একদিন ভালোবাসা জমে উঠেছিল ধূ ধূ মরুপ্রান্তরে,
তৃষ্ণায় কাতর যুগলের পিপাসিত মনে।
কিংবা কোন এক ভোরে একসাথে সকাল দেখতে দেখতে,
স্পর্শের ব্যকুলতায় ভালোবাসা জমেছিল খুব গোপনে।
অন্তরে ফুটেছিল ফুল ফাল্গুনের প্রথমায়,
প্রেমিকার শাড়ির রঙে সেজেছিল বসন্ত।
ভালোবাসা এসেছিল প্রেমিকার হঠাৎ আসা ফোন হয়ে,
কোন এক দুপুরে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার বার্তা হয়ে।
ভালোবাসা ছিল প্রেমিকার পরম ভরসায়,
আলতো করে প্রেমিকের কাঁধে মাথা রাখায়।
সেইসব ভালোবাসারা এখন দিকভ্রষ্ট,
হারিয়ে গেছে কোন অনুভূতির গলিঘুপচিতে।
তাই আজ আর ভালোবাসাবাসি নেই,
যুগল মনে আজ আর তৃষ্ণা জাগেনা।
তবুও কোন এক রাতে ভালোবাসারা,
কান্নাজল হয়ে ফিরে আসে, চোখ ভিজিয়ে দিয়ে যায় প্রেমিক কিংবা প্রেমিকার।
ভালোবাসারা আজ রেহাই চায়,
তারাও যে বড় বেশি ক্লান্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



