নরম ওষ্ঠের ভাঁজে সেটে থাকা গোলাপী আভায়
স্ফটিক রৌদ্র নিমিষেই মলিন হয়ে যায়;
মোমের আলোয় একবার মুখোমুখি দাঁড়িয়ে,
চেয়ে দ্যাখো এই পেলবতার ছাঁচে মসৃণ ওষ্ঠ
বিষাদের পুরোটা গিলে খেয়েছে বহু আগেই;
তবুও অসীম সাহসী হবার প্রয়াসে প্রতিনিয়ত
সে কলাপাতায় মুড়িয়ে দুঃখ'কে ঢেকে রেখে,
নিখুঁত অভিনয় করে যায় নিজের সাথে।
তোমরা তাকে ভালোবাসার স্বপ্ন দেখাতে,
সপ্রতিভ হাতে নিয়ে যাও আবার লাশকাটা ঘরে।
গোটানো আস্তিনের ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখো
চকচকে মলাটে বন্দী শাদা মৃত্যুর পয়গাম;
একা সন্ধ্যার আবছা অন্ধকারে হাঁটতে গিয়ে
বুঝে নিয়েছি ওঁত পেতে থাকা নিস্তব্ধতার কথা।
এই শহরের প্রতিটা রাত'কেই সাক্ষী রেখে
নরক যন্ত্রনা অনুভব করেছি রন্ধ্রে রন্ধ্রে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




