(অণুগল্প)
হ্যারিকেন নিভিয়ে শুয়ে পড়ে রাধে। সারা ঘরে ছড়িয়ে পড়ছে জোৎস্নার আলো। মণি বিছানায় এপাশ ওপাশ করছে।
বেচারা! ছেলে মেয়েকে দেওয়ার পরে আর যে সামান্যই ছিল। তাতে কি পেট ভরে?
আগের দিন কেউ না কেউ পরের দিনের কাজের কথা বলে যায়। আজ যে কেউ এল না? কাজ না পেলে এতগুলো মুখে কি তুলে দেবে?
এগিয়ে এল এক বাবু - এই নে রাধে। এসব তোদের জন্য।
খাবার গন্ধে ম ম করছে সারা ঘর। মণি, মণির কোলে পাপাই, পাশে অঞ্জু। সবাই রাধের দিকে তাকিয়ে আছে। শুধু হ্যাঁ বলার অপেক্ষায়।
রাধে বলল - বাবু, কিছু একটা কাজ দিন। তারপরে খাব। না হলে আমার মনে হবে আমাকে খাইয়ে আপনি কিছু একটা অনৈতিক করাবেন। আর আপনার মনে হবে বেটারা সব জঞ্জাল শুধু খায় আর খায়।
বাবু হাসলেন। বললেন - তাহলে সমস্ত খাবারগুলো ওদিকে রান্নাঘরে রেখে আয়। একটু পরে আবার এখানে নিয়ে আয়।
রাধে একে একে খাবারগুলো নিয়ে গেল। মণি অঞ্জু বসে দেখতে লাগল হাঁ-করে। তাহলে খেতে পাবে না?
শেষ খাবারের ডেচকি রান্নাঘরে রেখে এসে দেখে রাধে দেখে বাবু নেই। রান্নাঘরে ফিরে গিয়ে দেখে খাবারও নেই। রাধে হাঁক পাড়ল - বাবু, তুমি আমাদের ভাগের খাবারগুলো সব সরিয়ে নিলে। তাই কি আমরা খেতে পাই না?
মণি ঠেলা দিল - অনেক হয়েছে। ওঠো। রোজ রোজ না খেয়ে শুলে এমন স্বপ্ন হয়। বাইরে এক বাবু দাঁড়িয়ে আছে। তোমাকে ডাকছে।
রাধে লাফিয়ে চলল ঘরের সামনে - অ্যাঁ! সকাল হয়ে গেছে। আলো তাহলে এসে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


