
দেশে ৭০টি খাত থেকে প্রতিবছর বিলিয়ন বা শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন দক্ষ জনবলের। সরকার দেশে দক্ষ জনবল তৈরি করতে আলাদা একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণসহ ছয়টি শিল্পকে গুরুত্ব দিয়ে ২ লাখ ৬০ হাজার অদক্ষ শ্রমিক ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পের অংশ হিসেবে জাহাজ নির্মাণ খাতের জন্য প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষে দেশের জাহাজ নির্মাণশিল্প খাতে তিন বছরে ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে যাচ্ছে সরকার। এ জন্য অর্থ মন্ত্রণালয় ২৯ কোটি ৪২ লাখ টাকা অর্থায়ন করছে। একটি চুক্তিতে জাহাজ নির্মাণশিল্পে কর্মরত নবীন শ্রমিকদের চট্টগ্রাম, ঢাকা, ফটিকছড়িসহ মোট ১০টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম বছরে দুই হাজার, দ্বিতীয় বছরে সাড়ে পাঁচ হাজার এবং তৃতীয় বছরে আড়াই হাজার শ্রমিক বিনা খরচে প্রশিক্ষণ পাবেন। সেই সঙ্গে ভাতাও থাকবে। প্রশিক্ষণ দেওয়া হবে জাহাজ নির্মাণ খাতের সঙ্গে যুক্ত ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, মেশিনারি বা যন্ত্রপাতি প্রতিস্থাপন, মেশিন টুলস অপারেশন, পাইপিং, ইলেকট্রিক্যাল ও নেভিগেশন, কোয়ালিটি কন্ট্রোলসহ ১১ ক্যাটাগরি বা শ্রেণিতে। কর্মরত শ্রমিকদের ১৫ দিনের এবং নবীন ও অদক্ষ শ্রমিকদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থার মূল্যায়নের মাধ্যমে তাঁদের সনদ দেওয়া হবে। যে সনদ পেলে একজন শ্রমিক দেশের জাহাজ নির্মাণশিল্পে ভালো বেতন-ভাতা পাবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


