাগে বিভক্ত হয়ে এগিয়েছেন। ম্যাট ও তাঁর গ্রুপ আক্রমণ চালিয়েছে অতিথিশালায়, অন্য গ্রুপটি অন্য দিক থেকে ঢুকে পড়েছে বাড়িটির মূল অংশে। অতিথিশালার অভিযান শেষ করে ম্যাট ও তাঁর সঙ্গীরা মূল ভবনে ঢোকার পর দেখতে পান যে অন্য গ্রুপটি সেখানে ইতিমধ্যে তৎপর।
ম্যাট লিখছেন, ‘টমের তিন সদস্যের দলটি নিচতলায় ঢুকে পড়েছে। ভেতরটা অন্ধকার, প্রায় পিচের মতো কালো, কিন্তু নাইট ভিশন গগলসের ভেতর দিয়ে ওরা স্পষ্ট দেখতে পাচ্ছিল। ওরা সহজেই একটা লম্বা করিডরের মতো দেখতে পায়, দুপাশে দুটি করে মোট চারটি দরজা। কয়েক কদম এগোতেই ওদের পয়েন্টম্যান দেখতে পায়, বাঁ পাশের প্রথম ঘরটির দরজা দিয়ে বেরিয়ে আছে একটি লোকের মাথা।’ এই মুহূর্তে ম্যাট বিসোনেটের ধারণা, একটু আগে অতিথিশালায় তাঁরা আরশাদ খানকে হত্যা করার সময় আরশাদ তাঁদের দিকে একে-৪৭ রাইফেল থেকে যে গুলিগোলা ছুড়েছেন, তার শব্দ নিশ্চয়ই এই ভবন থেকে শোনা গেছে। যাঁরা এখানে আছেন, তাঁরা প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পেয়েছেন, সুতরাং টমের কমান্ডো বাহিনী কোনো ঝুঁকি নিতে রাজি নয়। পয়েন্টম্যান দরজায় লোকটির মাথা দেখার সঙ্গে সঙ্গে ‘একটা গুলি চালাল,’ লিখছেন মার্ক ওয়েন ছদ্মনামধারী ম্যাট বিসোনেট, ‘গুলি লোকটিকে আঘাত করল; পরে নিশ্চিত হওয়া গেছে যে সে আবরার আল-কুয়েতি (আবরার খান), সে ঘরের ভেতরে ঢুকে গেল। ধীরে ধীরে এগিয়ে হল পেরিয়ে টমের দল গিয়ে থামল দরজার কাছে। আহত আবরার আল-কুয়েতি মেঝেতে পড়ে তড়পাচ্ছে। ওরা আবার গুলি শুরু করল; গুলির ঠিক আগমুহূর্তে তাকে বাঁচাতে তার সামনে লাফ দিয়ে এসে পড়ল তার স্ত্রী বুশরা। দ্বিতীয়বারের গুলিতে দুজনেই প্রাণ হারাল।’
আবরার খান প্রথম গুলিবিদ্ধ হওয়ার সময় নিরস্ত্র ছিলেন; সম্ভবত কৌতূহলবশে দরজা দিয়ে মাথাটা একটুখানি বের করে তাকিয়েছিলেন মাত্র। ঠিক সেই মহূর্তেই ম্যাট বিসোনেটের বর্ণিত পয়েন্টম্যান তাঁকে গুলি কনে। তারপর মেঝেতে পড়ে যখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তখন তাঁর ওপর আবার গুলি করে তারা, তখনো তিনি নিরস্ত্র এবং তাঁর দিক থেকে মার্কিন কমান্ডো সদস্যদের কোনো ঝুঁকির সম্ভাবনাই ছিল না। মুমূর্ষু আবরারের মৃত্যু নিশ্চিত করতে গিয়ে কমান্ডোরা তাঁর স্ত্রীকেও হত্যা করে, এবং তারপর দেখতে পায়, ঘরের এক কোণে একটি একে-৪৭ রাইফেল। ম্যাটের বিবরণ থেকে মনে হয় না, আবরার সেটি স্পর্শ করেছেন। কিন্তু মার্কিন প্রশাসন, বিশেষত সিআইএর কর্তারা পরে দাবি করেন, লাদেনের সহযোগী সন্ত্রাসবাদীদের সঙ্গে মার্কিন বাহিনীর তুমুল যুদ্ধ হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউরোপ-আমেরিকা ও পাকিস্তানের সংবাদমাধ্যমে কেউ লিখেছিলেন, আবরার খান গুলি করার প্রস্তুতি নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন; কেউ লিখেছেন, যখন তিনি অস্ত্র হাতে ঘর থেকে বেরিয়ে আসেন, তখন মার্কিন সৈন্যরা তাঁকে গুলি করে হত্যা করে।
আবরার খান ও তাঁর স্ত্রী বুশরাকে হত্যা করার পর মার্কিন কমান্ডোদের এগিয়ে যাওয়া সম্পর্কে ম্যাট লিখছেন, ‘টমের দলটি দেখতে পায় ঘরের এক কোণে আরেক মহিলা, তার পাশে কয়েকটি শিশু চিৎকার করে কাঁদছে। ঘরটিতে একটা একে-৪৭ ছিল। টম সেটি হাতে তুলে নিয়ে গুলি বের করে ফেলে দেয়; তখন তার দলের অন্য সদস্যরা অন্য ঘরগুলোতে তল্লাশি চালায়।...সাধারণভাবে আমরা যা করি, ওই মহিলা আর শিশুদের ওপর নজর রাখার জন্য সেখানে আমাদের কাউকে রেখে যাওয়া, কিন্তু এখানে সেই সময় ছিল না বা যথেষ্ট লোকবল ছিল না। মহিলা আর শিশুদের ওখানে রেখে ওরা ঘরটি থেকে বের হয়ে আসে।’
কমান্ডো বাহিনীর সদস্যরা জানেন, বাড়িটিতে ওই রাতে অবস্থান করছিলেন মোট চারজন পুরুষ। তাঁদের মধ্যে লাদেনের দুই বার্তাবাহক ভাই ইতিমধ্যে নিহত। বাকি রইলেন দুজন: লাদেন ও তাঁর এক ছেলে। ছেলে দোতলায়, বাবা তিনতলায়। বাবার কাছে পৌঁছাতে হলে ছেলেকে অতিক্রম করে যেতে হবে। কিন্তু দোতলায় ওঠার পথে একটি ধাতব দরজা। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হলো সেটি। তারপর ম্যাটের ভাষায়: ‘খোলা দরজা দিয়ে আমরা সিঁড়ির দিকে যাওয়া শুরু করলাম।...টাইলস বসানো সিঁড়িটি প্যাঁচানো, ধাপগুলো বসানো ৯০ ডিগ্রি কোণে, ছোট ছোট অংশে ভাগ করা। আমরা জানি না, ওপরে আমাদের জন্য কী অপেক্ষা করছে। সেখানে লাদেন বা যে-ই ঘাপটি মেরে থাকুক না কেন, অস্ত্র হাতে আত্মরক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় সে পেয়েছে। ঘূর্ণির মতো এই সিঁড়িটিই যেহেতু আমাদের ওপরে ওঠার একমাত্র পথ, আমরা সেখানে সহজেই আটকে যেতে পারতাম।...অন্ধকার, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব নিঃশব্দে এগোতে। আমাদের প্রতিটি ধাপ সতর্ক, মাপা। কোনো কথা নেই। কোনো চিৎকার নেই। কোনো ছোটাছুটি নেই...
‘আমি যখন সিঁড়ির দ্বিতীয় ডেকের ল্যান্ডিংয়ে পৌঁছি, অন্য আক্রমণকারীরা ততক্ষণে সিঁড়ি থেকে নেমে গেছে। দোতলার শুরুতে লম্বা একটা করিডরের মতো, সেটি গিয়ে পৌঁছেছে ভবনটির দক্ষিণ দিকের এক টেরাসে। দোতলায় চারটি দরজা, সিঁড়ির শেষ ধাপের কাছেই দুটি, আর অন্য দুটি দূরে সেই টেরাসের কাছে। আমি দেখতে পাচ্ছিলাম, আমার সঙ্গীরা সন্তর্পণে করিডরের মতো জায়গাটা পেরিয়ে দরজাগুলোর দিকে এগোচ্ছে।
‘লক্ষ করলাম, আমার কাছ থেকে তিন-চারটি ধাপ ওপরে সিঁড়ির দ্বিতীয় ও তৃতীয় অংশের মাঝখানের ল্যান্ডিংয়ে সতর্কভাবে দাঁড়িয়ে আছে আমাদের আরেক সঙ্গী। সেখানে পড়ে আছে একটি লাশ। ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে নিচে মার্বেলের মেঝেতে।’
লাশটি ওসামা বিন লাদেনের ২৩ বছর বয়সী ছেলে খালিদ বিন লাদেনের। ম্যাট বিসোনেট এখানে পরের বর্ণনাটি দিয়েছেন আগে। প্রথমে তিনি দেখেছেন লাশটি পড়ে আছে। পরে জেনেছেন, কয়েক মুহূর্ত আগে কীভাবে খালিদকে হত্যা করা হয়েছে। ম্যাট লিখছেন, সিঁড়ির ওই জায়গাটিতে তাঁর সঙ্গী আক্রমণকারী ‘দেখতে পায়, এক লোক মাথা বাড়িয়ে দিয়ে ঝট করে আবার সরিয়ে নিল। গোয়েন্দা তথ্য থেকে আমরা জানি, বাড়িটাতে সর্বোচ্চ চারজন পুরুষ লোক থাকতে পারে। লাদেনের এক ছেলে খালিদ খুব সম্ভব দ্বিতীয় তলায় থাকে, আর লাদেন তৃতীয় তলায়।
‘সিঁড়ির কোণ থেকে যে মাথাটি বেরিয়ে এসেছিল, তার চুল ছিল ছোট করে ছাঁটা, মুখে দাড়ি ছিল না। সে অবশ্যই লাদেনের ছেলে। আমাদের সঙ্গী আক্রমণকারী ফিসফিস করে ডেকে উঠল, “খালিদ! খালিদ!”
‘হেলিকপ্টারের ইঞ্জিনের শব্দ, গুলির শব্দ, বিস্ফোরণের শব্দ—সবই শুনতে পেয়েছে তারা। কিন্তু এখন সেসব থেমে গেছে। আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এই নীরবতার মধ্যে সিঁড়ির ওই লোকটি শুনতে পেল তার নাম ধরে ডাকা হচ্ছে। আমার মনে হলো, সে হয়তো ভাবছে: “ওরা আমার নাম জানে?”
