![]()
আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়।
একদিন সুরভী আমার দু’হাতের করতল এক করে
দেখিয়েছিলো দু’হাতের শিরোরেখা মিলে কি সুন্দর অর্ধচন্দ্র হয়,
বলেছিলো, ‘তোর বউ হবে চাঁদের মতো সুন্দর!’
সেই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায়
রমনীর ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবণ ছোঁয়া
কিশোরীর প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই।
খেলাধূলায় বরাবরই আমি কাঁচা, তবু আগ্রহ ছিলো সবচেয়ে বেশি
মায়ের শাসন এড়িয়ে ভর দুপুরেই পৌছে যেতাম খেলার মাঠে সবার আগে।
পাচিলে বসে একদিন অপেক্ষা করছি বন্ধুদের জন্য, হঠাৎ শুনি
কেউ একজন ডাকছে- ‘এই যে শুনুন’, ঘুরে তাকাতেই দেখি
বারান্দায় এক কিশোরী একটি লাল গোলাপ হাতে দাঁড়িয়ে
‘গোলাপটা কি সুন্দর না! এটা আপনার জন্য’। নাম ভুলে যাওয়া
সেই কিশোরীর গোলাপের কাঁটা আজো আমার হৃদয়ে গেঁথে আছে।
আমার এ ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোনো স্মৃতি নেই, সেই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পূণ্য ভালোবাসা!
আমার একাকী যাত্রা, জীবনের নিঃসঙ্গতা জেনে
বান্দরবনে বসবাসরত এক সময়ের সহপাঠিনী
হঠাৎ একদিন মুঠো ফোনে ফোন দিয়েছিলো-
‘বিয়ে থা কিছুইতো করলে না, কেনো বলোতো?
আমি নীরব থাকি। এ প্রশ্নের উত্তর কী আমারো জানা আছে?
'চলে এসো না আমাদের শহরে, ক’দিন ঘুরে যাও
আশেপাশেই কয়েকটা স্পট- স্বর্ণমন্দির, নীলাচল, নীলগিরি
পাহাড়ি সৌন্দর্য তোমার ভালো লাগবে।'
আমি জানি, আজো সেই পাহাড়ের সৌন্দর্য,
আজো সেই একমাত্র ভালোবাসা স্মৃতি,
আজো সেই মূহুর্তের প্রেম।
আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত
আর কোনো স্মৃতি নেই।
০১ লা আষাঢ়, ১৪২০।
সজীবীয় ভার্সন। উৎসর্গ শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণদা কে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




