
বারবারা
ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি।
তোমার হৃদয়ের সুবাতাস
আমার গিলে-করা পাঞ্জাবীকে মিছিলে নামিয়েছিলো।
প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়
আমি তোমার ঐ একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত- কলম হোক।১
না, বারবারা বিডলারকে নিয়ে লেখা কবিতাটা আমার লেখা নয়
এতো উঁচু মানের লেখার সাথে পরিচয় নেই আমার নিরাশ্রিত আঙ্গুলের
আমার কলম নিসৃত মসিকৃষ্ণ নির্যাস কেবলই ব্যস্ত বাস্তবের আটপৌরে হিসেব মেলাতে
বারবারা বিডলারকে নিয়ে লেখা কবিতাটা পড়তে পড়তে ভিয়েতনাম দেখার সাধ জেগেছিলো মনে
কিন্তু সাধ্যের আপত্তিতে বিদেশ যাওয়া হয়নি আমার
তবে এক রাতে পূর্ণিমার চাঁদ সাক্ষী রেখে গিয়েছিলাম স্বদেশের যশোর জেলায়
একটা পথ দেখতে
যে পথ বাংলাদেশের হৃদয় ছুঁয়ে চলে গেছে পশ্চিমবঙ্গের দিকে
যশোর রোড
(যশোর থেকে নদীয়ার গঙ্গাঘাট পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এই পথ ধরে ১৯৭১ সালে সীমান্ত পাড়ি দিয়েছিল বাংলাদেশের লাখ লাখ শরণার্থী)
হ্যাঁ, একদিন আমি যশোর রোড দেখতে গিয়েছিলাম
অবাক বিস্ময়ে দেখেছিলাম কি নিরীহ একটি পথ
পীচঢালা নিশ্চুপ সরীসৃপের মতো শুয়ে থাকা এই পথটিকে দেখে কে বলবে তাঁকে নিয়ে লেখা হয়েছে একটা অমর কবিতা
এলেন গীন্সবার্গ মহান স্রষ্টা তুমি কি করে যে এমন প্রলয় ঘটাও
কি করে যে লেখো পথ নিয়ে এমন অজর কবিতা
তুমি লিখেছিলে আমার পূর্বপুরুষের কথা
তুমি লিখেছিলে মানুষের কথা
লিখেছিলে...
...কাদামাটি মাখা মানুষের দল
গাদাগাদি হয়ে আকাশটা দেখে
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে...২
...শত শত মুখ হায় একাত্তর
যশোর রোড যে কত কথা বলে
এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে...৩
এলেন গীন্সবার্গ, একাত্তর নিয়ে
আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে
শরণার্থীদের বিভীষিকাময় দুর্দশা নিয়ে তোমার প্রত্যক্ষ উপলব্ধি
তোমার জাগতিক অনুভূতি
তোমার মানবিক শব্দাবলী আবেগাপ্লুত করে মন
সমস্ত মন একীভূত করে আমি ভাবি মানুষের কথা
আমাদের পূর্বপুরুষের কথা
যারা ভয়াবহ এক যুদ্ধ অভিজ্ঞতার গর্ভে লালন করেছিলেন তাঁদের অনাগত প্রজন্মকে
আমরা ভ্রুণ হয়ে পূর্বপুরুষের রক্তাক্ত গর্ভে শুয়েছিলাম গীন্সবার্গ
অন্ধকারে শুয়ে শুয়ে শুনছিলাম তোমার বেদনার পদাবলী
শুনতে শুনতে কাঁদছিলাম অঝোরে
অশ্রুতে অশ্রুতে আরো গভীর করে তুলছিলাম অন্ধকার
কারণ আমরা জানতাম অন্ধকার যতো গভীর হয় ততোই বৃদ্ধি পায় আলোর সম্ভাবনা...
১ বারবারা বিডলারকে, আসাদ চৌধুরী
২ সেপ্টেম্বর অন যশোর রোড, এলেন গীন্সবার্গ, ভাবানুবাদ মৌসুমী ভৌমিক
৩ সেপ্টেম্বর অন যশোর রোড, এলেন গীন্সবার্গ, ভাবানুবাদ মৌসুমী ভৌমিক
চিত্রগীতি সূত্র: ইউটিউব
ছবি: সংগৃহীত


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