‘এই কৌতূহলেই সে আবার মাথা বের করে দেখতে চায়, কে তাকে নাম ধরে ডাকছে। যে মুহূর্তে সে মাথা বের করল, আমাদের সঙ্গী আক্রমণকারী গুলি চালিয়ে দিল তার মুখমণ্ডলে। তার দেহটি সিঁড়ি বেয়ে গড়াতে গড়াতে এসে থামল ওই ল্যান্ডিংয়ে।’
মার্কিন কমান্ডো বাহিনীর সদস্যরা আরও একজন নিরস্ত্র মানুষকে হত্যা করলেন। ম্যাট বিসোনেটের বিবরণ থেকে মনেই হয় না যে, এভাবে একের পর এক নিরস্ত্র মানুষকে হত্যা করায় তাঁরা কোনো আইনগত বা নৈতিক বাধা অনুভব করেছেন। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ওবামার নির্দেশ ছিল ওসামা বিন লাদেনকে জীবিত আটক করার, সেটা করতে গিয়ে যদি মার্কিন সৈন্যরা সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হতেন, তাহলেই কেবল তাঁকে হত্যা করা আইনসিদ্ধ হতো। ‘ক্যাপচার অর কিল’ বলা হয়েছিল এটা বোঝাতেই।
কিন্তু মার্কিন বাহিনীর সদস্যরা এ দুইয়ের মধ্যে পার্থক্য আদৌ বোঝেন বলে ম্যাট বিসোনেটের বর্ণনা থেকে মনে হয় না।


অ্যাবোটাবাদের বাড়িটির মূল ভবনের প্যাঁচানো সিঁড়ির পাটাতনে চিত হয়ে পড়ে আছে লাদেনপুত্র খালিদের রক্তাক্ত লাশ। মার্কিন কমান্ডোরা প্রথমে অতিথিশালায় হত্যা করেছেন লাদেনের বার্তাবাহক আরশাদ খান ওরফে আল-কুয়েতিকে, তারপর মূল ভবনের নিচতলায় হত্যা করেছেন তাঁর ভাই আবরার খানকে ও তাঁর স্ত্রী বুশরাকে। তারপর দোতলার সিঁড়িতে হত্যা করেছেন লাদেনের ছেলে খালিদকে। অতিথিশালায় আরশাদ খান আত্মরক্ষার চেষ্টায় গুলি চালিয়েছিলেন; কিন্তু তার পর থেকে এ পর্যন্ত কমান্ডোদের দিকে আর একটি গুলিও কেউ ছোড়েনি। মার্কিন কমান্ডোরা প্রায় বিনা যুদ্ধে পৌঁছে গেল ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ নামের অভিযানের চূড়ান্ত পর্বে, যার ঘোষিত লক্ষ্য আমেরিকার এক নম্বর শত্রু ওসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত—যেকোনো অবস্থায় আটক করা।
লাদেন তিনতলায়, তাঁর কাছে যেতে হবে এই প্যাঁচানো সিঁড়ি বেয়েই। মসৃণ টাইলের ধাপগুলো পিচ্ছিল হয়ে আছে খালিদের রক্তে। সিঁড়িতে যথারীতি অন্ধকার, কিন্তু নাইট-ভিশন গগলসের ভেতর দিয়ে কমান্ডোরা দেখছেন, সবকিছু ধুয়ে যাচ্ছে সবুজ আভায়। খালিদের লাশের পাশে যে কমান্ডো (পয়েন্ট ম্যান—আক্রমণকারী গ্রুপের সম্মুখ ব্যক্তি) দাঁড়িয়ে ছিলেন, দোতলার ঘরগুলো পরিষ্কার করার পর পেছনের কমান্ডোদের ‘প্রস্তুত’ সংকেত পেয়ে তিনি উঠতে শুরু করলেন ওপরের দিকে। তাঁকে অনুসরণ করতে করতে ম্যাট বিসোনেট ভাবছেন, ‘এ বাড়িতে এখন জীবিত পুরুষ আছেন মাত্র একজন, তিনি লাদেন।...অথবা তিনতলায় কে আছে সেটা কোনো বিষয় নয়। বিষয় হলো, আমরা এগিয়ে যাচ্ছি সম্ভবত একটা বন্দুকযুদ্ধের দিকে, আর এ রকম অপরিসর জায়গায় যেকোনো বন্দুকযুদ্ধ শেষ হতে কয়েক সেকেন্ড লাগে না। ভুল করার কোনো সুযোগ নেই...।’
‘আমার ঠিক সামনেই পয়েন্ট ম্যান, বিশেষ কিছু করার নেই আমার, আমি তার পেছনে আছি তাকে সহযোগিতা করার জন্য। আনুমানিক ১৫ মিনিট পার হয়েছে; শরীরে আত্মঘাতী বোমা বেঁধে নেওয়া অথবা বুলেটভর্তি অস্ত্র হাতে নিয়ে আক্রমণের জন্য ওত পেতে থাকার জন্য এটা যথেষ্ট সময়।...
‘সিঁড়ির ওপরের শেষ ধাপটির সামনে একটা সরু গলির মতো। গলির শেষ মাথায় বেলকনিতে যাওয়ার একটা দরজা। সিঁড়ির শেষ ধাপ থেকে ফুট পাঁচেক সামনে ডানে ও বাঁয়ে দুটি দরজা। সিঁড়িটি অপেক্ষাকৃত সরু...আমার সামনে পয়েন্ট ম্যান, তার সামনে কী, আমি দেখতে পাচ্ছি না...সিঁড়ি ওপরের দিকে ক্রমে আরও সরু হয়ে আসছে...সিঁড়ির শেষ মাথায় উঠতে আমার যখন পাঁচ কি ছয়টি ধাপ বাকি, আমি শুনতে পেলাম শব্দনিরোধকের ভেতর দিয়ে চাপা শব্দে বেরিয়ে গেল দুটি বুলেট: বপ্! বপ্!
‘পয়েন্ট ম্যান তার কাছ থেকে ফুট দশেক সামনে গলিটার ডান দিকের দরজাটি থেকে একটা মাথা বের হতে দেখতে পায়। আমার অবস্থান থেকে বোঝার উপায় নেই, গুলি ঠিক লক্ষ্যবস্তুতে লাগল কি না। লোকটা অন্ধকার ঘরে অদৃশ্য হয়ে গেল।
‘সবার আগে পয়েন্ট ম্যান সিঁড়ির সামনের জায়গাটিতে পৌঁছাল, তারপর ধীরে ধীরে এগোতে লাগল ওই দরজাটির দিকে। না, সিনেমার দৃশ্যের মতো বন্দুক চালাতে চালাতে আমরা ঝড়ের গতিতে ওই ঘরে গিয়ে ঢুকি না; আমরা সময় নিই...পয়েন্ট ম্যান তার রাইফেল তাক করে ঘরটির ভেতরে ঢুকে পড়ে, তার পেছনে আমরা ধীরে ধীরে এগোতে থাকি খোলা দরজাটির দিকে। তাড়াহুড়ো নয়, বরং চৌকাঠের কাছে থেমে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি, ঘরের ভেতরে তাকাই। আমরা দেখতে পাই, একটা খাটের পায়ার কাছে পড়ে আছে এক লোক, তার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন আর আরবি ভাষায় চিৎকার ও বিলাপ করছেন দুই মহিলা। তাঁদের পরনে লম্বা পোশাক, আলুথালু চুল দেখে মনে হয় তাঁরা ঘুমাচ্ছিলেন। তাঁদের মধ্যে কম বয়সী মহিলাটি চোখ তুলে তাকালেন, দরজায় দেখতে পেলেন আমাদের। তিনি আরবিতে চিৎকার করতে করতে ছুটে গেলেন পয়েন্ট ম্যানের দিকে। পাঁচ ফুটেরও কম দূরত্বে দাঁড়িয়ে আমরা। পয়েন্ট ম্যান তার অস্ত্র কাঁধে ঝুলিয়ে রেখে দুই মহিলাকে দুই হাতে ধরে নিয়ে গেলেন ঘরটির এক কোণের দিকে। ওদের দুজনের মধ্যে একজনের শরীরেও যদি আত্মঘাতী বোমা বাঁধা থাকে, তাহলে পয়েন্ট ম্যান সম্ভবত আমাদের জীবন রক্ষা করতে পারবে, কিন্তু সে নিজের প্রাণটা নিশ্চিত খোয়াবে। এই নিঃস্বার্থ সিদ্ধান্তটা সে নিয়েছে এক নিমেষে...।’
আমেরিকা লাদেনকে হাতে পাওয়ার চেষ্টা করেছে দীর্ঘ ২০ বছর ধরে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার পুরস্কার। এমনকি, আফগানিস্তানে পুরোদমে একটা যুদ্ধ বাধিয়ে দিয়েছে, যে যুদ্ধ এক দশক ধরে চলেছে এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ হিসেবে রেকর্ড গড়েছে। লাদেনকে মারতে গিয়ে আমেরিকান সেনারা আফগানিস্তান ও পাকিস্তানে হত্যা করেছেন প্রায় ১৫ হাজার নিরীহ বেসামরিক মানুষকে। কিন্তু ওসামা বিন লাদেন থেকে গেছেন আমেরিকানদের ধরাছোঁয়ার বাইরে। বিল ক্লিনটন ও জর্জ বুশ—দুই প্রেসিডেন্টের শাসনকাল পেরিয়ে গেছে নিষ্ফলভাবে। মার্কিন গোয়েন্দা ও সন্ত্রাসবাদবিরোধী সামরিক কৌশলবিদদের বোকা বানিয়ে লাদেন আফগানিস্তানের দুর্গম পাথুরে পাহাড়-পর্বতের গুহা ছেড়ে পাঁচ বছর ধরে বাস করছেন মার্কিন-মিত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ৮০ মাইল দূরে অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে, যার আশপাশে কোনো পাহাড়-পর্বত বা বনজঙ্গল নেই। ওই বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই পাকিস্তানি মিলিটারি একাডেমি।
মার্কিন গোয়েন্দারা দীর্ঘ সময় গোপন অনুসরণ ও অনুসন্ধানের পর নিশ্চিত হয়েছে, ওই বাড়িতেই বাস করছেন ওসামা বিন লাদেন। ২০০৫ সালে তাঁর জন্যই বাড়িটি বানিয়েছেন পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকার দুই ধনাঢ্য ভাই আরশাদ খান ও আবরার খান। স্থানীয় লোকেরা বাড়িটি চেনে ‘ওয়াজিরিস্তান হাভেলি’ নামে। কিন্তু সেই বাড়ির লোকজনের সঙ্গে তাদের কারও কোনো জানাশোনা নেই। তারা স্থানীয় কারও সঙ্গে মেলামেশা করে না, শিশুরা বাড়ি থেকে বের হয় না। এক একর জমির ওপর তিনতলা বাড়িটি চারপাশ থেকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা; প্রাচীরের উচ্চতা কোথাও ১২ ফুট, কোথাও ১৮ ফুট। তার ওপর রয়েছে কাঁটাতারের বেড়া।
