উইপোকা
অনেকের মতো আমারও একটি পুরনো পাড়া আছে
আছে পুরনো পাড়ায় হারিয়ে ফেলা আমার শূন্যস্থানও
শূন্যস্থান উদ্ধারের জন্য একটি সংখ্যা থাকার কথা
যা আর খুঁজে পাচ্ছি না আজ।
বৈকুন্ঠপুর যেমন সত্য মেহগনিও তাই
আমি তার ছায়ায় দাঁড়িয়ে পোস্ট কার্ড লিখি আমাকে
লিখি ঠিক সংখ্যাটি না পেলে শূন্যস্থান কীভাবে খুঁজি !
সেই চিঠি একদিন কোনো প্রাপক খুঁজে না পেয়ে
ফিরে আসে আমার কাছে; আশিবছর পর
ততদিনে চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া
চিঠিগুলো নিয়ে পালিয়ে গেছে প্রেমাস্পদরা ।
আমি আশিবছরের শূন্যস্থান ছানবিন করে কিছু পাইনি
অথচ কত কিছুই তো পাওয়ার কথা ছিল; শুধু
ধুলোবালিতে ঢাকা একটি রঙচটা টিনের বাক্স ছাড়া
তার মধ্যে ঘুমিয়ে পড়া মলিন একটি মানা ক্যাম্প ছাড়া
একটি বিবর্ণ সাদাকালো ছবির ভেতর এক তারুণ্য
মৃত ও কিছু জীবন্ত উইপোকা মাত্র ।
#রাজাসরকার
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



