ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ( গোয়েন্দা) মাসুদুর রহমান পরিবর্তন ডটকমকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। মাসুদুর রহমান আরো বলেন,"তথ্য প্রযুক্তি আইনে আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।"
অধিকারের পরিচালক নাসিরউদ্দীন এলানের ভাষ্যমতে, আদিলুর রহমান একটি প্রোগ্রাম শেষ করে গুলশানের ১১৭ নম্বর রোডের বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসা মাত্রই গোয়েন্দা পুলিশের একটি পাজেরো তার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে তারা আদিলুর রহমানকে গ্রেপ্তার করে।
অধিকারের কার্যাবলির মধ্যে রয়েছে, তথ্য প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে মানবাধিকারের বিষয়টি লক্ষ রাখা, নির্বাচন পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও মানবাধিকার ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় সাধন, জনস্বার্থে আইনি লড়াই চালিয়ে যাওয়া।
এছাড়াও এ সরকারের শুরু থেকে বিডিআর বিদ্রোহ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ও সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম ইস্যুতে সংগঠনটি সোচ্চার ছিল। সম্প্রতি অধিকার প্রতিবেদন প্রকাশ করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ চলাকালে শত শত হেফাজতকর্মী নিহত হয়।
অধিকারের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে নিহতদের তালিকা চেয়ে অধিকারকে চিঠি পাঠানো হয়। কিন্তু ভুক্তভোগীদের নিরাপত্তার কথা ভেবে অধিকার সরকারকে তালিকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