আমেরিকার ‘লাদেন শিকার’ শুরু হওয়ার দশম বছরে, ২০১১ সালের ২ মের প্রথম প্রহরে সেই বাড়ির তিনতলার একটি ঘরের মেঝেতে পড়ে আছেন ওসামা বিন লাদেন; ম্যাট বিসোনেটের সহযোদ্ধা পয়েন্ট ম্যানের একটি গুলিতে উড়ে গেছে তাঁর কপালের ডান পাশ থেকে মাথার একটা অংশ। দরজায় তাঁর মাথাটি দেখামাত্র গুলি চালিয়ে দিয়েছেন পয়েন্ট ম্যান। কিন্তু আনুষ্ঠানিকভাবে কথা ছিল তাঁকে জীবিত অবস্থায় আটকের চেষ্টা করার। সিআইএর সে সময়ের ডিরেক্টর লিওন প্যানেট্টা ৩ মে এক বিবৃতিতে বলেন, ওসামা বিন লাদেন যদি আত্মসমর্পণ করতেন, তাহলে মার্কিন সেনারা তাঁকে গ্রেপ্তার করত। তিনি তা করেননি, তাই মার্কিন বাহিনীর পূর্ণ অধিকার আছে তাঁকে হত্যা করার। লাদেন হত্যা অভিযানের সত্যিকারের বিবরণ তখন পর্যন্ত প্রকাশ পায়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া ঘটনার বিবরণ বারবার বদলে যাচ্ছিল। লন্ডনের গার্ডিয়ান পত্রিকা সে সময় পরিবর্তিত ভাষ্যগুলো নিয়ে আলাদা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রথমে দাবি করা হয়েছিল, আক্রমণের সময় লাদেন সশস্ত্র ছিলেন। তারপর বলা হয়, না, অস্ত্র তাঁর হাতে ছিল না, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি, বরং গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ক্লাউদিও করদোনে ৪ মে মন্তব্য করেন, লাদেন নিরস্ত্র ছিলেন, তাহলে কীভাবে তিনি গ্রেপ্তারে বাধা দিয়েছিলেন, তা পরিষ্কার নয়।
পয়েন্ট ম্যানের বুলেটের আঘাতে খুলির একটা অংশ উড়ে যাওয়ার পরও লাদেন কিছু সময় বেঁচে ছিলেন। পয়েন্ট ম্যান যখন দুই মহিলাকে ঘরটির এক কোণের দিকে নিয়ে যায়, তখন দরজার চৌকাঠে অপেক্ষমাণ ম্যাট বিসোনেট ও তাঁর আরেক সঙ্গী ঘরটির ভেতরে ঢোকেন। ম্যাটের বিবরণ: ‘আমরা দেখতে পেলাম, খাটের পায়ার কাছে মেঝেতে পড়ে আছে লোকটি। তাঁর পরনে সাদা গেঞ্জি, খয়েরি জোব্বা আর ঢিলা খয়েরি পাজামা। পয়েন্ট ম্যানের গুলি ঢুকে গেছে তাঁর মাথার ডান পাশে। খুলির ওই অংশটি থেকে রক্ত ও মগজ বেরিয়ে এসেছে। তখনো তিনি মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন। আমি ও আমার সঙ্গী লেজার যন্ত্রের রশ্মি ফেলে দেখে নিলাম তাঁর বুক; তারপর কয়েকটি গুলি চালালাম। বুলেটগুলো তাঁর বুকে ঢুকে দেহটাকে তুলে আছড়ে ফেলল মেঝের ওপর, তারপর নিথর হয়ে গেল...।’
প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ও সিআইএর পরিচালনায় মার্কিন নেভি সিল টিম সিক্সের ২৪ জন কমান্ডো ২০১১ সালের ১ মে দিবাগত রাতে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে দুটি ‘ব্ল্যাক হক’ স্টিলদ হেলিকপ্টারে করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়ির ওপর যে আক্রমণ চালায়, সেটি যে ওসামা বিন লাদেনকে আটক করার অভিযান (ক্যাপচার অপারেশন) ছিল না, বরং ছিল পূর্বপরিকল্পিত এক হত্যা অভিযান (কিলিং মিশন), ম্যাট বিসোনেটের এই বিবরণ থেকে সেটাই স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগের জন্য এটা বেশ বিব্রতকর। কারণ, বর্ণনাকারী ম্যাট বিসোনেট এমন এক ব্যক্তি, যিনি নিজ হাতে মুমূর্ষু লাদেনকে গুলি করে তাঁর মৃত্যু ত্বরান্বিত ও নিশ্চিত করেছেন। কিন্তু মাথায় গুলিবিদ্ধ লাদেন মেঝেতে পড়ে যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন, তখন তাঁর পক্ষ থেকে মার্কিন কমান্ডোদের জন্য কী এমন হুমকি ছিল যে তাঁর বুকে আবারও গুলি চালিয়ে ওই মুহূর্তেই তাঁর মৃত্যু নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল?
নাইট-ভিশন গগলসের ভেতর দিয়ে তাকালে সবুজ আভায় মানুষকে কি মানুষ বলে মনে হয় না?

আকাশে চাঁদ নেই, অ্যাবোটাবাদ শহরে লোডশেডিং চলছে। সর্বাধুনিক সমরপ্রযুক্তিতে সুসজ্জিত মার্কিন কমান্ডো বাহিনী পুরো অভিযান চালাচ্ছে পিচকালো আঁধারে নিমজ্জিত বাড়িটির ভেতরে। অভিযানে অংশগ্রহণকারী ২৪ জন কমান্ডো, অভিযান পরিচালনাকারী অফিসার ও সিআইএর লোকজন পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বেতারযন্ত্রের একটি নেটওয়ার্কের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে ‘ট্রুপ নেট’। অন্ধকার আকাশের কোথাও চিলের মতো চক্কর খাচ্ছে চালকবিহীন বিমান (ড্রোন), সেখান থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে পুরো অভিযানের ভিডিওচিত্র। ওয়াশিংটন ডিসিতে বসে অভিযান পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারিসহ পেন্টাগন-সিআইএর কর্তারা। লাদেনকে হত্যা করা হয়েছে—অভিযান পরিচালনাকারীর মুখ থেকে তাঁরা এই নিশ্চিত ঘোষণা শোনার জন্য উদগ্রীব।
কিছুক্ষণ আগেই নিথর হয়ে গেছে লাদেনের বিধ্বস্ত-রক্তাক্ত দেহটি; মেঝেতে নিজের রক্তের ধারায় ডুবে যাচ্ছে তাঁর লাশ। খাটে নিজের একটি পায়ের কবজি চেপে ধরে পাগলের মতো চিৎকার করছে একটি মেয়ে; দূরের এক কোণে, ব্যালকনিতে যাওয়ার স্লাইডিং কাচের দরজার গোড়ায় গুটিসুটি বসে আছে তিনটি ভয়ার্ত, নির্বাক শিশু।
ম্যাট বিসোনেট লিখছেন, ‘লাশের পাশে দাঁড়িয়ে আছে ওয়াল্ট। এখনো অন্ধকার, লোকটির মুখ দেখে তাকে চেনা যাচ্ছে না।..আমি আমার হেলমেটের রেইল সিস্টেমের সঙ্গে লাগানো লাইটটি জ্বালালাম।... বাড়ির সব জানালায় পর্দা টানা, বাইরে থেকে কেউ আমাদের দেখতে পাচ্ছে না, সুতরাং এখন আলো জ্বালানো চলে।
‘..বুলেটের আঘাতে চুরমার হয়ে গেছে লোকটির মুখমণ্ডল। কপালের ডান পাশে একটা গর্ত, মাথার ডান অংশটি উড়ে গেছে। ঝাঁজরা হয়ে গেছে বুকের বুলেটবিদ্ধ জায়গাগুলো। সে পড়ে আছে, রক্তের ধারা বেড়ে চলেছে তার চারপাশে। আমি উবু হয়ে আরও কাছে থেকে তাকে দেখার জন্য তাকালাম, আমার পাশে টমও তাই করল।’
‘টম বলল, “আমার মনে হচ্ছে, এ সে-ই।” কিন্তু সঙ্গে সঙ্গে সে কথা বেতারে জানিয়ে দিল না টম, কারণ ও জানে এই খবর ওয়াশিংটনে পৌঁছে যাবে বিদ্যুৎ-স্ফুলিঙ্গের মতো। আমরা জানি, প্রেসিডেন্ট ওবামা শুনছেন। সুতরাং আমাদের কোনো ভুল না হয়ে যায়।
‘আমি আমার মাথার ভেতরের চেকলিস্টগুলো একবার উল্টেপাল্টে দেখে নিলাম: লোকটা বেশ দীর্ঘ। প্রায় ছয় ফুট চার ইঞ্চি। ঠিক আছে, মিলে যাচ্ছে। তিনতলায় পুরুষ লোক থাকার কথা মাত্র একজন, তিনি লাদেন। মিলে যাচ্ছে। দুই বার্তাবাহক যে দুই জায়গায় থাকবেন বলে সিআইএ আমাদের বলেছিল, তাঁরা ঠিক সেই দুই জায়গাতেই ছিলেন। মিলে যাচ্ছে।
‘যতই তাঁর মুখের দিকে দেখি, আমার চোখ আকৃষ্ট হয় নাকটির দিকে। নাকটি অক্ষত আছে, আমার চেনা চেনা মনে হচ্ছে। কিট থেকে বুকলেট বের করে কমপোজিট ফটোগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে লাগলাম। লম্বা নাকটি মিলে যাচ্ছে। দাড়ি ঘনকালো, আমি যেমন ভেবেছিলাম, সে রকম পাকা চুল একটাও চোখে পড়ল না।...
