সেই অনন্তকাল আগে দেখা মুখখানি,
এখনও কি চোখে ভাসে আবছাভাবে?
নাকি অভিমানের অশ্রুতে সেটুকুও ধুয়ে যায় চোখের কোণ বেয়ে!
আজও কি মনে পড়েনা শরতের থমথমে সকাল, হঠাৎ আকাশে মেঘের আগমন,
কিংবা আসন্ন বৃষ্টির অপেক্ষায় তোমার আমার উজ্জ্বল হয়ে উঠা মুখ?
আমার আঙ্গুল কি আজো কাশফুলের ডগায় ছোঁয়ানো তোমার আঙ্গুলের স্পর্শ খোঁজেনা?
নাকি অনুভূতিশূন্য আঙ্গুল আজ জড়বস্তুর স্পর্শ পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে!
আজও কি কেবল একটা মুখের সন্ধানে,
চোখজোড়া অস্থিরভাবে ছুটোছুটি করে?
চোখেরও যে বিশ্রাম চাই!
মনেরও যে নিস্তার চাই!
আর কত সহস্র যুগ পরে তবে এ অপেক্ষার অবসান হবে, জানো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



