জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে কোনও
এক সময় চপল দ্রোহে ফেলে আসি নিদাঘ মঞ্চ,
শীতল স্রোতে জেগে উঠি আপন মহিমায়;
রাস্তায় নামলেই আমি এক অন্য মানুষ,
কালশিটে ডানায়, পলকা ফাগুন
এইতো আমি- অফুরন্ত অবসর আমার,
ঘরে ফেরার এতোটুকু তাড়া নেই,
চোখেমুখে অকারণ উৎকণ্ঠা নেই,
মনের অন্তর্বাসে ব্যথিতের বোবা নিনাদ নেই
পাখির মতো শাদা শাদা পালক মেলে কেবল
উড়ে বেড়াবার দুরন্ত ইচ্ছেরা আমায় টেনে নিয়ে যায়
ধুলোমাখা পথ পেরিয়ে- প্রশান্ত এক নদীর মতো;
অজানা এক আশঙ্কা আছে, বিষাদে মোড়ানো,
তবু মেঘের আড়ালে ঠোঁট জুড়ে এক আনন্দ রেখা।
অরণ্যের মাদকতা আমায় পেয়ে বসেছে,
আজ য্যানো শহরের রাস্তায় শত কলরবের
চাতালে নেমে এসেছে নিঝুম নৈঃশব্দ্যতা,
অথচ সকালের আলো ফোটার আগেই রঙচঙে
বিলবোর্ডে ঝুলে থাকবে বিদগ্ধ জোনাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