‘রাবারের গ্লাভস হাতে ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলাম, ওয়াল্ট তৈরি হতে লাগল কয়েক সেট ডিএনএ নমুনা সংগ্রহের জন্য।..খাটের ওপর যন্ত্রণায় চিৎকার করছিলেন যে মহিলা, তাঁর পায়ের জখমের শুশ্রূষা করছিল উইল, ও আরবি বলতে পারে। আমরা পরে জেনেছি, মহিলার নাম আমাল আল-ফাতাহ, লাদেনের পঞ্চম স্ত্রী। আমি জানি না কখন কীভাবে তিনি জখম হয়েছেন, কিন্তু জখমটা খুবই সামান্য। সম্ভবত বুলেটের টুকরা বা ভাঙা কোনো কিছুর টুকরার আঘাত লেগেছে তাঁর পায়ের কবজিতে..।”
ঘটনার পরদিন লন্ডনের গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে পাকিস্তানি সামরিক সূত্রের বরাত দিয়ে লেখা হয়, মহিলার নাম আমাল আহমেদ আল-সাদাহ, বয়স ২৯, একজন ইয়েমেনি, লাদেনের সঙ্গে তাঁর বিয়ে হয় আফগানিস্তানে, ১১ বছর আগে। তিনি তাঁর পঞ্চম স্ত্রী। হোয়াইট হাউসের সূত্রে গার্ডিয়ান লেখে, তিনি পায়ে বুলেটবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পত্রিকাটির একই প্রতিবেদনে লেখা হয়, ওই ঘরেই আহত হয়েছিল লাদেনের ১২ বছর বয়সী মেয়ে সাফিনা/সাফিয়া বা আয়েশা। পাকিস্তানি সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে লেখা হয়, মেয়েটির জখম ছিল পায়ের গোড়ালিতে; মার্কিন কমান্ডোরা লাদেনের শোবার ঘরে ঢোকার আগে সম্ভবত গ্রেনেড ছুড়েছিলেন।
লাদেনের মুখমণ্ডলের ছবি তোলার চেষ্টা করছেন ম্যাট। তিনি লিখছেন, ‘ওয়াল্ট তার কিট থেকে ক্যামেলব্যাক হোস টেনে বের করে লোকটার মুখে পানি ছুড়তে লাগল। আমি খাট থেকে একটা কম্বলের এক অংশ ব্যবহার করে তাঁর মুখমণ্ডল থেকে রক্ত মুছে দিতে শুরু করলাম। প্রতি ঘর্ষণে মুখটি আরও পরিচিত মনে হতে লাগল। আমি তাঁকে যে রকম বয়স্ক ভেবেছিলাম, তার চেয়ে বেশ কম বয়সী দেখাচ্ছিল তাঁকে। তাঁর দাড়ি কালো, মনে হয় কলপ লাগানো হয়েছে।’
অভিযানের প্রস্তুতির সময় এক রাতে ম্যাট, ওয়াল্ট ও চার্লির মধ্যে গল্প হচ্ছিল: লাদেনকে পাওয়া গেলে তাঁর শরীরের কোন অংশে গুলি করা উচিত হবে, কার কী মত। ম্যাট লিখছেন: “‘ওয়াল্ট বলেছিল, ‘চেষ্টা কোরো, [মুদ্রণ-অযোগ্য] ..টার মুখমণ্ডলে গুলি না করার। কারণ, ওর ছবি সবাই দেখতে চাইবে।’ চার্লি বলেছিল, “কিন্তু যদি অন্ধকার থাকে, আর আমি ওর মাথা ছাড়া আর কিছুই দেখতে না পাই, তা হলে আত্মঘাতী বোমায় মরার অপেক্ষা করব না।” আমি বলেছিলাম, ‘..সুযোগ যদি পাওয়া যায়, আমি বলব, বুকে গুলি চালানোই ঠিক হবে।’
ম্যাট দেখতে পেলেন, সেই এখন মুখটা সত্যিই বিধ্বস্ত। ছবি তোলার জন্য রক্ত পরিষ্কার করতে করতে তিনি ভাবছেন: ‘এ রকম জঘন্য একটা মুখ এমন কাছে থেকে দেখা কী অদ্ভুত! গত এক দশক ধরে আমরা যুদ্ধ করে চলেছি যে লোকটার কারণে, সে এখন আমার সামনে পড়ে আছে। ছবি তোলার জন্য পৃথিবীর সবচেয়ে বড় দাগি আসামির মুখমণ্ডলের রক্ত পরিষ্কার করার চেষ্টা কেমন পরাবাস্তব মনে হচ্ছে!...এখন আমার দরকার ভালো মানের কিছু ছবি...
‘কম্বল সরিয়ে রেখে আমি আমার ক্যামেরাটা টেনে বের করলাম। এই ক্যামেরায় গত কয়েক বছরে শত শত ছবি তুলেছি আমি।..প্রথমে তুললাম পুরো শরীরের ছবি। তারপর হাঁটু গেড়ে তাঁর মাথার কাছে বসে তুললাম মুখের কয়েকটি ছবি। তাঁর দাড়ি ডানে ও বাঁয়ে সরিয়ে প্রোফাইলের কয়েকটি ছবি নিলাম। আমি আসলে চাচ্ছিলাম তাঁর নাকের ওপর ফোকাস করতে...আমি ওয়াল্টকে বললাম, “ওর ভালো চোখটা খুলে ধরো।” ওয়াল্ট নিচু হয়ে তাঁর চোখের পাতা টেনে ধরল, খুলে গেল প্রাণহীন খয়েরি চোখটি। আমি জুম ইন করে চোখের একটা ছবি নিলাম।...’
নিহত লাদেনের ছবি যুক্তরাষ্ট্র সরকারিভাবে প্রকাশ করেনি। কিন্তু ইন্টারনেটে অনেক ছবি বেরিয়ে পড়েছিল। সেগুলোর অধিকাংশই নকল, বানানো ছবি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ফ্রিডম অব ইনফরমেশন আইন ব্যবহার করে নিহত লাদেনের ছবি প্রকাশ করার জন্য আবেদন করেছিল। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা ছবি প্রকাশের অনুমতি দেননি এই যুক্তি দেখিয়ে যে তার ফলে আমেরিকার প্রতি বিদ্বেষ বেড়ে যাবে। ম্যাট বিসোনেট (মার্ক ওয়েন) তাঁর নো ইজি ডে বইটিতেও কোনো আলোকচিত্র প্রকাশ করেননি।
তিনতলায় লাদেনের শোবার ঘরে ম্যাট যখন নিহত লাদেনের ছবি তোলায় ব্যস্ত, তখন বাইরে অভিযান শেষ করে কমান্ডোদের আফগানিস্তান ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু সেখানে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। এই লেখার আগের পর্বগুলোতে উল্লেখ করা হয়নি যে কমান্ডোদের বহনকারী দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টারের একটি নামার সময় লাদেনের বাড়ির বাইরের প্রাচীরের সঙ্গে তার পুচ্ছদেশের আঘাত লেগে ক্র্যাশ করে। সেটি অচল হয়ে সেখানেই পড়ে আছে। কমান্ডোদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশিষ্ট হেলিকপ্টারটি যথেষ্ট নয়। তাই তাঁদের নিতে আসছে একটি চিনুক হেলিকপ্টার। কিন্তু তার আগে অচল হেলিকপ্টারটিতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে ফেলতে হবে। বাইরে সেসব আয়োজন চলছে, ম্যাট বিসোনেট তাঁর হেলমেটের সঙ্গে যুক্ত ‘ট্রুপ নেটের’ মাইক্রোফোনে অন্য কমান্ডোদের কথাবার্তা শুনছেন, আর লাদেনের ছবি
তুলছেন। দ্বিতীয় দফায় তিনি ছবি তুললেন, সিল বাহিনীর ক্যামেরায়।
ওপাশে তাঁর সহযোদ্ধা ওয়াল্ট সংগ্রহ করছেন লাদেনের ডিএনএ নমুনা: ‘ওয়াল্ট লাদেনের রক্তে তুলা চুবিয়ে নিল, আর কিছু তুলা তাঁর মুখে গুঁজে দিয়ে নিল লালার নমুনা। অবশেষে ও বের করল সিআইএর দেওয়া স্প্রিং লাগানো একটা সিরিঞ্জ, অস্থিমজ্জার নমুনা সংগ্রহের জন্য। ঊরুর হাড়ে এই সিরিঞ্জ ঢুকিয়ে অস্থিমজ্জার নমুনা কীভাবে সংগ্রহ করতে হয় তা আমাদের শেখানো হয়েছে। ওয়াল্ট লাদেনের ঊরুতে সিরিঞ্জ ঢোকানোর চেষ্টা করল, কিন্তু সুঁই কিছুতেই হাড়ের ভেতরে ঢুকছে না...’
অভিযানের এ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তখনো বাকি। সেটি করার চেষ্টা করছেন ম্যাটের আরবি-জানা সহযোদ্ধা উইল। মেঝেতে যে লাশটি পড়ে আছে, সেটি যে সত্যিই ওসামা বিন লাদেনের, এটা নিশ্চিত করতে হবে। ম্যাট লিখছেন, ‘লাদেনের স্ত্রী আমাল পায়ের জখম নিয়ে এখন ছটফট করে চলেছেন, তিনি কোনো কথা বলতে নারাজ। অন্য মহিলার চোখ দুটি কান্নায় ফুলে উঠেছে, উইল আরবিতে তাঁকে বারবার জিজ্ঞেস করছে, মৃত লোকটি কে? কিন্তু মহিলা কিছু বলছেন না, শক্ত হয়ে আছেন।
“তাঁর নাম কী?”
‘মহিলা বললেন, “শেখ।”’
‘উইল বলল, “শেখ কে?” মহিলা আরও কয়েকটি ডাক নাম বা ছদ্মনাম বললেন। উইল তখন সেখান থেকে গেল ব্যালকনিতে, শিশুদের কাছে। ওরা তখনো সেখানে দেয়ালের পাশে চুপ করে বসে আছে। উইল হাঁটু গেড়ে ওদের সামনে বসে একটি মেয়েকে বলল, “কে এই লোক?”
‘মেয়েটি মিথ্যা বলতে জানে না, সে বলল, “ওসামা বিন লাদেন।”
‘উইলের মুখে হাসি ফুটে উঠল। ও মেয়েটিকে জিজ্ঞেস করল, “তুমি সত্যিই জানো তো, এটা ওসামা বিন লাদেন?”
মেয়েটি বলল, “হ্যাঁ।”
‘...ব্যালকনি থেকে ফিরে আসার সময় উইল হলওয়েতে লাদেনের এক স্ত্রীর হাত চেপে ধরে জোরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, “এখন তামাশা বন্ধ করেন!”
আগের চেয়ে কঠোর কণ্ঠে সে জিজ্ঞেস করল, “শোবার ঘরে লোকটি কে?”
মহিলা কাঁদতে শুরু করলেন। ভীষণ ভয় পেয়ে বললেন, “ওসামা।”
উইল বলল, “ওসামা কী?”
