
১.
বৃষ্টি তো বৃষ্টিই
কারো কাছে তা আগন্তুক
কারো কাছে প্রিয় চেনা বন্ধু-
যার সাথে ভাগ করে নেয়া যায় কষ্টগুলো।
অমিয় ধারা!
মেঘরং আকাশ আর দামাল ছেলের ঘুড়ি
মাঝ দুপুরে রোদে পোড়া তপ্ত মরু-
বৃষ্টির চেয়ে আরাধ্য তখন আর কিছুই নয়!
রিমঝিম সুরে বৃষ্টি আসে
কিশোর মাতে উচ্ছাসে
বাড়ির উঠোনে বসে খুশির মেলা
মাঝ দুপুরে ফুল পুকুরে শাপলা শালুক তোলা
টিনের চালে রিমঝিম শব্দে
কেউবা ভাসে সুখ নিদ্রায়
কৃষকের দিন চলে যায় রোদের আশায়
আর শহুরে বৃষ্টি-
তার অতটা জৌলুস নেই
কেউ তীর্থের কাকের মত তার-
অপেক্ষায় থাকেনা...
অনাহুত এক উটকো ঝামেলা সে
মাথা উচু করে দাঁড়ানো সারি সারি অট্টালিকার মাঝে
সে যে বড্ড নিঃসঙ্গ, বেমানান।
তার দৌড় শুধু জানালার কাচ
অথবা-
ছোট্ট একচিলতে বারান্দা পর্যন্তই
এখানে বৃষ্টির পায়ে বেড়ি পড়ানো
এখানে সেখানে যেতে মানা।
বারান্দার ছোট্ট ক্যাকটাসের সাথে কথা বলে বৃষ্টি
এখানে তার অপেক্ষায় কেউ থাকেনা
শহরে তাই-
সহসা বৃষ্টি আসেনা।।
২.
এখানে তারা এসেছিল
যাদের মাঝে ছিল না আলো
কখনো হাসেনি তারা
কখনো ভালবাসেনি
একদিন অতর্কিতে হানা দিয়েছিল তারা
নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই সভ্যতা
গর্জে উঠেছিল বারুদ
তারপর, অনেক রুধিরাক্ত পথ পেরিয়ে
সে এসেছিল।
তারও অনেক পরের কথা,
আমরা সেই তাকে বলি- স্বাধীনতা।।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


