কুয়াশাভেজা চাদর মোড়া সকালটায় তুমি থেকো,
আমি তোমার চোখের তারায় ভালোবাসা খুঁজবো।
টিনের চালের শিশির ফোটায় প্রেম হয়ে ঝরে পড়ো,
আমি ঠান্ডায় জবুথবু হয়ে তোমার নাম জপবো।
ঝুম বৃষ্টিতে কাকভেজা হয়ে এলে তোমার আঁচলে মাথা মুছিয়ে দিয়ো,
আমি মন্ত্রমুগ্ধের মত ভালোবাসার উষ্ণতা পোহাবো।
ঘর্মাক্ত দুপুরের সূর্যের তাপে পুড়ে যাবো যখন, তুমি থেকো,
তোমার শান্ত চাহনির শীতলতায় আমি স্নাত হব।
ঘুটঘুটে অন্ধকারে যখন আমি চারিদিক হাতড়ে মোমবাতিটা পাবনা,
তুমি মোমবাতি হাতে সামনে এসো, আমি অপলক চোখে তোমাকে দেখবো।
হেমন্তের কোন বিকেলে যখন সূর্য ডুববে তখন পাশে থেকো,
রক্তিম আলোকছটা যখন তোমার গাল বেয়ে নামবে,
আমি দেখবো আর তোমায় নিয়ে লেখা কোন কবিতার লাইন আওড়াবো।
ঘোর সংকটে আমি যখন দিশাহীন হয়ে যাব, তুমি থাকবে তো?
আমার পথে আলো হয়ে থাকার জন্য হলেও তুমি থেকো।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