মহিলা বললেন, “ওসামা বিন লাদেন”।

অভিযানে অংশগ্রহণকারী মার্কিন কমান্ডো, অফিসার ও সিআইএ অপারেটিভরা ‘ট্রুপ নেটের’ বেতারযন্ত্রে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছিলেন সাংকেতিক ভাষায়। ম্যাট বিসোনেটের (মার্ক ওয়েন) নো ইজি ডে বইয়ের বিবরণে লক্ষ করি, তাঁরা কখনো লাদেন বা ওসামা নামটি উচ্চারণ করেননি। কখনো বলেছেন ‘আওয়ার বয়’, কখনো ‘আওয়ার গাই’, কখনো ‘ইউবিএল’। কিন্তু আনুষ্ঠানিকভাবে লাদেনের সাংকেতিক একটি নাম নির্ধারণ করা হয়েছিল, সেটি ‘জেরোনিমো’।
ম্যাটের সহযোগী উইল, যিনি আরবি বলতে পারেন, এক শিশু ও এক নারীর সাক্ষ্যে যখন নিশ্চিত হলেন যে তিনতলার শোবার ঘরের মেঝেতে যে লাশটি পড়ে আছে, সেটা ওসামা বিন লাদেনের, তখন তিনি তাঁর হেলমেটের সঙ্গে লাগানো ট্রুপ নেটের বেতারযন্ত্রের স্পিকারে বললেন, দুই দফায় নিশ্চিত হওয়া গেল। ছোট্ট মেয়েটি ও বয়স্ক নারী—দুজনেই বলছে একই কথা। এ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন উইল। তারপর টমকে সঙ্গে নিয়ে ঢুকলেন অভিযানের নেতা জে। সিআইএর দেওয়া লাদেনের ছবি নিহত লাদেনের মুখের পাশে রেখে শনাক্ত করলেন তাঁকে এবং ছবি তুললেন। তারপর দ্রুত বেরিয়ে গিয়ে স্যাটেলাইট বেতারে যোগাযোগ করলেন আফগানিস্তানের জালালাবাদে অ্যাডমিরাল ম্যাকর‌্যাভেনের সঙ্গে। আফগান যুদ্ধে মার্কিন জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ডের কমান্ডার ম্যাকর‌্যাভেন জালালাবাদ থেকে প্রতি মুহূর্তের শেষ খবর পৌঁছে দিচ্ছেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ভিডিও পর্দায় অভিযান পর্যবেক্ষণরত প্রেসিডেন্ট ওবামা ও তাঁর পারিষদকে। জে তাঁকে উদ্দেশ করে বললেন, ‘ঈশ্বর ও স্বদেশের নামে, আমি জেরোনিমো সম্পর্কে সর্বশেষ সংবাদ জানাচ্ছি: জেরোনিমো ই.কে.আই.এ. (এনিমি কিল্ড ইন অ্যাকশন)।’
তার কয়েক ঘণ্টা পর আমেরিকার জনগণ ও বিশ্ববাসী টেলিভিশনের পর্দায় দেখতে পায়, হোয়াইট হাউসের লালগালিচা বিছানো করিডর ধরে গট গট করে হেঁটে এসে মাইকের সামনে দাঁড়ালেন প্রেসিডেন্ট ওবামা, দৃঢ় কণ্ঠে বললেন: ‘যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ববাসীকে আজ আমি জানাতে পারি, যুক্তরাষ্ট্র একটি অভিযান চালিয়ে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।...আল-কায়েদার সন্ত্রাসের কাছে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাঁদের বলতে পারি, ন্যায়বিচার সম্পন্ন করা হয়েছে..।’ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বললেন, ‘ওসামা বিন লাদেনের মৃত্যু সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিন্ন বৈশ্বিক লড়াইয়ে একটি মোড় ফেরানো মুহূর্ত। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত স্বস্তি বোধ করছি যে ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।’ কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ঘটনার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। ইউরোপের কয়েকজন বিশিষ্ট মানবাধিকার আইনজ্ঞ এই ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদেরকে না জানিয়ে তাদের সীমান্ত অতিক্রম করে ওই হামলা চালানো হয়েছে বলে।
কিন্তু লাদেন হত্যা অভিযান পুরোপুরি শেষ হতে আরও কিছু সময় বাকি। ম্যাট বিসোনেট ট্রুপ নেটের বেতারযন্ত্রে শুনতে পাচ্ছেন, অন্য কমান্ডোরা বাড়িটির বিভিন্ন ঘর থেকে লাদেনের ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম, নথিপত্র, গোয়েন্দা তথ্য ইত্যাদি সংগ্রহের কাজে আরও সহযোগিতা চাইছেন। নিচে, বাইরের উঠানে অচল হেলিকপ্টারটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার প্রস্তুতি চলছে। সিল টিমের (মার্কিন নৌবাহিনীর সি, এয়ার অ্যান্ড ল্যান্ড টিম—সিইএএল) একজনকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে আছেন একজন ইওডি টেক (এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল টেকনিশিয়ান, বিস্ফোরক বিশেষজ্ঞ)। ম্যাট শুনতে পাচ্ছেন, সিল সদস্যটি বলছে, ‘আমরা এখন বিস্ফোরণ ঘটাতে যাচ্ছি।’ সামরিক সাংকেতিক ভাষায় ‘বুঝেছি’ বলে বিস্ফোরক বিশেষজ্ঞ টেকনিশিয়ানটি বাড়ির মূল ভবনের মেঝেতে বিস্ফোরক বসাতে শুরু করে দিল।
‘কী করছ?’ সিল সদস্যটি চিৎকার করে বলল ইওডিকে।
‘তুমি আমাকে বললে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিতে, ঠিক আছে?’
‘বাড়ি উড়িয়ে দিতে বলিনি, হেলিকপ্টারটা।’
‘কোন হেলিকপ্টার?’
বিস্ফোরক বিশেষজ্ঞ তখনো জানেন না যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, ধ্বংস করতে বলা হচ্ছে সেটিকে। হেলিকপ্টারটির চালকদল সেটির ভেতরের ক্ল্যাসিফাইড যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে ধ্বংস করে ফেলছেন। বিস্ফোরক বিশেষজ্ঞ ও সিল সদস্যটি গিয়ে হেলিকপ্টারটির ফিউলিলেজের চারপাশে বিস্ফোরক স্থাপন করতে লাগলেন। অক্ষত একমাত্র ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ও আর বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের (কিউআরএফ) সদস্যদের বহনকারী সিএইচ-৪৭ হেলিকপ্টারটি কাছাকাছি বেশ নিচু দিয়ে ধীরে ধীরে চক্কর খাচ্ছে। ওগুলোর জ্বালানি ফুরিয়ে আসছে।
এই সময় বেতারযন্ত্রে ম্যাট শুনতে পেলেন সহযোদ্ধা মাইকের কণ্ঠ: আর মাত্র ১০ মিনিট। এর মধ্যেই সব কাজ শেষ করে হেলিকপ্টারে উঠে পড়তে হবে। ফিরে যেতে হবে আফগানিস্তানের জালালাবাদে। কিন্তু ভেতরে আরও অনেক কাজ বাকি। দোতলার কয়েকটি ঘরে লাদেনের মিডিয়া বিভাগ, ওখানে একটা অফিস বানিয়েছিলেন তিনি। তাঁর কম্পিউটারগুলো রাখা ছিল সেখানে, সেখানে বসেই তিনি বক্তৃতাগুলো রেকর্ড করে বাইরে পাঠিয়ে দিতেন। ম্যাট লিখছেন, ‘ঘরগুলো বেশ সাজানো-গোছানো। প্রতিটি জিনিস সুনির্দিষ্ট জায়গায় ঠিকমতো রাখা। সিডি, ডিভিডি, মেমোরি কার্ড—সবকিছু বেশ গুছিয়ে রাখা। সিল সদস্যরা বিশেষ যত্নের সঙ্গে সংগ্রহ করছিল ইলেকট্রনিক যন্ত্রপাতি: কম্পিউটার, রেকর্ডার, মেমোরি কার্ড, থাম ড্রাইভ। প্রশিক্ষণের সময় সিআইএ আমাদের বলেছিল, লাদেন কী ধরনের ডিজিটাল ভয়েস রেকর্ডার ব্যবহার করেন, এমনকি নমুনাও দেখিয়েছিল। সিল সদস্যরা দোতলায় হুবহু একই রকমের রেকর্ডার পেয়েছে..।
‘ছবি তোলা ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষ হলে ওয়াল্ট ও আরেকজন সিল সদস্য লাদেনের পা দুটি ধরে টেনে ঘরের বাইরে নিয়ে গেল...ওরা সিঁড়ি বেয়ে লাশটি নিচে নামিয়ে নিয়ে গেল। আমি ওই ঘরেই রয়ে গেলাম, গুরুত্বপূর্ণ যা কিছু চোখে পড়ল, সংগ্রহ করতে লাগলাম। তেমন কিছু নেই। কিছু কাগজপত্র, সম্ভবত ধর্মীয় লেখা, আর কয়েকটি অডিও ক্যাসেট ঢুকিয়ে নিলাম ব্যাগের মধ্যে। লাদেনের ব্যবহূত এসব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা হালকা, মুড়িয়ে পকেটে রাখা যায়—এমন ব্যাগ সঙ্গে নিয়ে এসেছি।...তারপর দ্রুত সার্চ করে নিলাম সবুজ টাইল বসানো বাথরুমটি। সেখানেও তেমন কিছু নেই। চুলের কলপের একটা বাক্স দেখতে পেলাম, শুধু পুরুষের জন্য...বাথরুম আর অফিসের মাঝখানের দেয়ালে একটি কাঠের আলমারি, সেটির দুই কপাট প্রায় ছয় ফুট উঁচু, ভেতরে কয়েক সেট পোশাক: জোব্বা, ঢোলা পাজামা, কুর্তা...সবকিছু এত পরিষ্কার-পরিচ্ছন্ন যে আমি অভিভূত হয়ে গেলাম...তাঁর সবগুলো গেঞ্জি চৌকোণ করে ভাঁজ করে একটার ওপর আরেকটা পরিপাটি করে সাজিয়ে রাখা। হ্যাঙ্গারে ঝোলানো পোশাকগুলো একদম নিভাঁজ।...কয়েকটি জোব্বা ও কুর্তা আমার ব্যাগে গুঁজে নিলাম...বেরিয়ে আসার আগে লক্ষ করলাম, দরজার ওপরে একটা শেলফ...আমি হাত ঢুকিয়ে দিলাম, হাতে ঠেকল দুটি অস্ত্রের স্পর্শ: একটি একে-৪৭ রাইফেল, আর হোলস্টারের মধ্যে একটি মাকারভ পিস্তল। দুটোই নামিয়ে এনে ম্যাগাজিন খুলে চেম্বারগুলো দেখলাম। দুটো চেম্বারই শূন্য।’
প্রেসিডেন্ট ওবামা তাঁর জনগণ ও বিশ্ববাসীকে জানিয়েছেন, ওসামা বিন লাদেন ‘গানফাইটে’ মারা গেছেন। অভিযানের কমান্ডার প্রেসিডেন্টকে জানিয়েছেন, ‘এনিমি কিল্ড ইন অ্যাকশন।’ কিন্তু লাদেনের শোবার ঘরে তাঁর বহুদিনের ব্যবহূত দুটি অস্ত্রের (কথিত আছে, একে-৪৭ রাইফেলটি লাদেন ছিনিয়ে নিয়েছিলেন এক সোভিয়েত জেনারেলের কাছ থেকে, যখন তিনি আফগানিস্তানকে সোভিয়েতদের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য মুজাহিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, আর আমেরিকা ও পাকিস্তান তাঁকে অস্ত্র, গোলাবারুদ, টাকা-পয়সা ও বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিল) শূন্য চেম্বার দেখে সিল টিম সিক্সের দুর্ধর্ষ যোদ্ধা ম্যাট বিসোনেটের মনে হচ্ছে, লাদেন ‘এমনকি আত্মরক্ষার প্রস্তুতিটুকুও নেননি। লড়াই করার কোনো ইচ্ছাই তাঁর ছিল না। দুই দশক ধরে তিনি তাঁর অনুসারীদের উদ্বুদ্ধ করেছেন বুকে আত্মঘাতী বোমা বেঁধে নিতে, বা বিমানসুদ্ধ বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়তে। কিন্তু তিনি নিজে হাত বাড়িয়ে অস্ত্রটি তুলেও নেননি। আমরা সব সময়ই এই বিষয়টা লক্ষ করেছি: নেতা যত ওপরের দিকের, ততই তাঁর ভয় বেশি। সরাসরি লড়াইয়ের ব্যাপারে নেতাদের আগ্রহ কম। বুকে বিস্ফোরক বেঁধে নিজেদের উড়িয়ে দেয় সব সময়ই তরুণেরা, যাদের মন কচি, সহজেই প্রভাবিত হয়।...
