বগুড়ায় বিএনপি অফিসে আগুন দিয়েছে ছাত্রলীগ। এতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়া শহর। গতকাল রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেলে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগ নেতাদের ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা ও শহর বিএনপি অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের ব্যানার ছেঁড়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যার পর দফায় দফায় অভিযান চালিয়ে পুলিশ ২০ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। এরপর রাত সোয়া ৮টার দিকে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে লাঠি মিছিল বের করে। মিছিলটি শহরের নবাববাড়ী সড়ক দিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ কর্মীরা জেলা বিএনপি অফিসে হামলা চালায়।
এ সময় তারা বিএনপি অফিসের দরজায় আগুন ধরিয়ে দেয়। মিছিল চলে যাওয়ার পর পুলিশ আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার আনুমানিক ১৫ মিনিট পর মিছিলকারীরা শহরের গালাপট্টিতে অবস্থিত শহর বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তারা অফিসের আসাবাবপত্রে অগ্নিসংযোগ করে। বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শহরে আওয়ামী লীগ নেতাদের নামে টানানো ব্যানার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার ৭টার পর জেলা বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) গাজিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




