--‘’তুই দেইখ্যা চালাইলি না ক্যান? অশ্রাব্য গালি
---অশ্রাব্য গালি , আমার রিকশাডা আইতাসে তুই চক্ষে দেহস না?
রিকশা চালানো বাদ দিয়ে দুই রিকশাচালকের বাগবিতণ্ডার মাঝে পড়ে যাত্রীর সময় চলে যায় অনেকখানি। বাব্বাহ, ঝগড়া তো নয়, যেন পারমাণবিক গালির ঝনঝনানি। শুনলে মনে হয়, এর চেয়ে বধির হলেও ভাল ছিল। রিকশার যাত্রী তাড়া দেন, ‘’আহ, কী শুরু করলে তোমরা? বাদ দাও তো। এদিকে দেরি হয়ে যাচ্ছে আমার।‘’
পথে বের হলে বিকশাওয়ালা,পুলিশ, হকার, ভিক্ষুক,টোকাই নানা ধরনের মানুষের মুখের গালি আপনার কান পর্যন্ত পৌঁছাবেই। বাড়ির পেছনে বস্তি বা রিকশার গ্যারেজ থাকলে তো কথাই নেই। দিনের মধ্যে কয়বার যে মহাবিপদ সংকেত নিয়ে গালির সাইক্লোন বয়ে যাবে তার হিসাব নেই। শিক্ষাবঞ্চিত, অবহেলিত, নিম্নবিত্তের অপরিচ্ছন্ন, পুষ্টিহীন, মলিন কাপড়ের এসব মানুষের মুখের বুলিই হলো অশ্লীল,অশ্রাব্য, অশিষ্ঠ সব গালি।প্রচণ্ড যৌন অবদমন ও বিকৃতির প্রকাশ এসব গালি। নারী-পুরুষের শারীরিক সম্পর্ক নিয়ে নোংরা সব ইংগিত উঠে আসে এসব গালিতে। প্রায় সব গালিতেই নিরপরাধ মা-বোনেদের অশ্লীলভাবে আক্রমণ করার সুপ্ত ইচ্ছা প্রকাশিত হয়ে থাকে। জানি না, নির্দোষ মা-বোনদের প্রতি এমন অসম্মানজনক শব্দ ব্যবহার করে তারা কী আনন্দ পান। স্বান্তনা একটাই, এগুলো শুধুই কথার কথা। বাস্তবে এসবের প্রয়োগ হলে না জানি কেমন ম্যাসাকার কাণ্ড হত।
শুধু নিম্নবিত্তের এই মানুষগুলোই নয়, শহুরে শিক্ষিত, মার্জিত, পরিপাটি, দেখতে শুনতে স্মার্ট ভদ্রলোকটির মুখেও ঐ একই গালি শুনে আপনি হঠাৎ বিব্রতবোধ করতে পারেন। উচ্চবিত্তের ইংরেজি মাধ্যমে পড়া হাল ফ্যাশনের স্টাইলিশ তরুণ-তরুণীরাও কম কিসে? নিজেদের আনন্দ, বেদনা, বিরক্তি, প্রেম ইত্যাদি নানা অনুভূতি তারা প্রকাশ করে থাকে ঐ একই গালি ব্যবহার করে, তবে নিখুঁত ইংরেজিতে। গালিগালাজের ক্ষেত্রেও তারা তাদের ঠাঁটবাট ও আভিজাত্য এতটুকুও নষ্ট হতে দেয় নি। ‘’ছিকখিৎ’’,’’দশ কেলাশের উপরে’’ পড়া এসব এসব তরুণ-তরুণীদের ‘’ইংলিশে গাইল পাড়া’’ দেখেই হয়ত মাইনক্যা চিপায় ফেঁসে যাওয়া কবি আক্ষেপ করে বলেছেন, ‘’মনে মনে কই আমি, গাইলের আর হুনছস কী? আমগো গাইল হুনলে পরে খাড়াইবো মুর্দা পীর।‘’
মৃত পীরকে জীবিত করে দেবার জন্যই হয়ত সাধারণ মানুষের নিত্যদিনের আটপৌরে জীবনের অশ্লীল গালি ব্যবহার করে এক শ্রেণীর ফেসবুক ব্যবহারকারী ও ব্লগার নিয়মিত তাদের স্ট্যাটাস আপডেট, পোস্ট ও কমেন্ট করে থাকেন। তাদের পোস্টের বিষয় হয়ত খুবই তাৎপর্যপূর্ণ ও আলোচনার দাবি রাখে। যৌক্তিক আলোচনা নয়, মুক্ত বুদ্ধির চর্চা নয়, চর্চা হয় গালির। কিন্তু শুধুমাত্র গালির বাহুল্যে পোস্টগুলোর গ্রহণযোগ্যতা, গুরুত্ব,পাঠকের আগ্রহ নষ্ট হয়ে যায়। গালাগালির তোড়ে ভাসতে ভাসতে হারিয়ে যায় পোস্টের মূল বক্তব্য। গালাগালি করেই বিশাল একটা কিছু করে ফেলার তৃপ্তি হয়ত অনুভব করেন তারা। যদিও এতে করে অশ্লীলতা ও বিদ্বেষ ছড়ানো ছাড়া তেমন বিশেষ কিছুই আর হয় না। বাক স্বাধীনতার অপব্যবহারের জলজ্যান্ত উদাহরণ এসব পোস্ট। বড়দের এভাবে বুক ফুলিয়ে প্রকাশ্যে অশ্লীল পোস্ট দিতে দেখছে ছোটরা। তাতে তারা কী শিখছে ভেবে দেখার বিষয়।
স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ থেকে শুরু করে রাস্তার মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকটি পর্যন্ত সবাই হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ঝড়ো পর্যায়ের মুখ খারাপ করে। আমাদের মহান সংসদের মাননীয় সাংসদগণই বা তাদের পবিত্র মুখ নিঃসৃত অমীয় গালি শোনা থেকে আমাদের বঞ্চিত করবেন কেন? নিকট অতীতে সংসদকে গালির চর্চাকেন্দ্রে পরিনত করে সাধারণ জনগনকে মুখ খারাপ করার জন্য মাননীয় সাংসদেরা অনেকবারই উৎসাহ যুগিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