‘আমার বরং বেশি শ্রদ্ধাবোধ হচ্ছে অতিথিশালার আল-কুয়েতির প্রতি, তিনি অন্তত চেষ্টা করেছিলেন নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে। আত্মরক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অন্য সবার চেয়ে বেশি সময় পেয়েছিলেন লাদেন, কিন্তু তিনি কিছুই করেননি। নিজের আদর্শের প্রতি তাঁর নিজেরই বিশ্বাস ছিল তো? যে যুদ্ধের ডাক তিনি দিয়েছিলেন, সেই যুদ্ধে লড়ার আগ্রহ কি তাঁর ছিল? আমার তা মনে হয় না। যদি তাঁর সে আগ্রহ থাকত, তা হলে নিজের বিশ্বাসের জন্য অন্তত অস্ত্র হাতে নিয়ে উঠে দাঁড়াতেন। যে আদর্শের জন্য নিজে লড়বেন না, তার জন্য অন্যদের প্রাণ উৎসর্গ করতে পাঠানোর মধ্যে কোনো সম্মান নেই...।’
ইতিমধ্যে এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। আশপাশের লোকজন টের পেয়ে গেছে ‘ওয়াজিরিস্তান হাভেলি’ নামের রহস্যময় বাড়িটিতে কিছু ঘটছে। কৌতূহলী কিছু মানুষ জড়ো হয়েছে বাড়িটির সামনের রাস্তায়। তাদের সামাল দিচ্ছেন আলী নামের এক দোভাষী, তিনি আফগান না পাকিস্তানি, কীভাবে, কখন তিনি কমান্ডোদের সঙ্গে যোগ দিয়েছেন, নাকি হেলিকপ্টারে করে তাঁদের সঙ্গেই এসেছেন—ম্যাট বিসোনেট এসব কিছুই লেখেননি। শুধু লিখেছেন, বাড়ির সামনে সিল টিমের চার কমান্ডোর সঙ্গে আলী আছেন অভিযানের একদম শুরু থেকে। রাত দেড়টার দিকে অভিযানের প্রায় শেষ পর্যায়ে বাড়িটির সামনের রাস্তায় কিছু কৌতূহলী লোক জড়ো হলে আলী তাঁদের বলেন, ‘নিরাপত্তা অভিযান চলছে। আপনারা নিজ নিজ ঘরে চলে যান।’ লোকজন চলে গেছে।
সময় ফুরিয়ে আসছে দ্রুত, হাতে আর মাত্র পাঁচ মিনিট। ম্যাট তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। ওয়াল্ট ও আরেক কমান্ডো একটু আগেই নামিয়ে নিয়ে গেছে লাদেনের লাশ। সিঁড়ি রক্তে পিচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতে নামতে ম্যাট দেখতে পেলেন, নিচে ‘ওরা খালিদের লাশের ওপর টেনে তুললেন লাদেনের লাশ। ছেলের সাদা জামা ভিজে গেল বাবার রক্তে...
কথা ছিল, ৩০ মিনিটের মধ্যে অভিযান শেষ করে ফেরার পথে যাত্রা শুরু করতে হবে। কিন্তু গোটানোর কাজ শেষ হয়নি; তিনতলা বাড়িটির সব তলায় এখনো কমান্ডোরা তল্লাশি চালাচ্ছেন, ব্যাগে ভরে নিচ্ছেন লাদেনের ব্যবহূত নানা সরঞ্জাম। নির্ধারিত ৩০ মিনিট পেরিয়ে যাচ্ছে দেখে জালালাবাদ থেকে অ্যাডমিরাল ম্যাকর্যাবভেনের কাছ থেকে আরও ১০ মিনিট সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবু কাজ শেষ হচ্ছে না, অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাচ্ছে; অনেক জায়গা তল্লাশি ছাড়াই ছেড়ে আসতে হচ্ছে। ওদিকে হেলিকপ্টারের জ্বালানি ফুরিয়ে আসছে, তা ছাড়া কখন পাকিস্তানি পুলিশ বা সামরিক বাহিনী এসে পড়ে, সেটাও বড় এক দুশ্চিন্তার কথা।
এ রকম অবস্থায় ম্যাক বিসোনেটের মনে হচ্ছে, ‘আমরা এসেছি লাদেনের জন্য, তাঁকে পাওয়া গেছে, ব্যস। এখন সময় ভালোয় ভালোয় ফিরে যাওয়া যাক।’ তিনি বেতারযন্ত্রে শুনতে পেলেন সহযোদ্ধা মাইকের কণ্ঠ: ‘নারী ও বাচ্চাদের একত্র করে কম্পাউন্ডের বাইরে নিয়ে যাও।’ কারণ, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে বিস্ফোরক লাগানো শেষ হয়েছে, এখনই সেটি উড়িয়ে দেওয়া হবে। ম্যাটের সহযোদ্ধা উইল নারী ও শিশুদের বাইরে বের করে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারছেন না। নারীরা ফুঁপিয়ে কেঁদে চলেছেন, চিৎকার করে কাঁদছে শিশুদের কেউ, গাঁট হয়ে বসে আছে অন্যরা। নড়াচড়া করতে চাইছে না কেউ।
ম্যাট মূল ভবনের নিচতলা থেকে বেরিয়ে এলেন। লাদেনের বার্তাবাহক আরশাদ খান ওরফে আল-কুয়েতিকে যেখানে হত্যা করা হয়েছে, সেই অতিথিশালার উঠোনের এক কোণে দেখতে পেলেন আল-কুয়েতির স্ত্রী ও শিশুরা উবু হয়ে বসে আছে। এই সময় ট্রুপ নেটের বেতারে বেজে উঠল সহযোদ্ধা মাইকের জরুরি ডাক: ‘তোমরা যে যা করছ, সব বন্ধ করে হেলিকপ্টারের দিকে এগোও।’ ম্যাট তাড়াতাড়ি আল-কুয়েতির স্ত্রী ও শিশুদের উঠোন থেকে তুলে অতিথিশালার ভেতরে নিয়ে গেলেন। বিধ্বস্ত হেলিকপ্টারের বিস্ফোরণটি হবে বিরাট, কিন্তু অতিথিশালার ভেতরে থাকলে তাঁদের আঘাত পাওয়ার আশঙ্কা নেই—এটা ভেবে ম্যাট তাঁদের ইংরেজিতে বললেন, ‘এখানেই থাকো।’ তারপর বেরিয়ে এসে পেছন থেকে দরজা বন্ধ করে দিয়ে ছুটলেন; গেটের বাইরে বেরিয়ে ডানে ঘুরে চোঁ দৌড় লাগালেন সেই দিক লক্ষ করে, যেখানে অন্য কমান্ডোরা হেলিকপ্টারে ওঠার জন্য জড়ো হয়েছেন। স্নাইপাররা হেলিকপ্টার নামার জায়গাটি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে যেটি অক্ষত আছে, সেটিতে উঠবেন ম্যাক ও তাঁর দলের সঙ্গীরা, তাঁদের সঙ্গে থাকবে লাদেনের লাশ। সেটি ইতিমধ্যে ঢোকানো হয়েছে মৃতদেহ বহনের একটি ব্যাগে, কমান্ডোরা সংক্ষেপে সেটাকে বলছেন ‘বডি ব্যাগ’। বডি ব্যাগ নিয়ে তাঁরা লাইন ধরে অপেক্ষা করছেন ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টারটিতে ওঠার জন্য। সিএইচ-৪৭ হেলিকপ্টারের তুলনায় এই ব্ল্যাক হক অনেক ছোট, আকাশে এটা নিয়ে কেরামতি করা যায় অপেক্ষাকৃত সহজে। বড়টার তুলনায় এতে গুলি লাগার আশঙ্কা কম। এ জন্যই এটিতে বহন করা হবে লাদেনের লাশ। বিধ্বস্ত হেলিকপ্টারটির কমান্ডোরাসহ অন্যরা যাবেন বড় সিএইচ-৪৭ হেলিকপ্টারে।
এর মধ্যে আশপাশের বাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে। ম্যাট দেখতে পেলেন কয়েকটি জানালায় লোকজনের কৌতূহলী মুখ। আলী নামের দোভাষী লোকটি পশতু ভাষায় চিৎকার করে লোকজনকে বলছেন ঘরে চলে যেতে। ম্যাট কমান্ডোদের মাথা গুনতে শুরু করলেন; শেষে দেখলেন উইল নামের সহযোদ্ধাটি নেই। ম্যাট ট্রুপ নেটের বেতারে উইলকে খোঁজা শুরু করবেন, এমন সময় দেখতে পেলেন, ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছেন উইল। বডি ব্যাগের পাশে দাঁড়িয়ে ওয়াল্ট, তাঁর পাশে জায়গা নিয়ে ম্যাট দেখতে পেলেন, ব্ল্যাক হক হেলিকপ্টারটি নেমে আসছে তাঁদের নেওয়ার জন্য। মাটির কাছাকাছি নামতে সেটির পাখার বাতাসে ধুলো আর খড়কুটো-আবর্জনার ঝড় উঠল, কমান্ডোরা মাথা নিচু করলেন চোখ বাঁচাতে। হেলিকপ্টারটি মাটিতে থিতু হলে ম্যাট আর ওয়াল্টসহ কয়েকজন মিলে লাদেনের লাশসমেত বডি ব্যাগটি তুলে নিয়ে ছুটলেন সেটির দরজার দিকে। সদ্য লাঙল চালানো জমিতে ঢাউস এক একটা মাটির ঢেলায় হোঁচট খেতে খেতে লাদেনের ছয় ফুট চার ইঞ্চি লাশ কাঁধে নিয়ে তাঁরা শ খানেক গজ দৌড়ে গিয়ে দাঁড়ালেন হেলিকপ্টারের খোলা দরজার কাছে। লাশের ব্যাগটি হেলিকপ্টারের ডেকে ছুড়ে দিয়ে তাঁরা উঠে পড়লেন দ্রুত। এই হেলিকপ্টারে যাঁদের যাওয়ার কথা, উঠে পড়লেন তাঁরা সবাই। কিন্তু উড়ছে না ব্ল্যাক হক। একা উড়বে না সে। ম্যাটের মন্তব্য, হেলিকপ্টার ওড়ে জোড়া ফড়িংয়ের মতো। কিন্তু এর অন্য জোড়াটির দেখা নেই। সিএইচ-৪৭ হেলিকপ্টারটি এখনো এসে পৌঁছায়নি। অপেক্ষা করছে ব্ল্যাক হক। ম্যাট বিসোনেট ভয় পাচ্ছেন: এই বুঝি ছুটে এল একটা রকেট প্রপেল্ড গ্রেনেড। অথবা পাকিস্তানি সামরিক বাহিনী হয়তো ইতিমধ্যে রওনা দিয়েছে এই বাড়ির উদ্দেশে। আশপাশে এত লোক জেনে ফেলেছে, আর ওরা খবর পায়নি, এটা কি হয়? ‘আমরা তো একটা আগ্রাসী সৈন্য বাহিনী; ঢুকে পড়েছি একটা স্বাধীন-সার্বভৌম দেশের ভূখণ্ডের ভেতরে!’
