চেনা শব্দগুলো'কে আজ খুব অচেনা মনে হয়-
ইচ্ছে করেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়,
অন্য কারোর মনে পোক্ত আসন গড়ার প্রয়াসে;
সে লিখে— আমি বিস্ময়ে তাকিয়ে থাকি,
এ যেন আমারই পরম আদুরে পোষ্য সন্তান
অন্যের ঘরে দিব্যি হাত পা ছুঁড়ে খেলা করছে;
কেন এই লুকোচুরি? কেনই বা স্বপ্ন হয়ে আসা?
আবছা মনে পড়ে—
কোন এক বিষণ্ণ বিকেলে অদ্ভুত বেগুনী রঙের
কিছু আলতো শব্দের দেখা পেয়েছিলাম;
আঠালো বায়নায় হেরে গেলাম শেষটায়,
চকচকে নতুন মলাটে বন্দী হল—
জং ধরা আঙুলের ছোঁয়ায় জরাজীর্ণ ক্যানভাস।
অভিমানী আমি- ছিনিয়ে নিতে শিখিনি
অস্পৃশ্য অধিকার যেন চুম্বকের ধাতু দিয়ে গড়া,
আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়ে ছুঁড়ে ফেলে ঘোর অমানিশায়।
চলেই যদি যাবি, যা চিরতরে—
ক্রুদ্ধ মনের প্রবল তোলপাড় অগ্রাহ্য করে
তোকে বলবো না, শেষবারের মতো একটু ছুঁই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