অভিযান শেষ করার জন্য বাড়তি যে ১০ মিনিট সময় নেওয়া হয়েছে, তা থেকে পেরিয়ে গেছে আট মিনিট। হেলিকপ্টারটিতে বিস্ফোরক লাগানো হয়েছে এমনভাবে যে বিস্ফোরণ ঘটবে ঠিক পাঁচ মিনিটের মাথায়। ইতিমধ্যে পেরিয়ে গেছে চার মিনিট। এ সময় দেখা গেল, অচল হেলিকপ্টারটি বিস্ফোরণ ঘটানোর দায়িত্বপ্রাপ্ত সিল সদস্যটি চিৎকার করে ডাকছেন অভিযানের কমান্ডার জের নাম ধরে। জে দাঁড়িয়ে আছেন সেই জায়গায়, যেখানে সিএইচ-৪৭ হেলিকপ্টারটি নামার কথা। হেলিকপ্টারটির নিরাপদ অবতরণের চিন্তায় মগ্ন জে লক্ষই করেননি, কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর কাছ থেকে সামান্য দূরেই ঘটতে যাচ্ছে এক ভয়ংকর বিস্ফোরণ। সিল সদস্যটি সেখানে ছুটে গিয়ে জে বললেন, ‘আর ৩০ সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটবে, এই এলাকা থেকে সব হেলিকপ্টার এক্ষুনি সরিয়ে নিতে হবে। সিএইচ-৪৭-কে এখন নামতে নিষেধ করে দাও।’ জের জানা আছে, অচল হেলিকপ্টারটিতে যে বিস্ফোরণ ঘটবে, তাতে নামতে থাকা সিএইচ-৪৭ হেলিকপ্টার আকাশ থেকে ছিটকে পড়ে যাবে ভূমিতে, আর নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে ‘ব্ল্যাক হক’, ধ্বংস হয়ে যাবে সেটা। জে বেতারে সিএইচ-৪৭ হেলিকপ্টারের চালকের সঙ্গে কথা বলতে শুরু করলেন।
আর মাত্র ৩০ সেকেন্ড। ওসামা বিন লাদেনের লাশ, ম্যাট বিসোনেট ও তাঁর টিমের কমান্ডোদের নিয়ে অক্ষত ব্ল্যাক হক হেলিকপ্টারটি দ্রুত উড়ল আকাশে। দক্ষিণ-পূর্ব দিকে কাত হয়ে গতি সঞ্চার করতে লাগল সেটি। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লাদেনের বাড়ির সামনের চত্বর; বিশাল অগ্নিকুণ্ডলী উঠে এল আকাশে। সে আলোয় মুহূর্তের জন্য ঝলকে উঠল হেলিকপ্টারের কেবিন।
বিস্ফোরণের পর সিএইচ-৪৭ হেলিকপ্টারটি এসে নামে। অবশিষ্ট সব কমান্ডোসহ অভিযান দলের অন্য সবাই সেটিতে দ্রুত উঠে পড়েন। দ্রুতই সেটি আফগানিস্তানের জালালাবাদের উদ্দেশে উড়ে যায়। মার্কিন কমান্ডো দল নিয়ে যায় শুধু লাদেনের লাশ। অন্য লাশগুলো আর আহত দুই নারীসহ শিশুদের ওই বাড়িতে রেখেই তাঁরা চলে যান।
বিস্ফোরণের শব্দে পুরো অ্যাবোটাবাদ শহরই যেন মধ্যরাতে জেগে ওঠে। কৌতূহলী লোকজন বেরিয়ে আসে আশপাশের ঘরবাড়ি থেকে। খবর পেয়ে যায় পাকিস্তানি সামরিক বাহিনীও; খবর না পাওয়ার কোনো কারণ নেই। ওই বাড়ি থেকে মাত্র এক মাইলের মধ্যেই বিশ্ববিখ্যাত পাকিস্তানি মিলিটারি একাডেমি; আর পুরো অ্যাবোটাবাদ শহরটাকেই বলা হয় সেনাদের শহর। মার্কিন কমান্ডোদের নিয়ে হেলিকপ্টারগুলো পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে আফগানিস্তানের আকাশে ঢোকার আগেই ৩০ মিলিমিটার ক্যানন শেল আর এয়ার-টু-এয়ার মিসাইলে সজ্জিত পাকিস্তানি বিমানবাহিনীর দুটি এফ-১৬ জঙ্গি বিমান পাকিস্তানের আকাশ চিড়ে ছুটে যায় অ্যাবোটাবাদের দিকে।
এ খবর অবশ্য ম্যাট বিসোনেট বা তাঁর সহযোদ্ধারা পাননি; জালালাবাদমুখী হেলিকপ্টারে বসে তাঁরা বুক ভরে নিশ্বাস নিচ্ছেন। ৩০ মিনিটের অভিযান শেষ করতে লেগেছে ৩৮ মিনিট। একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বটে, কিন্তু হতাহত হননি একজনও। আকাশে হেলিকপ্টারের কেবিনেও অন্ধকার। শুধু আলো জ্বলছে ককপিটের ড্যাশবোর্ডে। আর ম্যাট দেখতে পাচ্ছেন কনসোলে কয়েকটি মিটারের আলো, জ্বালানির মিটারটিও আছে ওই সারিতে। ম্যাট লক্ষ করলেন, জ্বালানির মিটারটিতে লাল রঙের আলো জ্বলছে আর নিভছে। পাইলট না হয়েও তিনি জানেন, হেলিকপ্টারের ককপিটে এ রকম লালবাতি জ্বলা আর নেভার অর্থ ভালো কিছু নয়।
৩৮ মিনিট আগে ম্যাট ও তাঁর সঙ্গীদের নিয়ে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার অ্যাবোটাবাদে লাদেনের বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে লাদেন শিকার অভিযান সমাপ্ত হয়েছে, এবার কি দ্বিতীয় ব্ল্যাক হকও কোনো বিপদে পড়তে চলেছে
কমান্ডোরা এই অভিযানের জন্য প্রশিক্ষণের সময় জেনেছিলেন, অভিযান শেষ করে ফেরার পথে ১০ মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে মাঝপথে জ্বালানি ভরানোর জায়গা বা ফরোয়ার্ড এরিয়া রিফুয়েলিং পয়েন্টে। ম্যাট বিসোনেটের উদ্বেগ দূর হলো, যখন তিনি দেখতে পেলেন যথা সময়ে তাঁদের হেলিকপ্টারটি রিফুয়েলিং পয়েন্টের মাটি ছুঁয়েছে। সেখানে নতুন করে জ্বালানি ভরার পর ব্ল্যাক হক ও সিএইচ-৪৭ একসঙ্গে আবার যাত্রা করে জালালাবাদের উদ্দেশে।
হেলিকপ্টারে জায়গা কম। ম্যাট লিখছেন, ‘ঠাসাঠাসি করে বসেছি আমরা। আমার পাশে টম। জায়গা নেই বলে ওয়াল্টকে বসতে হয়েছে লাদেনের লাশের ওপর।’ জ্বালানি নিতে সময় লেগেছে ২০ মিনিট। জায়গাটা পাকিস্তানের ভূখণ্ডের ভেতরেই। এখন যত দ্রুত সম্ভব আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া দরকার। ম্যাট ‘মনের চোখে’ দেখতে পাচ্ছেন তাঁদের হেলিকপ্টারের পেছনে ধেয়ে আসছে পাকিস্তানি জঙ্গি বিমান। প্রশিক্ষণের সময় তাঁরা পাকিস্তানি বিমান প্রতিরক্ষাব্যবস্থার যেসব মানচিত্র দেখেছিলেন, সেগুলোর ছবি ভেসে উঠল তাঁর মনে। তাঁর ধারণা, তাঁরা যে পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে এসে অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ফিরে যাচ্ছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর এটা জানতে না পারার কোনো কারণ নেই। এখন দরকার দ্রুত ছুটে যাওয়া, যেন পেছন থেকে ওরা ধাওয়া করে নাগাল না পায়।
ম্যাট লিখছেন, এই উদ্বেগ থেকে তিনি রক্ষা পেলেন যখন সহযোদ্ধা টম প্রস্তাব করলেন, লাদেনের লাশটি আবার তল্লাশি করে দেখা হোক। ‘ওয়াল্ট লাদেনের বুকের ওপর থেকে নেমে এসে এক জোড়া রাবারের গ্লাভস পরে নিল হাতে। আমি বডি ব্যাগের জিপার টেনে নিচে নামালাম। আমরা ব্যাগটি খুললাম, লাশটা উন্মুক্ত হয়ে পড়ল। ওয়াল্ট থাবড়াতে শুরু করল, প্রথমে সামনের দিকটায়, তারপর হাত ঢুকিয়ে দিল পাঁজর ও পিঠের দিকে। আমরা তাঁর পাজামার পকেটগুলো হাতড়ে দেখলাম, যদি কোনো কাগজের টুকরো, একটা চিরকুট, ফোন নাম্বার বা অন্য কোনো তথ্য পাওয়া যায়।
‘ওয়াল্ট যখন লাদেনের দেহ তল্লাশী করছিল, তখন আমি লক্ষ করলাম, হেলিকপ্টারের দুই প্রধান ক্রু অন্যদের কাঁধের ওপর দিয়ে গলা বাড়িয়ে চোরা চোখে লাশটি দেখার চেষ্টা করছেন। আমরা তাঁদের দিকে হাত নাড়লাম; তারপর একটা লাল লেন্সের ফ্ল্যাশলাইটের আলো ফেললাম লাদেনের মুখমণ্ডলে। তাঁদের চোখগুলো জ্বলে উঠল; হাসি ফুটে উঠল মুখে। আমি দেখতে পেলাম, এই অভিযানের অংশ হতে পেরে তাঁরা গর্বিত বোধ করছেন। নর্থ ক্যারোলাইনায় এই অভিযানের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ শুরুর প্রথম দিন থেকে আমরা তাঁদের প্রশিক্ষণ দিয়েছি। তাঁদের ছাড়া এই অভিযান সম্ভব ছিল না।...
‘ওয়াল্ট লাদেনের দেহ তল্লাশি করে কিছুই পেল না। ও জিপারটি টেনে লাশের ব্যাগটি বন্ধ করে আবার উঠে বসল লাদেনের বুকের ওপর। আমি চোখ বন্ধ করে পেছনের কথা ভাবতে লাগলাম।’
কিছু সময় পর টম বললেন, ‘আমরা আফগানিস্তানের আকাশসীমায় ফিরে এলাম।’ তার মিনিট পনেরো পর ম্যাট দেখতে পেলেন জালালাবাদ শহরের উজ্জ্বল আলোর বলয়। আকাশযান পার্ক করে রাখার হ্যাঙারের বাইরের চত্বরে নেমে পড়ল হেলিকপ্টার। কমান্ডোদের জন্য টারম্যাকে অপেক্ষা করছে একটি সাদা হাইলাক্স পিকআপ। তাঁরা হেলিকপ্টার থেকে নামার সময় দেখতে পেলেন, একটু দূরে অপেক্ষমাণ একটি ট্রাক থেকে লাদেনের লাশ নেওয়ার জন্য এগিয়ে আসছেন সেনাবাহিনীর তিনজন রেঞ্জার। তাঁদের কাজ লাদেনের লাশ জালালাবাদ থেকে বাগরাম বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া। তাঁরা লাশটি নামিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টারের কেবিনের কাছে এগিয়ে এলে কমান্ডোরা হাত নেড়ে তাঁদের সরিয়ে দিলেন। ওয়াল্ট চিৎকার করে বললেন, ‘যাও যাও! এটা আমাদের!’ ম্যাট বলছেন, ‘একে পাওয়ার জন্যই আমরা এত পথ পাড়ি দিয়ে পাকিস্তান গিয়েছিলাম। সেখান থেকে পুরোটা পথ একে সযত্নে নিয়ে এসেছি আমরাই।...আমি লাশের ব্যাগের একটা হাত চেপে ধরলাম, হাত লাগাল অন্যরাও। লাশটি আমরা ট্রাকের ওপর তুললাম।’
কমান্ডো দল পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে আফগানিস্তানের আকাশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেতারে খবর পৌঁছে যায় আফগানযুদ্ধে মার্কিন জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ম্যাকর্যাগভেনের কাছে। তিনি ছুটে এসেছেন অপারেশন সেন্টার থেকে, ম্যাট বিসোনেট ট্রাকের ওপর থেকে দেখতে পেলেন, অ্যাডমিরাল দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন হ্যাঙারের দরজার কাছে। ট্রাকটি দরজার বাইরে এসে দাঁড়াতেই তিনি বেরিয়ে এলেন। ম্যাট লিখছেন, ‘লাশ দেখার জন্য তাঁকে বেশ উদ্গ্রীব মনে হলো। তিনি বললেন, “তাঁকে দেখা যাক।” আমি ট্রাকের পেছনের ঢাকনাটি নামিয়ে দিয়ে বললাম, “ওকে, স্যার।” আমি বডি ব্যাগের তলার দিকটা ধরে ট্রাক থেকে টেনে নামালাম। সিমেন্টের মেঝের ওপর সেটি পড়ল একটা মরা মাছের মতো। হাঁটু গেড়ে বসে আমি ব্যাগের জিপার টেনে খুললাম। মুখমণ্ডলের প্রায় সব রং মুছে গেছে। ত্বক হয়ে গেছে ফ্যাকাশে, যেন ছাই। নরম হয়ে গেছে দেহটি, জমাটবাঁধা সব রক্ত জড়ো হয়েছে ব্যাগের তলদেশে।’
লাদেনের লাশ অ্যাডমিরাল ম্যাকর্যা ভেনের চোখের সামনে উন্মুক্ত করে ম্যাট বললেন, ‘এই যে আপনার বয়।’ পাশে দাঁড়িয়ে ওপর থেকে দেখতে লাগলেন অ্যাডমিরাল। ম্যাট বিসোনেট মৃত লাদেনের দাড়িটা মুঠি করে ধরে তাঁর মুখমণ্ডলটি ডাইনে ও বাঁয়ে ঘুরিয়ে অ্যাডমিরালকে সুযোগ করে দিলেন আরও ভালো করে দেখার। অ্যাডমিরাল ম্যাকর্যা ভেন লাদেনের মুখটি আরও ভালো করে দেখার জন্য হাঁটু ভাঁজ করে নিচু হয়ে এলেন। এর মধ্যে তাঁকে ও লাশটিকে ঘিরে বেশ ভিড় জমে উঠল। অন্য কমান্ডোরা লাদেনের লাশ দেখেননি, এখন সবাই দেখতে চান। অ্যাডমিরাল ম্যাকরাভেন সৈন্যদের ভিড়ের মধ্যে লম্বা-চওড়াদের খুজতে খুঁজতে বললেন, লাদেনের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। তিনি এক সিল সদস্যকে জিগ্যেস করলেন, ‘তোমার উচ্চতা কত?’ উত্তরে সিল সদস্যটি বললেন, ছয় ফুট চার ইঞ্চি। অ্যাডমিরাল তখন তাঁকে শুয়ে পড়তে বললেন লাদেনের লাশের পাশে। সিল সদস্যটি বিভ্রান্ত, অ্যাডমিরাল ঠাট্টা শুরু করলেন নাকি! না, ঠাট্টা নয়—এটা বুঝে তিনি শুয়ে পড়লেন মৃত লাদেনের পাশে। আর অ্যাডমিরাল ম্যাকর্যা ভেনের চোখের তারা দুটি চক্কর খেয়ে যেন মেপে দেখল, লাশের উচ্চতা ঠিক আছে কি না। তারপর সৈন্যটিকে বললেন, ‘ঠিক আছে, ঠিক আছে। এখন উঠে দাঁড়াও।’
সৈন্যদের ওই ভিড়ের এক কিনারায় ম্যাট বিসোনেট দেখতে পেলেন সেই নারীকে, যিনি পাঁচ বছর ধরে ওসামা বিন লাদেনের পেছনে লেগে ছিলেন, যাঁর একমাত্র কাজ ছিল আল-কায়েদার প্রধান নেতা, আমেরিকার এক নম্বর শত্রুর গুপ্তঘাঁটির সন্ধান বের করা। অভিযান চলাকালে ম্যাট বিসোনেট লক্ষ করেছেন, সিআইএর এই নারী কর্মীটি তাঁদের যেসব তথ্য জানিয়েছিলেন, সেগুলো সব ছিল অভ্রান্ত। প্রতিটি অনুমান বাস্তবের সঙ্গে মিলে গেছে। ম্যাট তাঁর বইতে এই নারীর নাম লিখেছেন জেন।
ওখানে, লাদেনের লাশের চারপাশে সৈন্যদের ভিড়ের কিনারায় জেনকে দেখতে পেয়ে ম্যাট বিসোনেটের মনে পড়ে গেল অভিযানের কয়েক দিন আগের কথা। সেদিন জেন কথা প্রসঙ্গে ম্যাটকে বলেছিলেন, লাদেনকে পাওয়া গেলে এবং হত্যা করা সম্ভব হলে তিনি তাঁর লাশ দেখবেন না। তিনি বলেছিলেন, ‘ওটা দেখার কোনো আগ্রহ নেই আমার। মৃতদেহ দেখা আমার চাকরির দায়িত্বের অন্তর্ভুক্ত নয়।’ এখন ম্যাট টেবিলের ওপাশ থেকে জেনকে লাদেনের লাশের ব্যাগটি দেখিয়ে বললেন, ‘আমরা যদি এটা খুলে ফেলি, তাহলে কিন্তু তোমাকে লাশটা দেখতে হবে!’ জেন ম্যাটের কথার উত্তরে তখন কিছুই বলেননি। কিন্তু একটু পরে, মৃত লাদেনকে যখন হ্যাঙারের মেঝেতে রাখা হয়েছে, তখন ম্যাট দেখতে পেলেন, জেনের চোখ ফেটে দরদর করে অশ্রু নেমে যাচ্ছে। ম্যাট লিখছেন, ‘এই লোকের পেছনে ছুটতে ছুটতে জেন কাটিয়ে দিয়েছে পাঁচটি বছর। আর এখন সে ওর পায়ের কাছে পড়ে আছে...।’
ম্যাট বিসোনেট কি বোঝাতে চাইছেন, সিআইএর কর্মকর্তা জেনের চোখে অশ্রু ঝরছে যুদ্ধজয়ের আনন্দে?
একটু পরে অবশ্য ম্যাট বলছেন, জেনের মতো কর্মকর্তাদের কাজের সঙ্গে রক্তপাতের কোনো সম্পর্ক নেই। রক্ত, লাশ এসব তাঁদের কখনো দেখতে হয় না। তাই, পায়ের কাছে লাদেনের লাশ দেখে তাঁর ভীষণ খারাপ লেগেছে। কান্না হয়তো সে কারণেই। কিন্তু তারও বেশ কিছু সময় পরে, জালালাবাদ থেকে বাগরাম বিমানঘাঁটিতে যাওয়ার উদ্দেশে একটি সি-১৩০ বিমানে উঠেও ম্যাট দেখতে পেলেন, বিমানের মেঝেতে বসে দুই হাঁটু বুকের সঙ্গে চেপে ধরে ফুঁপিয়ে চলেছেন জেন। ‘কেবিনের ভেতরে লাল আলোয় আমি দেখতে পেলাম, জেনের চোখ দুটি ফুলে উঠেছে। মনে হলো, সে তাকিয়ে আছে অনেক দূরের দিকে।’ লিখছেন ম্যাট বিসোনেট, ‘আমি উঠে দাঁড়িয়ে ওর কাঁধে টোকা দিলাম। তারপর ওর কাছাকাছি হয়ে বললাম, “তুমি যা যা বলেছিলে, সব মিলে গেছে, একদম হান্ড্রেড পারসেন্ট!” জেন বিহ্বল চোখে তাকাল আমার দিকে। আমি বললাম, “সত্যি! ঠাট্টা করছি না! ওয়ান হানড্রেট পারসেন্ট মিলেছে সবকিছু।” এবার সে মাথা নাড়ল, তারপর আবার কাঁদতে শুরু করল...।’
জালালাবাদে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একজন বিশেষজ্ঞ লাদেনের মৃতদেহ থেকে (এফবিআই) ডিএনএ নমুনা সংগ্রহ করার পর সেনাবাহিনীরা রেঞ্জাররা সেটি সমাধিস্থ করার জন্য নিয়ে যান আরব সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কার্ল ভিনসনে। ম্যাট বিসোনেট (মার্ক ওয়েন) নো ইজি ডে বইতে এ পর্যন্ত বর্ণনা দিয়ে ফিরে গেছেন মার্কিন সামরিক বাহিনী, সরকার ইত্যাদি প্রসঙ্গে। লাদেনের শেষকৃত্যের বিবরণ তিনি দেননি। অবশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ৩ মে খবর বেরোয় যে, ইউএসএস কার্ল ভিনসনের ডেক থেকে লাদেনকে উত্তর আরব সাগরে সমাধিস্থ করা হয়েছে।



সূত্রঃ দৈনিক প্রথম আলো















































































































সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×